পাইকগাছায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস, চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মৎস্য বিপণন নিশ্চিত করতে দুই দিনে পৃথক অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। অভিযানে নদী থেকে অবৈধ চরঘেরা জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিকের নেতৃত্বে শুক্রবার সকালে উপজেলার আলমতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি অবৈধ জাল জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়। বাংলাদেশ নৌ পুলিশ ও পাইকগাছা থানা-পুলিশের সদস্যরা এই অভিযানে সহযোগিতা করেন।
এর আগে গত বৃহস্পতিবার উপজেলার লক্ষ্মীখোলা এলাকায় চিংড়িতে অপদ্রব্য পুশবিরোধী আরেকটি অভিযান পরিচালিত হয়। সে সময় অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির দায়ে এক মৎস্য ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।












