পাইকগাছায় আড়াই হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ, সার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলা কৃষি অধিদপ্তর চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়ানিউজ্জামান চৌধুরী।
উপজেলা কৃষি বিভাগ জানায়, কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৫০০ জন কৃষকের মাঝে ২০ কেজি করে রাসায়নিক সার ও ৫ কেজি করে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে। এ ছাড়া ১ হাজার কৃষককে ৫টি করে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে ২ হাজার ৭০০টি নারকেল চারা ও প্রতিজনকে ৩০ কেজি করে গোবর সার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইকরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।









