পাইকগাছায় এইচএসসির ফল বিপর্যয়, পাসের হার সর্বোচ্চ ৫৭.৬৬ শতাংশ
পলাশ কর্মকার, কপিলমুনি (পাইকগাছা): খুলনার পাইকগাছা উপজেলার ১০টি কলেজে এইচএসসি পরীক্ষার ফলাফল হতাশাজনক। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, কোনো কলেজেই পাসের হার ৬০ শতাংশে পৌঁছায়নি। সর্বোচ্চ পাসের হার ৫৭ দশমিক ৬৬ শতাংশ এবং সর্বনি¤œ মাত্র ৩ দশমিক ৩৩ শতাংশ।
ফলাফলে শীর্ষে রয়েছে ফসিয়ার রহমান মহিলা ডিগ্রি কলেজ। এ কলেজ থেকে ১২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ছয়জন। পাসের হার ৫৭ দশমিক ৬৬ শতাংশ। দ্বিতীয় অবস্থানে লক্ষীখোলা কলেজিয়েট স্কুল। সেখানে ১৪৭ জনের মধ্যে পাস করেছেন ৭৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন আটজন। পাসের হার ৫৩ দশমিক ৭৪ শতাংশ।
কপিলমুনি কলেজে ৩৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৪২ জন। পাসের হার ৪১ দশমিক ২৮ শতাংশ। হরিঢালী কপিলমুনি মহিলা কলেজে ৬৭ জনের মধ্যে পাস করেছেন ২৪ জন, পাসের হার ৩৫ দশমিক ৮২ শতাংশ। আর.কে.বি.কে হরিশ্চন্দ্র কলেজিয়েট স্কুলে ৪৩৫ জনের মধ্যে পাস করেছেন ১২৮ জন। পাসের হার ২৯ দশমিক ৪৩ শতাংশ। পাইকগাছা সরকারি কলেজে ৩০৯ জনের মধ্যে পাস করেছেন ৮৯ জন, পাসের হার ২৮ দশমিক ৮০ শতাংশ।
অন্যদিকে কালিনগর কলেজে ৭৪ জনের মধ্যে ১৪ জন, চাঁদখালী কলেজে ৫৯ জনের মধ্যে আটজন এবং শহীদ আয়ুব ও মুছা মেমোরিয়াল ডিগ্রি কলেজে ২৬৬ জনের মধ্যে ৩৪ জন পাস করেছেন। এসব প্রতিষ্ঠানের পাসের হার যথাক্রমে ১৮ দশমিক ৯২, ১৩ দশমিক ৫৬ ও ১২ দশমিক ৭৮ শতাংশ। সবচেয়ে খারাপ ফল করেছে সরদার আবু হোসেন কলেজ। এ কলেজে ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র একজন। পাসের হার ৩ দশমিক ৩৩ শতাংশ।
স্থানীয়ভাবে সরদার আবু হোসেন কলেজে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদান কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। শিক্ষাবর্ষের শেষ দিকে শিক্ষার্থী সংগ্রহ করে পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করা হয় বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কয়েকটি প্রতিষ্ঠানে অর্ধেকেরও বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা, পাঠদানের মান উন্নয়ন, দুর্বল শিক্ষার্থীদের বাড়তি যতœ এবং কলেজগুলোর শিক্ষা কার্যক্রম যথাযথভাবে তদারকি করা জরুরি। পাশাপাশি ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।









