শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদন্ড

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় পুলিশি তৎপরতায় হাতেনাতে ধরা পড়েছে এক দল মাদকসেবী। উপজেলার কপিলমুনিতে মাদক সেবনের সময় ৫ জনকে আটক করার পর আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে গোপন খবরে উপজেলার কপিলমুনি ইউনিয়নের নগর শ্রীরামপুর কলেজ পাড়ায় সুভাষ চন্দ্র বিশ্বাসের ভাড়া বাড়িতে লিপু (৩০) নামের এক ভাড়াটিয়ার ঘরে একদল যুবক মাদক সেবন করছে। এমন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযানে নামে পুলিশ।

কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুরো বাড়িটি ঘেরাও করেন। প্রায় এক ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টার পর ঘরের ভেতর থেকে গাঁজা সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আটকের পর আসামিদের দ্রুত আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক অপরাধের সত্যতা প্রমাণ পাওয়ায় সবাইকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার নগর শ্রীরামপুর গ্রামের জামালের পুত্র মাহিন (২০),কাশিমনগর গ্রামের হাসান ইমামের পুত্র মর্তুজা ইমাম (৩০), শ্রীরামপুর গ্রামের মৃত মোজাম্মেল বিশ্বাসের পুত্র মো. রিয়াজুল ইসলাম (৩৬), নাসিরপুর গ্রামের শেখ শামসুল আলম পিন্টুর পুত্র শেখ তামিম ইসলাম (৩০), কপিলমুনির মোস্তাক গাজীর পুত্র আব্দুস সালাম (২৮)।

পাইকগাছা থানা পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূল করতে এই ধরনের বিশেষ ও কঠোর অভিযান আগামীতেও একইভাবে জারি থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

Ads small one

কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তালায় পার্টনার স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তালায় পার্টনার স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

‎বি. এম. জুলফিকার রায়হান, তালা: ‎কৃষি উৎপাদন বৃদ্ধি, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার তালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২৬ অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর আয়োজনে, শনিবার (২৭ জুন) সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমিতে কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মাদ ইজ্জত উল্লাহ।

‎এসময় তিনি-কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে কার্যকর সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করাসহ সরকারের কৃষিবান্ধব উদ্যোগ বাস্তবায়নে কৃষি বিভাগের পাশাপাশি কৃষকদেরও আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

‎উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল’র অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাছুম বিল্লাহ, তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন ও উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি সহকারি অধ্যাপক ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, অধ্যাপক গোলাম ফারুক, শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহিদুর রহমান, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়াদ্দার, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কৃষি অফিসার সৌরভ দেবনাথ।

অনুষ্ঠান সম্পর্কে তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন বলেন, কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প বাস্তবায়ন করছে।

 

প্রকল্পের আওতায় তালা উপজেলার কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনায় দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। শনিবার অনুষ্ঠিত কংগ্রেসে অংশগ্রহনকারী ওই কৃষকরা ৬টি স্টলে গ্যাপ ফসল প্রদর্শনী, উন্নত জাতের ধান, ভুট্টা, তৈল বীজ,
উত্তম কৃষি চর্চা প্রদর্শনী, এডব্লিউডি প্রদর্শনী, পুষ্টি কর্নার, কৃষক সেবা কেন্দ্র ও জৈব বালাইনাশক কর্নার প্রদর্শন করেন।

 

তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধি: ‎সাতক্ষীরার তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা শনিবার (২৭ জুন) সকালে উত্তরণ আইডিআরটিতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম।

‎উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য সচিব অধ্যাপক হাসেম আলী ফকির, তালা উপজেলা পানি কমিটির সভাপতি সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, কেন্দ্রীয় পানি কমিটি নেতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, এসএম আকতার ফারুক পিন্টু, মো. নুর আলম মোল্যা, মো. মোর্শারফ হাওলাদার, চিত্তরঞ্জন শীল, শেখ রুহুল কুদ্দুস, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক নন্দী দীপংকর, শেখ সাদেকুজ্জামান, জিএম আমানুল্লাহ, অচিন্ত্য সাহা, শফিকুল ইসলাম, শেখ সেলিম আকতার স্বপন, আব্দুর রউফ বাবু, জিএম শহিদুল্লাহ, রুহুল আমিন, ইয়াইয়া ইকবাল, হাজী আনছার আলী, আবুল ফজল, মফিজুর রহমান, সাংবাদিক মো. রুহুল আমীন, আনোয়ার হোসেন আকুঞ্জী, গাজী জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, মোস্তাফিজুর রহমান রেন্টু, যুব পানি কমিটির মনিরা খাতুন, উত্তরণ কর্মকর্তা হাসান আব্দুল্লাহ রাফাত, রেজোয়ান হোসেন, মোস্তাফিজুর রহমান, গোলাম হোসেন প্রমুখ।

 

সভায়- নদী ভরাট, নদী-খাল সংস্কার, টিআরএম বাস্তবায়ন এবং জলাবদ্ধতা দূরীকরণে কর্ম-পরিকল্পনা গ্রহণের উপর আলোচনা হয়।

দেবহাটায় গাঁজাসহ ১ জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
দেবহাটায় গাঁজাসহ ১ জন ও পরোয়ানাভুক্ত অপর ১ আসামি গ্রেপ্তার

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পুলিশের পৃথক অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি এবং এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (২৬ জুন) গভীর রাতে দেবহাটা থানার পিএসআই বিপ্লব মালাকার ও এএসআই (নি.) সাগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করে। রাত ১২টার দিকে উত্তর সখিপুর এলাকায় অভিযান চালিয়ে দেবহাটার উত্তর সখিপুর গ্রামের আবুল কাশেম এর ছেলে সাগর আহমেদ (২৬) কে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তার কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে পৃথক আরেকটি অভিযানে কুলিয়া এলাকার বালিয়াডাঙ্গা (আশু মার্কেট) থেকে পরোয়ানাভুক্ত আসামি আইজুল মিস্ত্রি ওরফে আজিজুল জোয়ার্দ্দার এর ছেলে মিজানুর রহমান (২৭) কে গ্রেপ্তার করে।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম বলেন, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার হওয়া দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।