পাইকগাছায় চৈত্র সংক্রান্তি ও বৈশাখী উৎসবের প্রস্তুতি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: বাঙালির প্রাণের উৎসব চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে ঘিরে খুলনা পাইকগাছায় সাজ সাজ রব পড়ে গেছে। উৎসবটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে পাইকগাছা বাজার খোলা ও গদাইপুর মাঠে তিন দিনব্যাপী মেলা ও বৈশাখী উৎসবের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার রাতে নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উৎসব উদযাপনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চৈত্র সংক্রান্তির মেলা ও বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক এবং ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার ঘোষের সভাপতিত্বে সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতারা অংশ নেন।
সভায় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষকে ঘিরে ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। পরিষদের সদস্যসচিব ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান বলেন, এবারের আয়োজনে লোকজ ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির মেলবন্ধন ঘটানো হবে। তিন দিনের এই আয়োজনে মেলা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী খেলার আয়োজন রাখার পরিকল্পনা করা হয়েছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সম্পাদক আবু সালেহ মো. ইকবাল, অ্যাডভোকেট সুকুমার দেবনাথ, নুর আলী মোড়ল, ফারুক সরদার, ইউনুস সরদার, বাবর আলী গোলদারসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও নাগরিক প্রতিনিধিরা।
বক্তারা উৎসবের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, বৈচিত্র্যময় এই আয়োজনে স্থানীয় সব শ্রেণি-পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ থাকবে।









