বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে খুলনার পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়।

সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেন, শেখ কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, মাওলানা বুলবুল আহমেদ ও আসলাম পারভেজ।

এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক আলাউদ্দিন রাজা, জিএম শুকুরুজ্জামানসহ স্থানীয় খামারিরা বক্তব্য দেন। তাঁরা প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও খামার ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়নে রোগ প্রতিরোধে টিকাদান, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং খামারিদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং খামারিরা উপস্থিত ছিলেন।

Ads small one

সাতক্ষীরা মেডিকেলে ফাইব্রোস্ক্যান বিষয়ক সায়েন্টিফিক সেমিনার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
সাতক্ষীরা মেডিকেলে ফাইব্রোস্ক্যান বিষয়ক সায়েন্টিফিক সেমিনার

পত্রদূত ডেস্ক: লিভারের জটিল রোগ নির্ণয়ে প্রচলিত বায়োপসির বিকল্প হিসেবে আধুনিক প্রযুক্তি ফাইব্রোস্ক্যান ব্যবহারের মাধ্যমে মাত্র ৫ থেকে ৮ মিনিটে ব্যথামুক্তভাবে লিভারের অবস্থা নির্ণয় করা সম্ভব। এ প্রযুক্তিতে ফ্যাটি লিভার ও লিভার সিরোসিসের অবস্থা শনাক্ত করা যায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে ফাইব্রোস্ক্যান প্রযুক্তি এবং নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে এক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

হাসপাতালের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান।

ফ্রান্সের চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান ইকোসেন্সের পরিবেশক কেএনএস কানাডা বিডির আয়োজনে এবং হাসপাতালের মেডিসিন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডা. আশফাক আহমেদ সিদ্দিকী এবং কেএনএস কানাডা বিডির বাংলাদেশ কান্ট্রি হেড ডা. তাসরিনা রহমান।

সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, ফাইব্রোস্ক্যান একটি আধুনিক ও ব্যথামুক্ত রোগ নির্ণয় পদ্ধতি। ফ্যাটি লিভার, দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি ও সি, ডায়াবেটিস, স্থূলতা এবং উচ্চ কোলেস্টেরলে আক্রান্ত ব্যক্তিদের লিভারের জটিলতা শনাক্ত করতে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে লিভারের ক্ষত ও সিরোসিসের ঝুঁকি প্রাথমিক পর্যায়ে নির্ণয়ে এটি সহায়ক।

অনুষ্ঠানে কেএনএস কানাডা বিডির অ্যাডমিন ও এইচআর ম্যানেজার আহসানুল হকসহ সাতক্ষীরা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা আশা প্রকাশ করেন, সাতক্ষীরায় ফাইব্রোস্ক্যান প্রযুক্তির সহজলভ্যতা বাড়লে লিভারের জটিল রোগ দ্রুত শনাক্ত ও চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন সুযোগ তৈরি হবে।

সাতক্ষীরায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আলোচনা সভা

পত্রদূত ডেস্ক: নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দেশব্যাপী ষড়যন্ত্রমূলক নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধের আহ্বানে সাতক্ষীরায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব।

সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইফতেখার আলী, আব্দুর রউফ, যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী, আবুল হাসান হাদিসহ জেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিগত ১৭ বছর রাজনৈতিক প্রতিকূলতা ও নানা নির্যাতনের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা দলের আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হননি। গণতন্ত্র, মানুষের অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা প্রতিষ্ঠায় তাঁরা আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।

তাঁরা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সহিংসতা, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

মাদকমুক্ত সমাজ গঠন ও পরিবেশ সুরক্ষায় শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা খুলনায় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুলনার দৌলতপুর (দিবা-নৈশ) কলেজ অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়, দৌলতপুর (দিবা-নৈশ) কলেজ ও আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, তরুণরাই আগামী দিনে সমাজ ও দেশ গঠনে নেতৃত্ব দেবে। মাদক ব্যক্তির স্বাভাবিক চিন্তাশক্তি ও পারিবারিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বর্জ্য সঠিকভাবে অপসারণ এবং ডিজিটাল আসক্তি পরিহারে তরুণদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

কলেজের উপাধ্যক্ষ মো. সদরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরাদুল ইসলাম ও সমাজসেবক শেখ অলিয়ার রহমান। সভায় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সঞ্চালনা করেন অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম। তথ্যবিবরণী