সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় ৪ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ৯২ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও ঘোনা বিওপির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল মুফতি মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৩৯ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের টাওয়ার আইসি, চার্জিং পিন ও মাউথ স্পিকার জব্দ করে। অন্যদিকে, ঘোনা বিওপির দল সীমান্ত পিলার-৭ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের সিম গার্ড ও চার্জিং পিন জব্দ করে।
দুটি অভিযানে মোট ৩ লাখ ৯২ হাজার ৬০০ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব পণ্য অবৈধভাবে আনা হচ্ছিল বলে বিজিবি জানায়।




প্রকাশ ঘোষ বিধান




