পাটকেলঘাটায় একই রাতে দুই বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরি
পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় একই রাতে দুটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে চুরির ঘটনা ঘটেছে। এতে দুই বাড়ির সদস্যদের অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার কাশিয়াডাঙ্গা ও রাঘবকাটী পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মহিদুল ইসলাম শেখের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা হানা দেয়। তারা ঘরে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে ফেলে। এরপর ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, গৃহবধূর দুটি সোনার কানের দুল, দুটি চেইন এবং দুটি হাতের চুড়ি লুট করে নিয়ে যায়।
একই রাতে পাটকেলঘাটার খলিশখালী রাঘবকাটী পালপাড়ার গৌতম পালের বাড়িতেও একই কায়দায় চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে ব্যবহার করে বাড়ির সবাইকে অচেতন করে ঘরের আলমারি ভেঙে নগদ ৩০ হাজার টাকা ও স্বর্ণের কানের দুলসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।
পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়া এবং শারীরিক অসুস্থতার কারণে পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে রাতের বেলা চেতনানাশক কোনো রাসায়নিক ব্যবহার করা হয়েছিল। এ চুরির ঘটনায় দুই পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বক্তব্য জানার জন্য পাটকেলঘাটা থানায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পুলিশের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।












