তালায় বন্ধ মাদ্রাসার নামে সরকারি বই উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা প্রতিনিধি: কাগজে-কলমে শিক্ষক ও শিক্ষার্থী দেখালেও বাস্তবে মাদ্রাসার স্থানে রয়েছে সবজি বাগান। সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা নারায়ণপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অস্তিত্ব বিলীন হয়েছে প্রায় ১৫ বছর আগে। অথচ এই ভূতুড়ে প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতি বছর সরকারি বই উত্তোলন করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে নিবন্ধিত মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে শিক্ষার্থী শূন্যতার কারণে বন্ধ রয়েছে। তবে প্রধান শিক্ষক মাওলানা আশরাফুল মোড়ল পাঠদান চালু দেখিয়ে প্রতি বছর ১ম থেকে ৫ম শ্রেণির বই উত্তোলন করছেন। সরেজমিনে মাদ্রাসার ভবনের স্থানে পেঁপে, বেগুন, ঢ্যাঁড়শ ও মরিচগাছ দেখা গেছে।
অভিযোগের বিষয়ে মাদ্রাসা প্রধান আশরাফুল ইসলাম জানান, অস্তিত্ব টিকিয়ে রাখতে তিনি প্রতি ক্লাসে সামান্য কিছু বই নিয়েছেন।
তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান জানান, চলতি বছর ওই প্রতিষ্ঠানের নামে শতাধিক সেট বই উত্তোলন করা হয়েছে। স্থানটিতে মাদ্রাসার অস্তিত্ব না থাকার খবর পেয়ে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।












