রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

পাটকেলঘাটায় জ্বালানি তেলের জন্য হাহাকার, রাতভর পাম্পে বাইকারদের ভিড়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
পাটকেলঘাটায় জ্বালানি তেলের জন্য হাহাকার, রাতভর পাম্পে বাইকারদের ভিড়

এমএম জামান মনি, পাটকেলঘাটা: সাতক্ষীরার পাটকেলঘাটায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেলের আশায় পাম্পগুলোতে রাত যত গভীর হচ্ছে, মোটরসাইকেল চালকদের সারি তত দীর্ঘ হচ্ছে। সোমবার সকাল থেকে তেল দেওয়া হবেÑএমন খবরে রবিবার রাত থেকেই খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাম্পগুলোতে ভিড় জমিয়েছেন শত শত বাইকার।
সরেজমিনে রবিবার রাতে পাটকেলঘাটা বাণিজ্যিক কেন্দ্রের মজুমদার ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, শত শত মোটরসাইকেলের দীর্ঘ সারি। তীব্র গরম উপেক্ষা করে অনেকেই পরদিন সকালের সিরিয়াল ধরতে রাত থেকেই পাম্পে অবস্থান নিয়েছেন। রোদের তাপ থেকে বাঁচতে কেউ কেউ বাড়ি থেকে ছাতাও নিয়ে এসেছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে অনেক চালক অসুস্থ হয়ে পড়ছেন বলেও খবর পাওয়া গেছে।
পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ৩ হাজার লিটার পেট্রোল বিতরণ করা হয়েছে। সোমবার সকাল আটটা থেকে পুনরায় আরও ৩ হাজার লিটার পেট্রল বিতরণ করা হবে। শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে তেল বিক্রি করা হচ্ছে। একেকজন বাইকারকে সর্বোচ্চ ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে। তবে অভিযোগ উঠেছে, ছাত্রদল নেতা মিরাজসহ কিছু রাজনৈতিক অসাধু ব্যক্তি তাঁদের পছন্দের লোকদের বেশি তেল দেওয়ার জন্য পাম্পে চাপ সৃষ্টি করছেন।
মজুমদার ফিলিং স্টেশনের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা সুষ্ঠুভাবে তেল বিতরণের চেষ্টা করছি। একই চালক দিনে দুবার আসলে তাঁকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। জরুরি সেবার সঙ্গে জড়িতদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা থাকলেও মাঝে মাঝে রাজনৈতিক চাপে তা সম্ভব হয় না।”
এদিকে শুধু পেট্রোল বা অকটেন নয়, ইরি ধান কাটার মৌসুম চলায় ডিজেলের জন্যও ভিড় করছেন কৃষকেরা। সন্ধ্যায় বাস, ট্রাক ও পিকআপের ভিড় বাড়লে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পাম্প কর্তৃপক্ষ।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা খাতুন নিয়মিত পাটকেলঘাটা ও তালার বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করছেন। তিনি জানান, তেলের এই সংকট মুহূর্তে কোনো অসাধু ব্যবসায়ী তেল মজুদ করলে বা কৃত্রিম সংকট তৈরি করলে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাটকেলঘাটা থানার ডিএসবি কর্মকর্তা মো. হাসান জানান, পাম্পগুলোতে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারি ও পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তেলের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিশেষ তদারকি অব্যাহত থাকবে।

 

Ads small one

অসুস্থ ব্যক্তির পাশে দেবহাটা উপজেলা জামায়াতের আমির

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:৫৯ অপরাহ্ণ
অসুস্থ ব্যক্তির পাশে দেবহাটা উপজেলা জামায়াতের আমির

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার গুরুতর অসুস্থ এবাদুল ইসলামের চিকিৎসার দায়িত্ব নিয়েছে স্থানীয় জামায়াত। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়ার পর তাঁর পরিবার চিকিৎসার ব্যয়ভার বহনে চরম হিমশিম খাচ্ছিল।

 

বিষয়টি জানতে পেরে দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম ব্যক্তিগত উদ্যোগে তাঁর খোঁজখবর নিতে যান এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

 

এবাদুল ইসলামকে দেখতে যাওয়ার সময় আরও উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির সোহরাব হোসেন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মোজাহিদুল আলম, ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী আমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

উপকূলের জ্বালানি বৈষম্য দূর করতে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
উপকূলের জ্বালানি বৈষম্য দূর করতে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর

নিজস্ব প্রতিনিধি: আমদানি-নির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমানো, উপকূলীয় অঞ্চলের জ্বালানি বৈষম্য দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একটি ন্যায্য ও জনগণকেন্দ্রিক জ্বালানি রূপান্তরের দাবিতে সাতক্ষীরায় নীতি সংলাপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

২৪ মে (রবিবার) সকাল ১১টায় সাতক্ষীরার এল্লারচরস্থ চিংড়ি চাষ প্রদর্শনী খামার মিলনায়তনে ‘স্থানীয় টেকসই উন্নয়ন প্রতিবন্ধকতা ও সম্ভাবনা: আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়। জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), একশনএইড বাংলাদেশ এবং স্থানীয় নাগরিক সমাজ যৌথভাবে এই আলোচনার আয়োজন করে। স্থানীয় সহযোগী হিসেবে ছিল সুন্দরবন ফাউন্ডেশন, স্বদেশ, বিন্দু নারী উন্নয়ন সংঘ, কবি জসিমউদ্দীন নারী উন্নয়ন সংস্থা, লিডার্স এবং সমাজ উন্নয়ন ফাউন্ডেশন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের সংসদ সদস্য ইজ্জতউল্লাহ। অনুষ্ঠান চলাকালীন একশনএইড বাংলাদেশ ও জেটনেট-বিডি’র পক্ষ থেকে পরিবেশবান্ধব জ্বালানির প্রতীক হিসেবে সংসদ সদস্যের হাতে একটি ‘সোলার প্ল্যান্ট প্রজেক্ট মডেল’ উপহার তুলে দেওয়া হয়।

 

আয়োজকরা জানান, ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী নির্বাচনী প্রার্থীদের কাছে “জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর নাগরিক ইশতেহার” উপস্থাপন করা হয়েছিল। সেই প্রচারণার ধারাবাহিকতায় নির্বাচন-পরবর্তী সময়ে জনপ্রতিনিধি ও অংশীজনদের সাথে নীতি সংলাপ জোরদার করতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে স্থানীয় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ, নবায়নযোগ্য জ্বালানির (সোলার, বায়োগ্যাস ইত্যাদি) সম্ভাবনা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংলাপে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা পৌর ৭নম্বর ওয়ার্ডের মেয়র প্রার্থী জাহিদুল ইসলাম বকুল, মহিলা বিষয়ক অধিদপ্তরের কেন্দ্রীয় পরিচালক নাজমুন নাহার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) হারুন বিন হানিফ, পিএএবি-এর হামিদুল ইসলাম, পিডিবি-এর নির্বাহী প্রকৌশলী শোয়েব হোসেন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাশ।

 

এছাড়া সাতক্ষীরা উপজেলা চেয়ারম্যান ও প্রান্তিক যুব সংঘের সভাপতি হৃদয় মন্ডল, যুব নেত্রী পলি সরকার, উন্নয়ন কর্মী আজিজুর রহমানসহ যুব সংঘের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

শিশু রামিসা হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
শিশু রামিসা হত্যা ও ধর্ষণের বিচার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

সংবাদদাতা: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা এবং চট্টগ্রামে তিন বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে (রবিবার) বেলা ৩টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিকা) এই কর্মসূচির আয়োজন করে। ‘কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী– সিআরইএ’ প্রকল্পের আওতায় এবং লিডার্স, মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অব সুইডেনের সহযোগিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ধর্ষণ, নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি সংবলিত ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক শিশু ধর্ষণ ও নারী সহিংসতার ঘটনা সমাজকে গভীরভাবে নাড়া দিচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, যার ফলে অপরাধপ্রবণতা আরও বাড়ছে। শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।

 

পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সমাবেশ থেকে শিশু রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি দেশজুড়ে নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।