পাটকেলঘাটায় দুর্গাপূজা উপলক্ষে শাড়ি বিতরণ করলেন সংসদ সদস্য ইজ্জত উল্লাহ
পাটকেলঘাটা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাটকেলঘাটায় সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় পাটকেলঘাটা দারুল ইসলাম ট্রাস্ট মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে প্রাপ্ত শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “আপনারা সৎ লোকদের ভোট দিয়ে নির্বাচিত করবেন, তাহলে আপনাদের অধিকার আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সরকার থেকে যা বরাদ্দ পাই, তা আপনাদের কাছে পৌঁছে দিই। এক কানাকড়িও নিজের কাছে রাখি না।”
তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সহকারী অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কবিরুল ইসলাম, সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম, ইউপি সদস্য হাফেজ আব্দুল হামিদ প্রমুখ।









