মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

পাটকেলঘাটায় পুলিশ কর্মকর্তা আজিজুল ইসলামের দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
পাটকেলঘাটায় পুলিশ কর্মকর্তা আজিজুল ইসলামের দাফন সম্পন্ন

এমএম জামান মনি, পাটকেলঘাটা: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা পুলিশ পরিদর্শক মো. আজিজুল ইসলামের লাশ ঢাকা ও চট্টগ্রাম ঘুরে অবশেষে সাতক্ষীরার পাটকেলঘাটার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। রোববার দুপুর দুইটায় সরুলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

মো. আজিজুল ইসলাম পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের আনোয়ার সরদারের ছেলে। তিনি সর্বশেষ চট্টগ্রামের লোহাগড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। গত ২৮ জুলাই তাঁর সরকারি বাসভবনে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মোবাইল ফোনে যোগাযোগ করতে না পেরে লোহাগড়া থানা পুলিশ তাঁর কোয়ার্টারে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, আজিজুল ইসলামের প্রথম স্ত্রী তাহেরা বেগম ১২ বছর আগে মারা যান, যাঁর ঘরে দুটি পুত্রসন্তান রয়েছে। পরে তিনি রোজিনা নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন এবং তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। আজিজুলের মৃত্যুর পর পেনশন ও চাকুরিকালীন আর্থিক সুবিধা পাওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে এক ধরনের জটিলতা তৈরি হয়। দ্বিতীয় স্ত্রী লাশ প্রথমে চট্টগ্রামে নিয়ে গেলেও পরবর্তীতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় লাশ পাটকেলঘাটার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সরকারি বিধি অনুযায়ী দুই স্ত্রীর সন্তানেরাই আইনি প্রক্রিয়ায় আর্থিক সুবিধা পাবেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

 

 

 

Ads small one

তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

তালা প্রতিনিধি: তালা উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পাটকেলঘাটা ও তালা উপজেলার পৃথক এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানাধীন শাকদা সেতুসংলগ্ন মহাসড়কে সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি শাকদা গ্রামের মৃত কৃষ্ণপদ দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনন্দ দাস শাকদা সেতুসংলগ্ন মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১২-৪৪৬২) তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন।
এদিকে তালা উপজেলার খুলনা-পাইকগাছা সড়কের জাতপুর এলাকায় পৃথক দুর্ঘটনায় পারুল দাস (৭৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি খুলনার ডুমুরিয়া থানার আরশনগর গ্রামের হরিদাসের স্ত্রী।
স্থানীয়েরা জানান, সকালে জাতপুর এলাকায় সড়কের পাশে পারুল দাসের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়েরা মরদেহ উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কার সিদ্দিকী জানান, সকালে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমানও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:২৫ অপরাহ্ণ
রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান। মঙ্গলবার দুপুরে এ সাক্ষাৎ হয় বলে বঙ্গভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। তারা নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতাও কামনা করেন তারা। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রপতি দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিন বাহিনীর প্রধানকে আশ্বস্ত করেন।

শুক্রবার সন্ধ্যায় শপথ নিয়ে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সরকারমন্ত্রী এবং ক্ষমতাসীন দল বিএনপির মহাসচিবের পদ ছেড়ে রাষ্ট্রপ্রধান হয়েছেন এই জ্যেষ্ঠ রাজনীতিক।

 

 

 

প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ

চলমান যুদ্ধের মধ্যে এই প্রথম প্রকাশ্যে শোনা গেলো ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কণ্ঠ। ইরানি গণমাধ্যমে প্রকাশিত একটি বিরল ও তারিখহীন ভিডিওতে ৫৬ বছর বয়সী এই নেতাকে একটি ধর্মীয় অ্যাকাডেমিক সেশনে সভাপতিত্ব করতে এবং এক শিক্ষার্থীর গবেষণাপত্র মূল্যায়ন করতে দেখা গেছে।

 

ভিডিওতে মোজতবা খামেনি ইরানি শাসনব্যবস্থার ইসলামি নিরাপত্তা মডেল নিয়ে আলোচনা করেন এবং ওই শিক্ষার্থীকে ২০-এর মধ্যে ১৯.৫ নম্বর দিয়ে তার গবেষণাপত্রকে ‘ত্রুটিহীন’ হিসেবে বর্ণনা করেন। তবে ভিডিওটি কবে ধারণ করা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

২৮ ফেব্রুয়ারি চলমান সংঘাতের প্রথম দিনে হামলায় তার বাবা নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর থেকে জনসমক্ষে তার সীমিত উপস্থিতির কারণে তিনি হামলায় গুরুতর আহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

হামলায় তিনি গুরুতর আহত হন বলে খবর প্রকাশের পর তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তীব্র হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এপ্রিলে সূত্রের বরাতে জানায়, তিনি মুখের আকৃতি পরিবর্তন এবং পায়ের গুরুতর ট্রমা থেকে সেরে উঠছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এর আগে বলেছিলেন যে তিনি ‘আহত এবং সম্ভবত বিকৃত চেহারার’ শিকার হয়েছেন। যদিও ইরানি কর্মকর্তারা দাবি করেছেন, আঘাত পেলেও তা তার নেতৃত্ব প্রদানে বাধা তৈরি করেনি।

রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছিল, শারীরিক অবস্থা যাই হোক না কেন, মোজতবা মানসিকভাবে সজাগ রয়েছেন এবং অডিও কনফারেন্সের মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছেন। এমনকি যুদ্ধ ও ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা আলোচনার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তিনি সক্রিয় রয়েছেন।

নতুন প্রকাশিত ভিডিওটি কবে রেকর্ড করা হয়েছে বা বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে তার স্বাস্থ্য ও নেতৃত্ব ঘিরে থাকা অনিশ্চয়তার মধ্যে এটি ইরানি সর্বোচ্চ নেতার একটি বিরল প্রকাশ্য উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে। এই ভিডিও এমন এক সময়ে প্রকাশিত হলো যখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে, হরমুজ প্রণালি ও অন্যান্য ইস্যু নিয়ে সম্পর্কের জটিলতার মাঝেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।