পাটকেলঘাটায় পুলিশ কর্মকর্তা আজিজুল ইসলামের দাফন সম্পন্ন
এমএম জামান মনি, পাটকেলঘাটা: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা পুলিশ পরিদর্শক মো. আজিজুল ইসলামের লাশ ঢাকা ও চট্টগ্রাম ঘুরে অবশেষে সাতক্ষীরার পাটকেলঘাটার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। রোববার দুপুর দুইটায় সরুলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।
মো. আজিজুল ইসলাম পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের আনোয়ার সরদারের ছেলে। তিনি সর্বশেষ চট্টগ্রামের লোহাগড়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। গত ২৮ জুলাই তাঁর সরকারি বাসভবনে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মোবাইল ফোনে যোগাযোগ করতে না পেরে লোহাগড়া থানা পুলিশ তাঁর কোয়ার্টারে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, আজিজুল ইসলামের প্রথম স্ত্রী তাহেরা বেগম ১২ বছর আগে মারা যান, যাঁর ঘরে দুটি পুত্রসন্তান রয়েছে। পরে তিনি রোজিনা নামের এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন এবং তাঁদের সংসারে একটি সন্তান রয়েছে। আজিজুলের মৃত্যুর পর পেনশন ও চাকুরিকালীন আর্থিক সুবিধা পাওয়া নিয়ে দুই পরিবারের মধ্যে এক ধরনের জটিলতা তৈরি হয়। দ্বিতীয় স্ত্রী লাশ প্রথমে চট্টগ্রামে নিয়ে গেলেও পরবর্তীতে পুলিশ প্রশাসনের সহযোগিতায় লাশ পাটকেলঘাটার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সরকারি বিধি অনুযায়ী দুই স্ত্রীর সন্তানেরাই আইনি প্রক্রিয়ায় আর্থিক সুবিধা পাবেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।






