সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবন্ধ: গোলাম মুরশিদের উজানস্রােতে বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
প্রবন্ধ: গোলাম মুরশিদের উজানস্রােতে বাংলাদেশ

গোলাম কিবরিয়া পিনু
গত ২২শে আগস্ট ২০২৪ লন্ডনের কুইন্স হাসপাতালে ড. গোলাম মুিিরশদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৩৯ সালের ৮ই এপ্রিল বরিশাল জেলার ধামুরা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছেন, বাংলা ভাষার অভিধান প্রণয়ন করেছেন, রবীন্দ্রনাথ, নজরুল, মধুসূদন ও বিদ্যাসাগর সম্পর্কে ভিন্ন দৃষ্টিভঙ্গি ও পর্যবেক্ষণে উল্লেখযোগ্য গ্রন্থ রচনা করেছেন। মুক্তিযুদ্ধ ও রাজনীতি বিষয়ে বেশ কয়েকটি বই লিখেছিলেন গোলাম মুরশিদ। গোলাম মুরশিদের বেশি প্রচারিত বইটির নাম ‘হাজার বছরের বাঙালি সংস্কৃতি।’ এটি আসলে গত এক হাজার বছরের বাংলাদেশের সামগ্রিক ইতিহাস।
গোলাম মুরশিদের লেখার সাথে পাঠক হিসেবে বহু আগে থেকে আমার একান্ত পরিচয় রয়েছে, আমি যখন বিশ্বদ্যিালয়ের ছাত্র তখন থেকে, তাও হয়ে গেছে-তিন দশকের বেশি। একজন বিশিষ্ট লেখক হিসেবে, চিন্তক হিসেবে, গবেষক হিসেবে, সমাজ ও সময়ের অনন্য পর্যবেক্ষক হিসেবে তাঁর লেখার একজন অংশিদার হয়ে তিনি এখনো আমার অন্তর্গত। তাই তিনি অনির্বাপিত।
তাঁর প্রায় সকল প্রকাশিত গ্রন্থ পড়েছি, শুধু পড়িনি-নিজের কিঞ্চিৎ গবেষণার কাজের ক্ষেত্রেও তাঁর লেখার কাছে ঋণী হয়ে আছি, তাঁর অসামান্য যুক্তিবাদী বিবেচনাবোধের বিভিন্ন দিগন্ত নিয়ে নিজের বিবেচনাকে করেছি কখনো কখনো শানিত। তাঁর লেখার অন্তরস্থিত অভিব্যঞ্জনা নিয়ে আমিও অনেক পাঠকের মত পরিব্যাপ্ত হয়েছি।
২
গোলাম মুরশিদের লেখা ‘উজান স্রোতে বাংলাদেশ’ বইটির কথা আজ শুধু উল্লেখ করি। এই বইয়ের বিভিন্ন প্রবন্ধ পড়তে পড়তে মনে হয়েছে-তিনি তো একজন নিছক লেখক নন, তাঁর একটি লেখক-সত্তা আছে, যাঁর উৎসভূমির সাথে যুক্ত হয়ে আছে-আধুনিক দৃষ্টিভঙ্গি নির্ভর একজন মানুষ, অগ্রসরমান গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন একজন নাগরিক, গভীর পর্যবেক্ষণ নিয়ে দেশ ও পৃথিবীর বিভিন্ন ঘটনার একজন বিশ্লেষক, মানবিকতার অতলস্পর্শী অসাম্প্রদায়িক ও যুক্তিবাদী একজন মানুষ।
‘উজান স্রোতে বাংলাদেশ’ বইটি প্রকাশিত হয়েছে-২০০৩ সালে, ঢাকার মাওলা ব্রাদার্স থেকে। বইটিতে রয়েছে-সাতটি প্রবন্ধ। প্রবন্ধগুলোর শিরোনাম-‘বাঙালিত্ব’, ‘স্বরুপের সংকট, না নব্য-সাম্প্রদায়িকতা’, ‘উজান স্রােতে বাংলাদেশ’, ‘ব্যক্তিপূজা বনাম গণতন্ত্র’,‘আদর্শবাদ ও মানুষের সংকট’ ‘জানার অধিকার ও সৎ সাংবাদিকতা’ ও ‘মহিলারা ইদানিং’। বইটির পৃষ্ঠা সংখ্যা ২৩৫, বইয়ের শুরুতে এক পৃষ্ঠায় লেখক গোলাম মুরশিদ ‘সূচনা’ বক্তব্যে বলেছেন-‘‘মুক্তিযুদ্ধে কিছু ত্যাগ স্বীকার করেনি, এমন লোক খুঁজে পাওয়া সহজ নয়, রাজাকার ছাড়া। আমিও মূল্য দিয়েছি বই কি, যদিও মুক্তিযোদ্ধাদের মত নয়, যে মা-বোনেরা ইজ্জত দিয়েছিলেন, তাঁদের মতোও নয়। স্বাধীনতার লাল সূর্য উঠতে দেখে সাত কোটি লোকের মতো আমারও মনে অনেক স্বপ্ন বাসা বেঁধেছিলো। ভেবেছিলাম, যার জন্যে লাখ-লাখ লোক প্রাণ দিলেন, লাখ-লাখ মা-বোন ধর্ষিতা হলেন, এবারে সেসব পাবে সাধারণ লোকেরা। বাঙালি সংস্কৃতির ভিত্তিভূমির ওপর গড়ে উঠবে নতুন দেশ। দুধে-ভাতে না হোক, দু বেলা দু মুঠো খেয়ে বেঁচে থাকবে মানুষ। কথা বলার স্বাধীনতা থাকবে। নিজের ভাবনা প্রকাশ করার স্বাধীনতা থাকবে। ধর্মীয় হানাহানির ঊর্ধ্বে উঠে মুসলমান-অমুসলমান ভালো প্রতিবেশীর মতো, বন্ধুর মতো বাস করবে। এই প্রত্যাশাই তো স্বাভাবিক। কিন্তু এত ত্যাগের বিনিময়ে যে-দেশ স্বাধীন হয়েছিলো, অচিরেই সেই দেশকে যেতে দেখেছিলাম উল্টো পথে। তাই ব্যথিত না-হয়ে পারিনি। ব্যথিত হয়েছি, সেই সঙ্গে আলোর কোনো চিহ্ন না-দেখে হতাশ হয়েছি। সেই গভীর ব্যথা এবং এবং নিরঙ্কুশ হতাশা এই বই লেখার প্রেরণা জুগিয়েছে।’’
লেখকের উল্লিখিত সূচনা-বক্তব্য থেকে দেশের প্রতি তাঁর অন্তর্গত অঙ্গীকার ও অন্তরস্থিত স্বপ্নের অভিব্যঞ্জনা খুঁজে পাই, এরই কণ্ঠলগ্ন হয়ে যেন এই গ্রন্থের প্রবন্ধগুলো লেখা হয়েছে। এটাও মনে হয়েছে–লেখক তো অরণ্যজীবী বা দূরালোকের কোনো বাসিন্দা নন। সে-কারণে পাঠক হিসেবে অকপটে তাঁর লেখার অংশীদার হয়ে উঠতে পারি।
৩
বইয়ের প্রথম প্রবন্ধটি ‘বাঙালিত্ব’, এই প্রবন্ধে লেখক প্রথমে ‘বঙ্গদেশ’ ও ‘বাংলাভাষা’র ধারণা কীভাবে গড়ে উঠেছে, সে-বিষয়ে আলোচনা করেছেন। এর পর বাংলাভাষার বৈশিষ্ট্য কীভাবে স্তর থেকে স্তরে পরিব্যাপ্ত হয়, সেই যুক্তি ও উপাত্ত লেখক তুলে ধরেছেন। তিনি লিখেছেন–‘‘বাংলাভাষার বৈশিষ্ট্য আরও স্পষ্ট হয়ে ওঠে চতুর্দশ-পঞ্চদশ শতকে। তখনকার বাংলাভাষার যে-নমুনা শ্রীকৃষ্ণকীর্তন-এ পাওয়া যায়, তা বিশ্লেষণ করলেও এটা বোঝা যায়। তার মানে যখন গৌড়, বঙ্গ, বরেন্দ্র ইত্যাদি একত্রিত হয়ে বৃহত্তর বাঙ্গালাহ জন্ম নেয়, তার সমকালে এই অঞ্চলের ভাষাও সত্যিকার বাংলা হয়ে ওঠে, যদিও নিচের আলোচনা থেকে দেখা যাবে যে, তখনও এ ভাষার নাম বাংলা হয়নি। বাংলা অক্ষরও সত্যিকার বাংলা চেহারা পেতে আরম্ভ করে কমবেশি এ সময়ে। তবে কোনো কোনো প-িতের মতে, বাংলা অক্ষরের বয়স তার চেয়ে বেশি।’’
১৮০১ সাল থেকে ফোর্ট উইলিয়াম কলেজের নেতৃত্বে যখন থেকে বাংলা বই লেখার কাজ শুরু হয় অথবা শ্রীরামপুর প্রেস থেকে বাংলা বই প্রকাশিত হতে থাকে, তখন থেকে ‘বাঙ্গালা’ শব্দটি প্রামাণ্য শব্দ হিশেবে দাঁড়িয়ে যায় বলে লেখক উল্লেখ করেন।
১৭৫৭ সালে বাংলায় যে ইংরেজ শাসন শুরু হয়, তার ফলে শুধু ব্যবসা-বাণিজ্য নয়, রাজকার্যেও ইংরেজদের সাথে বাঙালিদের যোগাযোগ বেড়ে যায়, বিশেষত কলকাতাকেন্দ্রিক উচ্চবর্ণের হিন্দুদের-সেই প্রেক্ষাপট তুলে ধরে লেখক কৌতুলহলোদ্দীপক এক অধ্যায় তুলে ধরে সুলুকসন্ধান করেন এভাবে–‘‘উনিশ শতকে কলকাতা এবং পশ্চিমবঙ্গের শহরবাবাসী সাধারণ লোকেরা যে-অর্থে এই শব্দ ব্যবহার করতে আরম্ভ করেন, তা হলো : বাংলাভাষী শিক্ষিত হিন্দু, মুসলমান নয়। এর কারণ, শহরে তখন খুব কম মুসলমানই বাস করতেন এবং যাঁরা বাস করতেন এবং যাঁরা করতেন তাঁরা বেশির ভাগই বাংলায় কথা বলতেন না। সুতরাং বাংলাভাষী লোক হিশেবে শহরবাসী শিক্ষিত হিন্দুরা যাঁদের দেখতেন, তাঁরা সবাই হিন্দু, মুসলমান নন । সেই থেকেই বাঙালি ও মুসলমান প্রতিতুলনা হিসেবে দাঁড়িয়ে যায়। বিশ শতকের গোড়ার দিকে শরৎচন্দ্রের লেখাতেও ‘বাঙালি’ আর ‘মুসলমান’-প্রতিশব্দ হিশেবে দেখতে পাই।’’
লেখক মুক্তিযুদ্ধের সময় ও তার পরবর্তীতে কলকাতায় তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার উদাহরণ টেনে নিয়ে বাঙালি বলতে হিন্দু সম্প্রদায়ের লোককে বোঝানো হতো বলে বর্ণনা করেছেন। প্রবন্ধের পরবর্তীতে ‘বাঙ্গাল’ শব্দের অভিধা কী ছিল, তাও লিখেছেন। ১৯৪৭ সালের দেশবিভাগের পর বাঙালি নামের প্রায় একচেটিয়া মালিক হন পশ্চিমবঙ্গের লোকেরা, এমন অভিমত তিনি ব্যক্ত করেন। অনেক লেখক বাঙালি বলতে হিন্দু সম্প্রদায়ের লোকদের শুধু চিহ্নিত করলেও অন্নদাশঙ্কর, শিবনারায়ণ বায়, সুনীল গাঙ্গুলি, শ্যামল গাঙ্গুলিসহ অনেকে ব্যতিক্রম ছিলেন বলে গোলাম মুরশিদ অভিমত ব্যক্ত করেছেন। অসাম্প্রদায়িক ও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির লেখকদের মধ্যে ‘বাঙালি’ বিষয়ে ভিন্ন ভিন্ন অভিব্যক্তির পরিচয় লক্ষ করা যায়।
মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা এক ধরনের বাস্তবিকতা তৈরি করেছে-বিভিন্ন দিক থেকেই, যার ফলে ‘বাঙালি’ অভিধাও সেই বাস্তবিকতার ভিত্তিমূলে হয়েছে আরও সংহত। লেখক উল্লেখ করেছেন-‘‘রাজনৈতিক এবং স্থানিক দিক থেকে বাংলাদেশের অধিবাসীদের বাঙালি পরিচয় আরও জোরদার হয় ১৯৭২ সালে- শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের নাগরিকদের বাঙালি নামে আখ্যায়িত করা হয়েছে। কেবল জোরদার নয়, এই সংবিধানের সংজ্ঞা অনুযায়ী এ শব্দের অভিধাও আরেকবার বদলে যায়।’’
‘বাঙালি’ শব্দের অর্থ রাজনৈতিক ও ভৌগলিক কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অর্থে ব্যঞ্জনা লাভ করতে দেখা যায়। সামাজিক চৈতন্য স্থির ও একরৈখিক থাকে না বলে আমরা জানি, সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক অভিঘাতে তা পরিবর্তনের মুখে শুধু পড়ে না, তার অবয়রও সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, ‘বাঙালি’ অভিধার ক্ষেত্রে তা হয়েছে বলে এই লেখকের লেখায় আমরা তা আবিষ্কার করতে পারি।
৪
দ্বিতীয় প্রবন্ধ ‘স্বরূপের সংকট, না নব্য-সাম্প্রদায়িকতা’, এই প্রবন্ধে লেখক তাঁর দৃষ্টিভঙ্গি, পর্যবেক্ষণ ও সংবেদন দিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা ও সামাজিক অভিঘাত শুধু বিশ্লেষণ করেননি, অবলোকনের মধ্যে দিয়ে তাঁর মতামত তুলে ধরেছেন। পাঠক হিসেবে তাঁর সকল মতামতের সাথে একমত না হয়েও তাঁর লেখায় আমরা যে বাস্তবিকতা খুঁজে পাই, তা তো আমাদেরই দেশসংলগ্ন-জনসংলগ্ন দৃশ্যপট ও স্বদেশের মুখ।
তিনি প্রশ্ন তুলেছেন, আমরা সাম্প্রদায়িক পরিচয়ে পরিচিত হবো নাকি ভাষা দিয়ে পরিচিত হবো। কয়েক দশক ধরে এমন ছিন্ন-ভিন্ন বিবেচনাবোধ কখনো কখনো ‘বাঙালি’ ও ‘বাংলাদেশী’ বিভাজন তৈরি করে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ সংরক্ষণে ক্ষমতাশালীরা নিমগ্ন থেকেছেন। ধর্মনিরপেক্ষতা থেকে ধর্মীয় পরিচয়ে বাংলাদেশের নাগরিকদের পরিচয়কে মুখ্য করে তোলার খ-িত প্রয়াসও চলেছে। তার ধারাবাহিক ইতিহাসলগ্ন ঘটনা ও বিবরণ লেখক বিশ্বস্তার সাথে তুলে ধরেছেন।
গোলাম মুরশিদ তাঁর এই প্রবন্ধে বলেছেন-‘‘শেখ মুজিবুর রহমান কেবল জাতির জনক ছিলেন না, নেতা হিসেবে তিনি ছিলেন অসাধারণ প্রভাবশালী এবং জনপ্রিয়। তিনি ছিলেন একমাত্র নেতা যিনি যুদ্ধবিধ¦স্ত দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে পারতেন। কিন্তু প্রশাসক হিসেবে তাঁর সেই ব্যর্থতা সব আশাকে ধুলিসাৎ করে। তদুপরি, যে বিরাট নেতা গণতন্ত্রের জন্যে নিজে জেল খেটেছিলেন এবং অপরিসীম ত্যাগ স্বীকার করেছিলেন, সেই নেতাই যখন একদলীয় শাসন পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে গণতন্ত্রের কণ্ঠরোধ করলেন, তখন তিনি জনগণ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়লেন। তবু তিনি যতদিন জীবিত ছিলেন, ততদিন অন্তত সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষতা তত্ত্ব বজায় ছিল। আইনত আমাদের পরিচয় ছিল আমরা ‘বাঙালি’। কিন্তু তিনি যখন ফৌজি বাহিনীর বিদ্রোহী কিছু কর্মকর্তার হাতে নিহত হন, তখন ধর্মনিরপেক্ষতা থেকে ধর্মীয় পরিচয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হয়।’’
এই প্রবন্ধের মূল বিষয় হিশেবে সাম্প্রদায়িকার ভেদবুদ্ধি কীভাবে বঙ্গবন্ধু হত্যাকা-ের পর জোরালো হচ্ছেছিল, তা গভীর পর্যবেক্ষণে তুলে ধরা হয়েছে।
৫
‘উজান স্রােতে বাংলাদেশ’ বিষয়ক এই প্রবন্ধের মূল বিষয় হিন্দু-মুসলমানের সম্পর্ক, তাদের মধ্যে টানাপোড়েন ও সংঘাত। আগের আগের প্রবন্ধের মত আওয়ামী লীগ ও মুজিবের ভূমিকা, এরশাদ, জিয়া ও বিএনপির শাসনামলের কথা পাঠকের ইন্দ্রিয়গোচরে লেখক এনেছেন।

শতাব্দীর পর শতাব্দী পাশাপাশি বাস করলেও নিজেদের মধ্যে ঘৃণার বাস্তবতা ছিল, এখনো রয়েছে–তারই ফলে হিন্দু-মুসলমানের বিরোধ কখনো কখনো দাঙ্গা হিসেবেও দেখা দিয়েছে। এর বিভিন্ন উদাহরণ, কারণ ও রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, ধর্মকে ক্ষমতা পাকা করার হাতিয়ার হিসেবে তা ব্যবহারের দিকগুলো লেখক তুলে ধরেছেন।
৬
‘ব্যক্তিপূজা বনাম গণতন্দ্র’ নামের এই প্রবন্ধটিতে ব্যক্তিপূজা কেন দুর্বল না হয়ে এই সময়েও লোপ না পেয়ে জোরালো হয়েছে, তার ব্যাখ্যা যুক্তিযুক্তভাবে দেওয়ার চেষ্টা করেছেন, তার এই অনুচিন্তা থেকে পাঠক হিশেবে আমরাও চিন্তার খোরাক পেয়ে যাই, আমাদেরও চৈতন্যেদয় হয়, এ-প্রসঙ্গে তিনি বলেছেন–‘‘রেনেসাঁর সূচনা থেকে যখন ব্যক্তিস্বাতন্ত্র্য জোরদার হতে থাকে, তখন এর প্রভাব অনেকটা কমে যায়। ব্যক্তিপূজা আরো দুর্বল হয়ে যায় উদারনৈতিকতা, যুক্তিবাদ, এবং গণতন্ত্রের বিকাশের ফলে। আধুনিককালে সেটা লোপ পাওয়ারই কথা ছিল। নিন্তু দুর্ভাগ্যক্রমে লোপ পায়নি। কারণ রেনেসাঁ, উদারনৈতিকতা, যুক্তিবাদ এবং গণতন্ত্র সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়েনি। বরং যোগাযোগ ব্যবস্থা এবং গণসংযোগের উন্নতির দরুন কোনো কোনো ক্ষেত্রে অতীতের তুলনায় ব্যক্তিপূজা আরো প্রবল হয়েছে। আগে যে ব্যক্তি পূজা হযতো সীমাবদ্ধ থাকতো কেবল তার নিজের অঞ্চলে অথবা দেশে, এখন তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে। স্তালিন অথবা মাওয়ের মতো হিটলার অথবা মুসোলিনির মতো রাজনীতিককে ঘিরে যে পার্সোনালিটি কাল্ট একালে গড়ে উঠেছে, তার কথা সহজেই মনে পড়ে। এমনকি ধর্মীয় নেতাদের নিয়ে এখনো যে পার্সোনালিটি কাল্ট তৈরি হচ্ছে তার কথাও এ প্রসঙ্গে স্মরণ করা যেতে পারে-যেমন, খোমেনি। তবে সৌভাগ্যক্রমে সবাই স্তালিন, হিটলার, মুসোলিনী অথবা মাওয়ের মতো বিরাট রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন না। তা সত্ত্বেও কাল্ট তৈরির প্রয়াস বন্ধ হয় না।’’
লেখক কাল্ট তৈরির প্রয়াস বন্ধ হচ্ছে না বলে আমাদের সংকেত দিয়েছেন, সেটা ঠিক। তবে, সোভিয়েত ইউনিয়ন আর চীনের রাজনৈতিক ধারাক্রম পশ্চিম ইউরোপের মত ছিল না, ছিল না সেখানে সেভাবে গণতান্ত্রিক ঐতিহ্য, যার ফলে এই দুটি দেশ জোরালো পরিবর্তনের ধারায় উপনীত হয়-বিপ্লবের মধ্যে দিয়ে। এরই পটভূমিতে স্তালিন ও মাওয়ের ভূমিকাকে বিভিন্ন দিক থেকে উন্মোচন করে বিবেচনা করতে হবে। স্তালিন ও মাওয়ের বিভিন্ন সীমাবদ্ধতা থাকার পরও, স্তালিনের নেতৃত্বে দ্বিতীয় মহাযুদ্ধের মিত্রশক্তির বিজয়ের মধ্যে দিয়ে মানবজাতী যুদ্ধের গভীর সংকট থেকে উত্তরণ পেয়েছিল, অন্যদিকে চীনের জনগণ তাদের দীর্ঘদিনের বিভিন্নমুখী সংকট থেকে মুক্তি পেয়েছিল, জনগণ দ্বারা তা সমর্থিত হয়েছিল। আমরা জানি, ১৯১৭ সালের অক্টোবর বিপ্লব ও চীনের বিপ্লব অনেক পুরনো ধারণা শুধু ভেঙে দেয়নি, নতুন বাস্তবতা তৈরি করে রাজনীতি, অর্থনৈতিক, সামাজিক ও শিল্প-সাহিত্যসহ সংস্কৃতির বিভিন্ন পরিধিতে সুদূরপ্রসারী পরিবর্তনের সূচনা করেছিল, যার প্রভাব সূক্ষ্ম ও মোটাদাগে এখনো প্রবহমান। লেখকের এই প্রবন্ধটি পড়তে পড়তে এসবও মনে হলো। স্তালিন ও মাওয়ের ভূমিকাকে সমালোচনা ও পর্যালোচনার পাশাপাশি তাঁদের অন্যান্য ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভুমিকাকেও বাজিয়ে দেখা দরকার।
লেখক এই প্রবন্ধের মধ্যে আরও অনেক বিষয় অবতারণা করেছেন, যা আমাদের বিবেচনায় অনেক ক্ষেত্রে যুক্তিযুক্ত মনে হয়-তিনি সংসদ, বিচার বিভাগ ও সংবাদমাধ্যমের দুর্বলতার কারণে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন। তিনি মুজিব ও জিয়া নিয়ে যে এ-দেশে কাল্টচর্চা বেড়েছে, তা ব্যাখ্যা করেছেন, সেইসাথে উপমহাদেশে গান্ধীজী, সুভাষ বসু, জিন্নাহ প্রমুখ বড় নেতাকে নিয়ে কাল্ট তৈরি হয়-তাও আলোচনা করেছেন। কাল্টচর্চার ফলে–অন্ধভক্তি, মোসাহেবি, মুনাফা করার সীমাহীন প্রলোভন, আত্মসম্মান-মূল্যবোধ বিসর্জন ও লজ্জাহীন হয়ে ওটার পটভূমি তিনি উন্মোচন করেছেন।

৭
গোলাম মুরশিদের এই গ্রন্থে আর একটি উল্লেখযোগ্য প্রবন্ধ–‘আদর্শবাদ ও মানুষের সংকট’। এই প্রবন্ধে তিনি বলেছেন, ‘শতাব্দীর পর শতাব্দী ধরে নিজের প্রজ্ঞা দিয়ে আদর্শ গড়ে তুললেও মানুষ আদর্শ মানুষ হয়ে উঠতে পারেনি।’ এই অবলোকন দিয়ে লেখক ‘ধর্মীয় আদর্শবাদ’, ‘মৌলবাদ’, ‘জাতীয়বাদ, সাম্রাজ্যবাদ ও মার্কসবাদ’ আলোচনা করেছেন। এসব আলোচনায় উল্লিখিত মতবাদের মূলত সীমাবদ্ধ হয়ে ওঠার দিকগুলো তুলে ধরেছেন। আদর্শের নামে দ্বন্দ্ব, সংঘাত ও হত্যাকা–হিংস্রতায় সমস্ত জন্তুকে হারিয়ে দিয়েছে-তারই প্রতিভাস এই প্রবন্ধে গভীরভাবে তুলে ধরেছেন।
‘ধর্মীয় আদর্শবাদ’ শিরোনামের অংশে তিনি উল্লেখ করেছেন–‘‘যিশু খ্রিষ্ট প্রেমের বাণী প্রচার করলেও, এবং হজরত মোহাম্মদ তাঁর ধর্মের নাম শান্তি রাখলেও, ধর্মের নামে খ্রিষ্টান ও মুসলমানদের যুদ্ধ বহু শতাব্দীর। এখনো উভয় ধর্মের অনুসারীরা একে অন্যকে সন্দেহের চোখে দেখে। আর মুসলমান ও ইহুদিদের চরম বিরোধ এখনো বর্তমান। হিন্দু এবং মুসলমানের নিত্য কলহ চলছে উপমহাদেশে। এমনকি সাম্প্রতিককালে ভারতে হিন্দু আর খ্রিষ্টানদের মধ্যে তীব্র হানাহানি দেখা দিয়েছে। অপরপক্ষে পড়শি দেশ পাকিস্তানে সহিংসতা দেখা দিয়েছে মুসলমান আর খ্রিষ্টানদের মধ্যে।’’
উল্লিখিত ভাষ্য তো আমাদের চোখের সামনে ঘটছে, এই সত্যকে তো অস্বীকার করা যাবে না। ধর্মের নামে তালেবানরা, মধ্যপ্রাচ্যের দেশসমূহে মৌলবাদী গোষ্ঠীর লোকেরা আত্মঘাতি হয়ে নিজের ধর্মীয় সম্প্রদায়ের নিরীহ লোকদের প্রতিনিয়ত হত্যা করছে-যুক্তিহীন আর অন্ধভাবে-কী এক অসূয়া নিয়ে!
তবে, গণতন্ত্রের নামেও অমানবিক অবস্থা চাপিয়ে দিয়ে আমাদের চোখের সামনে কী ঘটানো হচ্ছে, সেই বিবেচনাবোধ তুলে ধরা জরুরি, না হলে তা শুধু একরৈখিক হয়ে যায় না, পর্যবেক্ষণের দুর্বলতা নিয়ে তা সত্যকে খ-িত করবে। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সসহ পাশ্চাত্যের দেশগুলো গণতান্ত্রিক কাঠামোর মধ্যেও চললেও, তাদের সরকার প্রধানরা বৈদেশিক নীতিতে শুধু অগতান্ত্রিক নয়; অস্বচ্ছ ও উন্নাসিকভাবে ইচ্ছেমত ভূমিকা পালন করেছে, যারফলে আজ আইএসসহ জঙ্গীদের উত্থান হয়েছে। আফগানিস্তান-ইরাক-লিবিয়া ও সিরিয়ায় যুদ্ধ চাপিয়ে দিয়ে গোটা বিশ্বে অস্থিতিশীল পরিস্থিতি শুধু সৃষ্টি করা হয়নি, দীর্ঘস্থায়ী এক যুদ্ধের মধ্যে গোটা পৃথিবীকে ঠেলে দিয়েছে। উল্লিখিত দেশগুলোর আগ্রাসনের বিরুদ্ধে নিজ দেশে ও দেশের বাইরে জনমত ও বিক্ষোভ থাকলেও, তা তোয়াক্কা না করে লুণ্ঠন আর আগ্রাসনের উদ্দেশ্যে অমানবিক ভূমিকা পালন করেছে তথাকথিত গণতান্ত্রিক দেশগুলোর রাষ্টপ্রধানরা। কিছু দিন আগে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ২০০৩ সালে মার্কিন বাহিনীর নেতৃত্বে ইরাকে সামরিক অভিযান চালানোর সময় যেসব ‘ভুল’ হয়েছিল, তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। ওই যুদ্ধের পরিণামেই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) উত্থান হয় বলে তিনি স্বীকার করেন। তিনি আরও বলেন, ‘যে গোয়েন্দা তথ্য আমরা পেয়েছিলাম, তা ভুল ছিল। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি। কারণ, তিনি (সাদ্দাম) নিজ দেশের জনগণের বিরুদ্ধে ব্যাপকভাবে এবং অন্যদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করলেও সেটার মাত্রা আমরা যে রকম ভেবেছিলাম, ঠিক সে রকম ছিল না।’ তাহলে মিথ্যে অজুহাতে ভিন্ন দেশ আক্রমণ করা গণতান্ত্রিক লেবাসে কতটুকু জায়েজ ছিল? এ-প্রশ্ন আমাদের। এরই পরিণতিতে আজও হত্যা চলছে, মানবিক বিপর্যয় নেমে আসছে! এর কি কোনো বিচার হবে না? কারা বিচার করবে! এদের হাতে শক্তি ও জাতিসংঘের মত প্রতিষ্ঠানও। এরা যা করবে, তা জায়েজ হবে!
৮
এই গ্রন্থের আর একটি উল্লেখযোগ্য ও দীর্ঘ প্রবন্ধ : ‘জানার অধিকার ও সৎ সাংবাদিকতা’। এই প্রবন্ধে সংবাদপত্রের আদিযুগের কথা, উনিশ শতকে সংবাদপত্র ও তার স্বাধীনতার উত্থান, পত্রিকার প্রসার, শিকলে বাঁধা সংবাদপত্র, বাংলা সংবাদপত্র এবং তার খ-িত স্বাধীনতার ইতিহাস, বিভাগোত্তরকালে সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার ওপর নতুন হুমকি, স্বাধীন সাংবাদিকতা ও বর্তমানে সংবাদপত্রের স্বাধীনতা-শিরোনামে আলোচনা করা হয়েছে। অনেক তথ্য, অনেক পরিসংখ্যান, বিভিন্ন ঘটনার বিবরণ এই লেখায় রয়েছে। একজন গবেষকের প্রজ্ঞান, কৌতুহল, অনুসন্ধান ও মননশীলতা দিয়ে এই লেখার গভীর তাৎপর্য পাঠকের নিকট উপস্থিত হয়েছে। এটি আর একটি আলাদা গ্রন্থ হয়ে উঠতে পারে।
এই লেখার শেষের কথাটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক, তিনি যথার্থ বলেছেন, আমরাও লেখকের সাথে একমত–‘‘কিন্তু প্রশ্ন হচ্ছে: সর্বশক্তিমান সরকারই যদি সংবাদপত্রের শত্রুতা করে, তা হলে তার স্বাধীনতা রক্ষা করবে কে? অথবা সংবাদপত্রের স্বাধীনত কেড়ে নিলে সরকারকে পদস্খলন থেকে রক্ষা করবে কে? সরকার সহযোগিতা না করলে পেন্টাগন অথবা সিআইএ-ও গোপন কেলেঙ্কারী কোন সাহসে পত্রিকা তুলে ধরবে জনসমক্ষে? এর উত্তরে বলা যায়, সংবাদপত্রের স্বাধীনতা আইন-আদালত অথবা সংসদের ওপর নয়, তা নির্ভরশীল সচেতন এবং বিবেকবান নাগরিকদের ওপর। সমালোচনার মাধ্যমে, জনমত গঠনের মাধ্যমে তাঁরাই ব্যক্তি-স্বাধীনতা এবং মত-প্রকাশের স্বাধীনতার মতো সংবাদপত্রের স্বাধীনতাকেও সরকারি সঙ্গিনের মুখ থেকে রক্ষা করবেন। কারণ, তাঁরা জানেন, যে-সমাজ সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করতে পারে না, সে সমাজে কেবল সংবাদপত্রের স্বাধীনতা নয়, প্রতিটি মৌল অধিকারই ব্যাহত এবং খর্ব হয়।’’
৯
এই গ্রন্থের শেষ প্রবন্ধটির শিরোনাম ‘মহিলারা ইদানিং’। গোলাম মুরশিদ, নারীদের নিয়ে উল্লেখযোগ্য গবেষণা করেছেন, তাঁর এ-বিষয়ে দুটি গ্রন্থ হলো ‘সংকোচের বিহ্বলতা’ ও ‘রাসসুন্দরী থেকে রোকেয়া : নারী প্রগতির একশো বছর’। নারীদের নিয়ে তাঁর আধুনিক দৃষ্টিভঙ্গি ও অনুকুলতা ভবিষ্যতকালের মানবিক সমাজ নির্মাণে প্রেষণা যোগাতে সাহায্য করে, সমাজে মাথা উঁচু করে টিকে থাকার জন্য-নিজের পায়ের ওপর ভর দিয়ে চলার সাহসও যোগায়-নারীদের। তাঁর ভাষ্য থেকে জেনে নিই-‘‘গত তিন দশকে বাংলাদেশের মহিলাদের যে-অগ্রগতি হয়েছে, তার সংক্ষিপ্ত মূল্যায়ন করতে হলে এ কথা স্বীকার করতেই হবে যে, একটা ঐতিহ্যিক সমাজে যতটা দ্রুত গতিতে মহিলাদের অগ্রগতি হওয়া সম্ভব, বাংলাদেশে তার চেয়ে কম হয়নি। বরং কার্যকারণে কোনো কোনো ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ অনুকূল ঘটনা ঘটায় মহিলাদের পক্ষে তুলনামূলকভাবে সহজে এতটা পথ এগিয়ে আসা সম্ভব হয়েছে।’’
প্রবন্ধটি এই গ্রন্থের সবচেয়ে ছোট কলেবরে হলেও আশা জাগানিয়া সামাজিক পরিবর্তনের চিত্র পরিস্ফুট হয়েছে, যা থেকে একটি ভূখ-ের জনগোষ্ঠীর অগ্রগতিতে সংবেদী হয়ে উঠতে পারি।
১০
গোলাম মুরশিদের ‘উজান স্রােতে বাংলাদেশ’ বইটি দেশলগ্ন ও কালসচেতন শুধু নয়, গভীর সুচিন্তা ও ধীশক্তি নিয়ে বোধ উসকে দেওয়ার মত একটি গ্রন্থ, প্রশ্ন ও সংশয় নিয়েও ইন্দ্রিয়জ্ঞান সমৃদ্ধ করার মত এই বইয়ের প্রবন্ধসমূহ-বলা যায় নিঃসংশয়ে।

Ads small one

দুর্ঘটনায় গুরুতর আহত পত্রিকা এজেন্ট আলাউদ্দিন, মানবিক সহায়তার আবেদন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
দুর্ঘটনায় গুরুতর আহত পত্রিকা এজেন্ট আলাউদ্দিন, মানবিক সহায়তার আবেদন

Oplus_131072

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন পত্রিকা বিলি-বণ্টনের সঙ্গে যুক্ত এজেন্ট আলাউদ্দিন। শারীরিক অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারিয়ে চিকিৎসার ব্যয় ও পরিবারের ভরণপোষণ নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন তিনি। এ অবস্থায় তাঁর চিকিৎসা ও পরিবার পরিচালনায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

জানা গেছে, ইজিবাইকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান আলাউদ্দিন। তাঁর হাঁটুর হাড় ভেঙে গেছে বলে তিনি জানিয়েছেন। দুর্ঘটনার পর থেকে শারীরিক যন্ত্রণা নিয়ে দিন কাটছে তাঁর। স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারায় দীর্ঘদিনের পত্রিকা বিলি-বণ্টনের কাজও বন্ধ হয়ে গেছে।

আলাউদ্দিনের বাড়ি দেবহাটা ঈদগাহ বাজারের পূর্ব পাশে মাঘরী এলাকায়। দীর্ঘদিন ধরে পত্রিকা বিলি-বণ্টনের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। নিজের পরিশ্রমের উপার্জনেই চলত সংসার। কিন্তু দুর্ঘটনায় আহত হওয়ার পর আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো এবং চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

বর্তমানে চিকিৎসার ব্যয় ও পরিবারের ভরণপোষণ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। একজন পরিশ্রমী পত্রিকা এজেন্টের এমন দুর্দিনে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

আলাউদ্দিনের চিকিৎসা এবং পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সমাজের বিত্তবান ব্যক্তি, পত্রিকা কর্তৃপক্ষ, সাংবাদিক সমাজ, সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আবেদন জানানো হয়েছে।

মানবিক সহায়তা পেলে আলাউদ্দিনের চিকিৎসা চালিয়ে যাওয়া এবং পরিবারের দুর্দিন কিছুটা লাঘব করা সম্ভব হবে বলে আশাবাদী তাঁর স্বজনেরা। বিপদের দিনে একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তাঁরা।

বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু: প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসু: প্রকৃতি ও প্রযুক্তির সেতুবন্ধন

তারিক ইসলাম

বাংলাদেশের মাটি ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু নাম, যাঁরা কেবল নিজেদের সময়কে অতিক্রম করেননি, বরং জ্ঞান-বিজ্ঞানের দিগন্তকে বিশ্বপরিমণ্ডলে প্রসারিত করেছেন। উপমহাদেশের বিজ্ঞানচর্চার ইতিহাসে যে কজন ক্ষণজন্মা পুরুষ অন্ধকারের বুক চিরে আলোর পথ দেখিয়েছেন, আচার্য জগদীশচন্দ্র বসু তাঁদের মধ্যে অগ্রগণ্য। তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বিক্রমপুরে, যা আজকের বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলা, তাঁর জন্ম। ঔপনিবেশিক শাসন, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি প্রমাণ করেছিলেন যে আধুনিক বিজ্ঞানের জটিল ও সূক্ষ্ম গবেষণায় বাঙালি তথা উপমহাদেশীয় মেধা কোনো অংশেই পিছিয়ে নেই।

জগদীশচন্দ্র বসুর বৈজ্ঞানিক জীবন ছিল এক নিরন্তর সংগ্রামের উপাখ্যান। প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা শুরু করার সময় তিনি গবেষণাগারের অপ্রতুলতা এবং ইউরোপীয় সহকর্মীদের তুলনায় বৈষম্যমূলক বেতনের সম্মুখীন হন। এর প্রতিবাদে তিনি বেতন না নেওয়ার মতো দৃঢ় অবস্থান নিয়েছিলেন। একসময় যখন তাত্ত্বিক আলোচনার বাইরে হাতে-কলমে গবেষণা ও নিরীক্ষার সুযোগ ছিল সীমিত, তখন তিনি সীমিত সম্পদ ও নিজস্ব উদ্ভাবিত যন্ত্রপাতির ওপর নির্ভর করে পরীক্ষামূলক বিজ্ঞানচর্চার (এক্সপেরিমেন্টাল সায়েন্স) অগ্রপথিক হয়ে ওঠেন।

তাঁর অবদান শুধু গবেষণাগারের যন্ত্রপাতি বা জটিল সমীকরণে সীমাবদ্ধ ছিল না; তিনি মাতৃভাষায় বিজ্ঞানচর্চার পথও প্রশস্ত করেছিলেন। বাংলা ভাষায় বিজ্ঞানের বই লিখে তিনি প্রমাণ করেছিলেন যে জটিল ও সূক্ষ্ম বৈজ্ঞানিক ধারণাও সহজ, প্রাঞ্জল ও বোধগম্য বাংলায় তুলে ধরা সম্ভব। পাশাপাশি সাহিত্য ও কল্পবিজ্ঞানেও তাঁর বিচরণ ছিল উল্লেখযোগ্য, যা তাঁর সৃজনশীল ও অনুসন্ধিৎসু মননের পরিচয় দেয়।

জগদীশচন্দ্র বসুর কর্মপরিধি ছিল বহুমাত্রিক। তিনি ছিলেন একাধারে পদার্থবিদ, উদ্ভিদবিদ ও জীববিজ্ঞানী।

বেতার ও মাইক্রোওয়েভ প্রযুক্তি: বেতার তরঙ্গ ও মাইক্রোওয়েভ অপটিকসের পথিকৃৎ গবেষক হিসেবে তাঁর অবদান আজ বিশ্বজুড়ে স্বীকৃত। অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের (মাইক্রোওয়েভ) বেতার সংকেত প্রেরণ ও গ্রহণে তাঁর সফল গবেষণা এবং যন্ত্র উদ্ভাবন আধুনিক বেতার যোগাযোগ ও তরঙ্গবিজ্ঞানের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উদ্ভিদবিজ্ঞান ও ক্রেসকোগ্রাফ: একসময় উদ্ভিদজগৎকে সাধারণভাবে জড় বা নির্বিকার হিসেবেই দেখা হতো। কিন্তু জগদীশচন্দ্র বসু জীব ও জড়ের মধ্যে এক গভীর ঐক্যের সন্ধান করেছিলেন। তিনি দেখিয়েছেন, মানুষের মতো উদ্ভিদও পারিপার্শ্বিক উদ্দীপনায় সাড়া দেয়—অনুভূতি ও স্পন্দনের ভাষা তারও রয়েছে। উদ্ভিদের বৃদ্ধি ও সূক্ষ্ম প্রতিক্রিয়া নিখুঁতভাবে পরিমাপ করার জন্য তিনি উদ্ভাবন করেন ‘ক্রেসকোগ্রাফ’। এই যন্ত্রের সাহায্যে অদৃশ্য বা অতিধীর প্রক্রিয়াকেও দৃশ্যমান ও পরিমাপযোগ্য করে তোলা সম্ভব হয়।

মাত্র তিন বছরের ব্যবধানে তাঁর ১৩টি বিশ্বমানের বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হওয়ার বিষয়টি তাঁর কর্মউদ্যম ও তীক্ষ্ণ মেধার সাক্ষ্য বহন করে। অনেক গবেষক ও বিশ্লেষকের মতে, তাঁর বহু পর্যবেক্ষণ ও চিন্তার গভীরতা আজও পুরোপুরি ব্যাখ্যা করা বা আত্মস্থ করা সম্ভব হয়নি।

জগদীশচন্দ্র বসুর বিজ্ঞানদর্শন ছিল গভীর মানবিক ও দার্শনিক চেতনায় ঋদ্ধ। পাশ্চাত্যের অনেক বিজ্ঞানী যেখানে প্রকৃতিকে কেবল জয় বা নিয়ন্ত্রণ করার বিষয় হিসেবে দেখেছেন, জগদীশচন্দ্র সেখানে প্রকৃতির অন্তর্নিহিত ঐক্য ও ছন্দ খুঁজে ফিরেছেন। তাঁর কাছে প্রাণহীন জড় পদার্থ আর সজীব উদ্ভিদের মধ্যে কোনো কঠোর দেয়াল ছিল না; বরং সমগ্র প্রকৃতিই এক অবিচ্ছেদ্য ধারাবাহিকতায় বাঁধা।

তিনি বিশ্বাস করতেন, প্রকৃত বিজ্ঞানচর্চা কখনোই সংকীর্ণ জাতীয়তাবাদ বা বাণিজ্যিক স্বার্থে আবদ্ধ থাকতে পারে না; বরং তা হবে সত্য জানার এক শুদ্ধ ও সাধনাময় যাত্রা। গবেষণার ফলাফল যেন মানবকল্যাণে ব্যবহৃত হয় এবং জ্ঞান যেন সবার জন্য উন্মুক্ত থাকে—এই ছিল তাঁর দৃঢ় প্রত্যয়। এমনকি নিজের অনেক উদ্ভাবনের পেটেন্ট না নিয়ে তিনি জ্ঞানচর্চার বিশুদ্ধতা ও উদারতার এক অনন্য নজির স্থাপন করেছিলেন।

উনিশ শতকের শেষভাগ ও বিশ শতকের শুরুর দিকে উপমহাদেশে আধুনিক বিজ্ঞানচর্চা ছিল এক নতুন দিগন্ত। ঔপনিবেশিক বাস্তবতায় বাঙালি সমাজে যেখানে কলা ও মানবিক বিষয়ের প্রতি ঝোঁক ছিল বেশি, সেখানে জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ বিজ্ঞানী হাতে-কলমে গবেষণা ও মৌলিক চিন্তার সংস্কৃতি গড়ে তোলেন। তিনি বুঝেছিলেন, কেবল বিদেশ থেকে আমদানি করা জ্ঞান মুখস্থ করলে কোনো জাতি এগোতে পারে না; প্রয়োজন নিজস্ব গবেষণাগার, মৌলিক অনুসন্ধান এবং প্রশ্ন করার সাহস।

আজ যখন আমরা জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য রক্ষা, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থান এবং জ্ঞানভিত্তিক সমাজ ও উদ্ভাবনী অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবিলার কথা বলছি, তখন জগদীশচন্দ্র বসুর জীবনদর্শন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে। আমাদের শিক্ষাব্যবস্থায় মুখস্থবিদ্যার বদলে অনুসন্ধান, পরীক্ষা-নিরীক্ষা ও যুক্তিবাদী মনন গড়ে তোলা জরুরি। একই সঙ্গে গবেষণা খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং তরুণদের মৌলিক বিজ্ঞানে আগ্রহী করে তোলাই হতে পারে আচার্যের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানোর উপায়।

জগদীশচন্দ্র বসু কেবল অতীতের কোনো গৌরবময় অধ্যায় নন; তিনি আমাদের ভবিষ্যতের পথনির্দেশক। প্রকৃতিকে ভালোবাসা, প্রতিকূলতাকে জয় করার অদম্য সাহস এবং সত্যসন্ধানী মন—এই গুণগুলো যদি আমরা ধারণ করতে পারি, তবে বাংলাদেশের বিজ্ঞানচর্চা নিঃসন্দেহে অনন্য উচ্চতায় পৌঁছাবে।

লেখক: তারিক ইসলাম, তরুণ লেখক ও চিন্তক, সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি

দুবলার চর: বিশ্বাস, জীবিকা ও সংরক্ষণের টানাপোড়েন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
দুবলার চর: বিশ্বাস, জীবিকা ও সংরক্ষণের টানাপোড়েন

মো. মামুন হাসান

সুন্দরবনের দক্ষিণ প্রান্তে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে থাকা দুবলার চর বছরের বেশির ভাগ সময় প্রায় জনশূন্য থাকে। শীতের শুরুতে সেই চরই হয়ে ওঠে হাজারো মানুষের কর্মব্যস্ত ঠিকানা। এবার রাসপূর্ণিমা উপলক্ষে সেখানকার আলোরকোলে ২২ থেকে ২৪ নভেম্বর পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হচ্ছে। বন বিভাগ ভক্তদের যাতায়াতের জন্য পাঁচটি নৌপথ নির্ধারণ করেছে। প্রবেশের সময় প্রত্যেককে টোকেন দেওয়া হচ্ছে। নিরাপত্তায় থাকছে বন বিভাগ, বিজিবি ও কোস্টগার্ডের টহল। এই আয়োজন আমাদের সামনে একটি বড় প্রশ্ন তোলে—একই ভূখণ্ডে বিশ্বাস, জীবিকা ও প্রকৃতিকে আমরা কীভাবে একসঙ্গে টিকিয়ে রাখব?

অনেকের স্মৃতিতে দুবলার চর মানেই রাসমেলা। কিন্তু বাস্তবতা বদলেছে। বন বিভাগের ভাষ্য অনুযায়ী, সংরক্ষিত বনাঞ্চলে মেলাকে ঘিরে একশ্রেণির অসাধু ব্যক্তি বেআইনি কাজে জড়িয়ে পড়তেন এবং জনবল কম থাকায় তা নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। এ কারণে ২০২০ সাল থেকে রাসমেলা বন্ধ রয়েছে; শুধু পূজা ও পুণ্যস্নান হয়। এবারও পুণ্যার্থীদের জাতীয় পরিচয়পত্র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সনদ সঙ্গে রাখতে হচ্ছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, মাইক, পটকা ও বাজি নিষিদ্ধ করা হয়েছে। আগ্নেয়াস্ত্র ও হরিণ শিকারের ফাঁদ বহনও নিষিদ্ধ।

এই সিদ্ধান্তের পেছনে যুক্তি আছে—সুন্দরবনের ওপর চাপ কমানো। আবার অন্য দিকও আছে। ২০২২ সালে উদ্যাপন কমিটির সভাপতি সব ধর্মের মানুষের যাওয়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু তা মেলেনি। শতবর্ষী একটি সামাজিক ঐতিহ্য এখন নিয়ন্ত্রিত পরিসরে বন্দি হয়ে পড়ছে কি না, সে প্রশ্ন একেবারে অমূলক নয়। এ বিষয়ে আমার মত হলো, নিষেধাজ্ঞা নয়, বিজ্ঞানভিত্তিক বহনক্ষমতা নিরূপণই হওয়া উচিত নীতির ভিত্তি। কতজন মানুষ কতদিনে বনের ক্ষতি না করে আসতে পারেন, তা গবেষণা করে নির্ধারণ করলে সংরক্ষণ ও সামাজিক মিলনের মধ্যে ভারসাম্য খোঁজা সম্ভব।

ঐতিহ্যের দিকটিও গুরুত্বপূর্ণ। কথিত আছে, ১৯২৩ সালে সাধু হরিভজন এই উৎসবের সূচনা করেন। ২০২৪ সালে ভাবনগর ফাউন্ডেশন ইউনেস্কো ও জাতীয় জাদুঘরের সহযোগিতায় এই আয়োজনের তথ্য সংগ্রহের কাজে যুক্ত ছিল। জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্যের এমন নথিবদ্ধকরণ সময়োপযোগী, আর তা চলমান থাকা দরকার।

দুবলার চরের আসল প্রাণ শুঁটকি মৌসুম। এ বছর ৩০ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে মৌসুম শুরু হয়েছে। বন বিভাগ বলছে, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, বাগেরহাট ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকার প্রায় ১০ হাজার জেলে প্রতি বছর আলোরকোল, মাঝেরকেল্লা, নারিকেলবাড়ীয়া ও শেলারচরে অস্থায়ী বসতি গড়েন। এখানে উৎপাদিত শুঁটকির বড় অংশ দেশের বাজার ছাড়িয়ে বিদেশেও যায়।

কিন্তু এই কর্মযজ্ঞের ভিত্তি বেশ নড়বড়ে। মৌসুমের শুরুতে জেলেরা মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে খাবার, জ্বালানি ও জালের জোগান দিয়েছেন। তাঁদের উদ্বেগের তালিকায় আছে সাগরে মাছের সংকট, ভারতীয় জেলেদের অনুপ্রবেশ এবং নতুন করে সংগঠিত হওয়া বনদস্যুদের চাঁদাবাজির আশঙ্কা। এর ওপর যোগ হয়েছে আবহাওয়ার মার। ১৯ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্যোগের কারণে মাছ ধরা বন্ধ, রোদের অভাবে শুকানোর কাজ আটকে আছে এবং প্রায় ১০ হাজার জেলের জীবিকা অনিশ্চয়তায় পড়েছে। ঋণ নিয়ে সাগরে নামা মানুষের জন্য মৌসুমের শুরুতেই এমন ধাক্কা শুধু লোকসান নয়, দাদনের জালে আরও জড়িয়ে পড়ার ঝুঁকিও।

এ জন্য প্রয়োজন কাঠামোগত সমাধান। জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র, সহজ শর্তে সমবায়ভিত্তিক ঋণ, মৌসুমি বিমা এবং ঘূর্ণিঝড়ের আগাম সতর্কবার্তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা না থাকলে এই শ্রমজীবী মানুষ বারবার একই চক্রে আটকে থাকবেন।

খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বিষয়ে পাঠদানের অভিজ্ঞতা থেকে বলতে পারি, শুঁটকি নিয়ে জনমনে যে শঙ্কা আছে, তা পুরোপুরি ভিত্তিহীন নয়; আবার অতিরঞ্জিতও নয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সেমিনারে উপস্থাপিত গবেষণায় দুবলার চরসহ পাঁচটি অঞ্চলের ৪০৫টি নমুনা পরীক্ষা করে ১৩ শতাংশে কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছে। বাকি ৮৭ শতাংশ নিরাপদ বিবেচিত হয়েছে। রান্নার পর অবশিষ্টাংশ উল্লেখযোগ্যভাবে কমে যায় বলেও গবেষকেরা জানান। আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় পরীক্ষিত প্রতিটি নমুনায় প্লাস্টিক কণা মিলেছে, আর সবচেয়ে বেশি পাওয়া গেছে দুবলার চরের লইট্টা শুঁটকিতে। এর অর্থ, রাসায়নিকের চেয়েও বড় চ্যালেঞ্জ হয়তো সাগরের প্লাস্টিক দূষণ, যা শুঁটকি উৎপাদনকারীর একার নিয়ন্ত্রণে নেই। তাই মাচায় শুকানো, পরিচ্ছন্ন প্যাকেজিং ও নিয়মিত মান পরীক্ষার পাশাপাশি সামুদ্রিক বর্জ্য ব্যবস্থাপনাকেও নীতির কেন্দ্রে আনতে হবে।

সুন্দরবনের সংরক্ষণে কিছু আশার খবরও আছে। ২০২৪ সালের জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫, যা ২০১৮ সালে ছিল ১১৪। জরিপ দলের প্রধান সতর্ক করেছিলেন, বনে আবার দস্যুদের আস্তানা গড়ে উঠলে এই অর্জন হারিয়ে যেতে পারে। দুবলার চর ঘিরে দস্যুদের সক্রিয় হওয়ার খবর তাই কেবল জেলেদের নিরাপত্তার প্রশ্ন নয়, বাঘ সংরক্ষণেরও প্রশ্ন। হরিণ শিকার, বর্জ্য ও শব্দদূষণ এবং নৌযান চলাচলের চাপ মিলিয়ে সুন্দরবনের সুরক্ষা আজও একটি সূক্ষ্ম ভারসাম্যের বিষয়।

দুবলার চরকে কেন্দ্র করে আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রথমত, উৎসব ও পর্যটনের জন্য বহনক্ষমতাভিত্তিক সুস্পষ্ট নীতিমালা দরকার, যেখানে নৌযানের সংখ্যা, দর্শনার্থীর সীমা ও বনে প্রবেশের নিয়ম লিখিত থাকবে। দ্বিতীয়ত, বন বিভাগের জনবল ও প্রযুক্তি বাড়িয়ে টহল জোরদার করতে হবে, কারণ নিষেধাজ্ঞার কার্যকারিতা নির্ভর করে তদারকির সক্ষমতার ওপর। তৃতীয়ত, জেলেদের জন্য দাদনমুক্ত ঋণ, বিমা ও ন্যায্য মূল্যের কাঠামো গড়ে তুলতে হবে। চতুর্থত, এলিনর অস্ট্রমের সাধারণ সম্পদ ব্যবস্থাপনার তত্ত্ব অনুযায়ী, স্থানীয় জেলে, উদ্যাপন কমিটি ও প্রশাসনকে যৌথভাবে নিয়ম তৈরি ও বাস্তবায়নে যুক্ত করতে হবে। পঞ্চমত, পলিটেকনিকের মতো কারিগরি প্রতিষ্ঠান স্থানীয় তরুণদের গাইড, নৌচালক ও আতিথেয়তা কর্মী হিসেবে প্রশিক্ষিত করে পর্যটনের আয় উপকূলের মানুষের হাতে পৌঁছে দিতে পারে।

দুবলার চর কেবল একটি ভূখণ্ড নয়। এটি শতবর্ষের বিশ্বাসের ঠিকানা, হাজারো জেলের ভরসা এবং সুন্দরবনের সংবেদনশীল পরিবেশের অংশ। এই তিনের স্বার্থ পরস্পরবিরোধী নয়, যদি নীতি হয় তথ্যভিত্তিক, তদারকি হয় কার্যকর এবং স্থানীয় মানুষ হন সিদ্ধান্তের অংশীদার। প্রকৃতি আমাদের উত্তরাধিকার নয়, আগামী প্রজন্মের কাছ থেকে নেওয়া আমানত।

লেখক: মো. মামুন হাসান, ইনস্ট্রাক্টর (টেক) ও বিভাগীয় প্রধান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সাতক্ষীরা।