বনদস্যুর আতঙ্কে সুন্দরবন, জীবিকা হারানোর শঙ্কায় জেলে-বাওয়ালিরা
এম এ হালিম, শ্যামনগর (উপকূলীয় অঞ্চল): সুন্দরবনসংলগ্ন জনপদ ও নদীপথে আবারও সক্রিয় হয়ে উঠেছে বনদস্যুরা। অপহরণ, চাঁদাবাজি ও হামলার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূলীয় জেলে, বাওয়ালি ও মৎস্যজীবীরা। দ্রুত বনদস্যুদের দমন করা না গেলে জীবিকার তাগিদে বাপ-দাদার ভিটেমাটি ছেড়ে অন্যত্র চলে যেতে হবে বলে আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুন্দরবনের বিভিন্ন নদী-খালে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে জেলেরা দস্যুদের কবলে পড়ছেন। অস্ত্রের মুখে তাঁদের অপহরণ করে বনের গভীরে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। মুক্তির বিনিময়ে দাবি করা হচ্ছে চাঁদা ও মুক্তিপণ। টাকা দিতে না পারলে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। গত কয়েক মাসে অনেক জেলের পরিবার ঋণ নিয়ে কিংবা গবাদিপশু বিক্রি করে মুক্তিপণের টাকা জোগাড় করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সুন্দরবনের বনজ সম্পদ ও মৎস্য আহরণের ওপর নির্ভরশীল উপকূলের হাজারো মানুষের জীবিকা। তাঁদের কাছে বনই আয়ের প্রধান উৎস। কিন্তু দস্যুদের ভয়ে বনে যেতে না পারলে পরিবার নিয়ে অনিশ্চয়তায় পড়তে হচ্ছে।
এক ভুক্তভোগী জেলে বলেন, “মহাজনের কাছ থেকে দাদন ও সমিতি থেকে ঋণ নিয়ে নৌকার সরঞ্জাম কিনে নদীতে নামি। এখন দস্যুদের কারণে বনে যাওয়া মানে মৃত্যুর মুখোমুখি হওয়া। এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে বেঁচে থাকাই কঠিন হবে। অন্য কোথাও দিনমজুরি করতে যাওয়া ছাড়া উপায় দেখছি না।”
স্থানীয়দের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কোস্ট গার্ড মাঝেমধ্যে অভিযান চালালেও দস্যুদের তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি। বনের দুর্গম এলাকা ও গোপন আস্তানার কারণে তাদের দমন করা কঠিন হয়ে পড়ছে।
সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জোরদার নজরদারি এবং নিয়মিত যৌথ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জেলেরা। তাঁদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে উপকূলীয় জনপদে অর্থনৈতিক সংকট আরও বাড়বে এবং জীবিকার সন্ধানে বহু পরিবার এলাকা ছাড়তে বাধ্য হবে।









