সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাস উৎসব শুরু
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হয়েছে আজ রোববার (২২ নভেম্বর)। দেশের বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থী ও দর্শনার্থীরা এ উৎসবে যোগ দিয়েছেন। আগামী ২৪ নভেম্বর মঙ্গলবার পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসব শেষ হবে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মতো বৈরী আবহাওয়া বিরাজ করলেও উৎসবকে ঘিরে পুণ্যার্থীদের উপস্থিতি রয়েছে। শত বছরের ঐতিহ্যবাহী এ ধর্মীয় আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।
বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ সমুদ্র রাস উৎসব প্রতিবছর কার্তিক বা অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে সুন্দরবনের সাগরদুহিতা দুবলার চরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে চরের মন্দিরে নামযজ্ঞ, রাধাকৃষ্ণ, কমল কামিনী ও বনবিবির পূজা অনুষ্ঠিত হয়। ধর্মীয় বিশ্বাস থেকে পুণ্যস্নান, মনোবাসনা পূরণ, সন্তান কামনা ও রোগমুক্তির আশায় হিন্দু সম্প্রদায়ের মানুষ এ উৎসবে অংশ নেন।
রাস পূর্ণিমার প্রথম সমুদ্রঢেউকে স্থানীয়ভাবে ‘নিলকোমলের ঢেউ’ বলা হয়। পুণ্যার্থীরা এ ঢেউয়ে প্রসাদ উৎসর্গ করে স্নান করেন। পরে কমল কামিনীর দর্শন ও পূজায় অংশ নেন।
সাগর, নদী ও বনঘেরা দুবলার চরের প্রাকৃতিক সৌন্দর্য উৎসবকে ভিন্ন মাত্রা দেয়। প্রতিবছর রাস উৎসবের সময় নির্জন সুন্দরবন পুণ্যার্থী ও দর্শনার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে।
সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় ২০২১ সাল থেকে বাণিজ্যিক মেলা বন্ধ রয়েছে। এবারও শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের পূজা ও পুণ্যস্নানে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়া ও নদীপথের ঝুঁকি বিবেচনায় প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও লাইফবয়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
সুন্দরবনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক, মাইক বা লাউডস্পিকার, আতশবাজি, আগ্নেয়াস্ত্র ও শিকারের সরঞ্জাম বহন নিষিদ্ধ। পুণ্যার্থীদের বন বিভাগের নির্ধারিত পাঁচটি নৌপথে শুধু দিনের বেলায় চলাচল করতে হবে। রাতে নৌযান চালানো এবং নির্ধারিত তল্লাশিচৌকি ছাড়া কোথাও থামা নিষেধ।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পাঁচটি নৌপথ নির্ধারণ করা হয়েছে। এসব পথে বন বিভাগ, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের টহল দল নিরাপত্তার দায়িত্ব পালন করছে।









