বাঁশতলা-মহিষকুড় সংযোগ সড়ক সংস্কারকাজের উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় মৎস্য সেট সংলগ্ন বাঁশতলা-মহিষকুড় সংযোগ সড়কের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও ভাঙাচোরা অংশ সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় এ কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে সাতক্ষীরা জেলা তাঁতীদলের সভাপতি ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রার্থী হাসান শাহরিয়ার রিপন, শ্রীউলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুজ্জামান ছোট্টু, আশাশুনি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন প্রিন্স ও বিএনপি নেতা মো. আবুল কালাম মোল্লাসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সাতক্ষীরা-শ্যামনগর সড়কের চার লেনের কাজ চলমান থাকায় শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার বিপুলসংখ্যক মানুষ বিকল্প পথ হিসেবে এই সংযোগ সড়ক ব্যবহার করছেন। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচলের কারণে সড়কটিতে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি সড়কের দুই পাশে পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষায় জলাবদ্ধতা তৈরি হয়ে বিভিন্ন অংশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
মহিষকুড় গ্রামের আবুল কালাম মোল্লার বাড়ির সামনের ভাঙাচোরা অংশটি নিয়ে দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন পথচারীরা। এর আগে স্থানীয়দের নিজস্ব অর্থায়নে সংস্কার করা হলেও ভারী যানবাহন চলাচলের কারণে তা স্থায়ী হয়নি। সম্প্রতি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এলজিইডির উদ্যোগে সংস্কারকাজের ব্যবস্থা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাময়িক সংস্কারের পাশাপাশি সড়কটি দ্রুত স্থায়ীভাবে নির্মাণ করা প্রয়োজন। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনে সড়কের দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং অতিরিক্ত ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি জানান তাঁরা।









