বিজিবির অভিযানে সাড়ে ২১ লাখ টাকার ভারতীয় মালামাল ও রেণুপোনা আটক
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ২১ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৮ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বিভিন্ন বিওপি ও চেকপোস্টের টহলদল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, মাদরা ও হিজলদী বিওপি এবং বাঁকাল চেকপোস্টের সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালান। এসব অভিযানে ভারতীয় ওষুধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ, শাড়ি এবং চিংড়ি মাছের রেণুপোনা আটক করা হয়।
এর মধ্যে ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ৪/৪-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা জব্দ করে। অন্যদিকে, মাদরা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর কাছাকাছি রাজপুর এলাকা থেকে ৭ লাখ ১৩ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। এছাড়া হিজলদী বিওপির সদস্যরা বরই বাগান নামক স্থান থেকে ৩৭ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করেন।
পাশাপাশি বাঁকাল চেকপোস্টের দুটি পৃথক আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল চেকপোস্ট ও আলিপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও চিংড়ির রেণুপোনা জব্দ করতে সক্ষম হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব চোরাচালানি মালামালের মোট আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৬ হাজার ১০০ টাকা। চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় বিজিবির এমন তৎপরতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।









