শৈলকুর বিলের জলাবদ্ধতা নিরসনে ঘেরমালিকদের ৩দিনের আল্টিমেটাম
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের মাগুরা, তালতলা ও কৈখালীসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে শৈলকুর বিলের মৎস্য ঘেরমালিকদের তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিম।
শনিবার বিকেলে মাগুরা পূর্বপাড়া জামে মসজিদের সামনে লাবসা ইউনিয়নের মাগুরা, কৈখালী ও তালতলা গ্রামবাসীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল আলিম উল্লেখ করেন, শৈলকুর বিলে ১৫ জন মৎস্য ঘের ব্যবসায়ী অপরিকল্পিতভাবে বাঁধ দেওয়ায় পানি নিষ্কাশন হচ্ছে না। এতে টানা বৃষ্টিতে প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। আগামী তিন দিনের মধ্যে বাঁধ কেটে পাইপ বসিয়ে পানি অপসারণ না করা হলে মোবাইল কোর্টের মাধ্যমে বাঁধ কেটে বাসিন্দাদের রক্ষা করা হবে।
সংবাদকর্মী আলতাফ হোসেন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল, আলী হোসেন, আতিয়ার রহমান, আলিমুজ্জামান, যশোর আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও প্রায় চার শতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।









