বিশ্ব ডায়াবেটিস দিবস আজ
আজ শনিবার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে।
দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’।
ডায়াবেটিস এমন একটি রোগ, যার কারণে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যক্ষমতা হ্রাস পেয়ে হার্ট অ্যাটাক, কিডনি অকেজো, অন্ধ হয়ে যাওয়া, পায়ে পচন, এমনকি পা কেটে ফেলতে হয়।
বিশেষজ্ঞদের মতে, এত বড় বৈশ্বিক এই স্বাস্থ্য সমস্যাকে নিয়ন্ত্রণ বা প্রতিরোধে দরকার জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা। সময় মতো ইন্টারভেশন (খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তন), নিয়মিত হাঁটার দ্বারা প্রায় ৫০ শতাংশ পর্যন্ত ডায়াবেটিস প্রতিরোধ সম্ভব।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন।
বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সকলকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।
তিনি বলেন, আসুন, আমরা প্রত্যেকে নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করি। ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারাজীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে সংক্রমণ এমনকি অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে।
তবে ডায়াবেটিস সুনিয়ন্ত্রণের মাধ্যমে সারাজীবন সুস্থ ও স্বাভাবিক এবং কর্মক্ষম জীবনযাপন করা যায়। তাই সুস্থভাবে জীবনযাপন করতে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং নিজেকে রক্ষার জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
রাষ্ট্রপতি ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে দেওয়া তাঁর বাণীতে বলেন, ডায়াবেটিস বর্তমানে বিশ্বব্যাপী অন্যতম প্রধান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। বাংলাদেশেও এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, যা আমাদের জন্য উদ্বেগের বিষয়।
তিনি বলেন, ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকলে হৃদযন্ত্র, কিডনি, চোখসহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি এর জটিলতা জীবনহানির কারণও হতে পারে। তবে সময়মতো রোগ শনাক্তকরণ, সঠিক চিকিৎসা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং সচেতন জীবনযাপনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। বিশেষ করে ডায়াবেটিসের মতো ক্রমবর্ধমান জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।
তিনি বলেন, সরকার প্রতিটি মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়, যাতে সবাই সুস্থ, কর্মক্ষম ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারেন। এ লক্ষ্য অর্জনে সরকার, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
তারেক রহমান বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জনগোষ্ঠীই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি। সুস্বাস্থ্য শুধু ব্যক্তির জীবনমান উন্নত করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক অগ্রযাত্রাকেও গতিশীল করে।
তিনি বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালিত হচ্ছে। বাংলাদেশের উদ্যোগ ও প্রচেষ্টায় দিবসটি জাতিসংঘের স্বীকৃতি লাভ করে। গত দুই দশক ধরে বিশ্বব্যাপী এ দিবস পালিত হয়ে আসছে, যা আমাদের জন্য গৌরবের বিষয়।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ডায়াবেটিস প্রতিরোধ, চিকিৎসাসেবা সম্প্রসারণ, গবেষণা এবং জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের দোরগোড়ায় ডায়াবেটিস চিকিৎসা ও প্রতিরোধসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টা প্রশংসার দাবিদার।
তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতেও সমিতি তার সেবামূলক কার্যক্রম আরো বিস্তৃত করবে। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
বাণীতে প্রধানমন্ত্রী দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সকল সদস্য, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান।









