বিশ্ব দর্শন দিবস: সংকটময় বিশ্বে আমরা কীভাবে সহাবস্থান করতে পারি
সাকিবুর রহমান বাবলা
দর্শন মানুষের চিন্তা, বিবেক, যুক্তিবোধ ও জীবনবোধকে পরিশীলিত করার এক অনন্য জ্ঞানশাস্ত্র। জীবন, জগৎ, অস্তিত্ব, জ্ঞান, সত্য ও নৈতিকতার মৌলিক প্রশ্নগুলোর যুক্তিনির্ভর অনুসন্ধানের মধ্য দিয়ে দর্শন মানুষের চিন্তাজগৎকে সমৃদ্ধ করে। ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র ও মানবসভ্যতার বিকাশেও এর প্রভাব সুদূরপ্রসারী। মুক্তবুদ্ধি, সমালোচনামূলক চিন্তা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও আন্তঃসাংস্কৃতিক সংলাপের গুরুত্ব তুলে ধরতে ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার পালিত হয় বিশ্ব দর্শন দিবস। ২০০২ সালের ২১ নভেম্বর প্রথমবার দিবসটি উদযাপিত হয়। পরে ২০০৫ সালে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে প্রতিবছর নভেম্বরের তৃতীয় বৃহস্পতিবার দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে ১৯ নভেম্বর দিবসটি পালিত হচ্ছে।
এ বছরের মূল আলোচনার বিষয়—‘সংকটময় বিশ্বে আমরা কীভাবে সহাবস্থান করতে পারি’। যুদ্ধ, সংঘাত, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৈশ্বিক স্বাস্থ্যসংকটের মতো বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখে এ প্রশ্ন বিশেষ তাৎপর্য বহন করে। দিবসটি উপলক্ষে ১৯ নভেম্বর ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে দার্শনিক ও নীতিনির্ধারকদের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দার্শনিক সুলেমান বশির দিয়াগনে ‘লিভিং দ্য আর্থ টুগেদার’ শীর্ষক বক্তৃতা দেবেন। পাশাপাশি জলবায়ু, কৃত্রিম বুদ্ধিমত্তা, অভিবাসন ও স্বাস্থ্যবিষয়ক চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হবে।
‘ফিলসফি’ শব্দটি গ্রিক ‘ফিলোসোফিয়া’ থেকে এসেছে, যার অর্থ জ্ঞানের প্রতি ভালোবাসা। দর্শনের প্রধান তিনটি শাখা হলো অধিবিদ্যা, জ্ঞানতত্ত্ব ও নীতিশাস্ত্র। অধিবিদ্যা অস্তিত্ব ও বাস্তবতার প্রকৃতি, জ্ঞানতত্ত্ব জ্ঞানের উৎস ও সত্যতা এবং নীতিশাস্ত্র ন্যায়-অন্যায় ও মানুষের নৈতিক দায়িত্ব নিয়ে আলোচনা করে। প্রাচীন গ্রিস ও ভারতবর্ষে খ্রিষ্টপূর্ব ষষ্ঠ থেকে চতুর্থ শতাব্দীর মধ্যে দর্শনের বিভিন্ন ধারা বিকশিত হয়। পাশ্চাত্য জগতে প্লেটো খ্রিষ্টপূর্ব ৩৮৭ অব্দে এথেন্সে একাডেমি এবং অ্যারিস্টটল ৩৩৫ অব্দে লাইসিয়াম প্রতিষ্ঠা করেন। ভারতীয় উপমহাদেশে তক্ষশীলা ও নালন্দায় বেদ, উপনিষদ, বৌদ্ধ ও জৈন দর্শনের চর্চা হতো। মধ্যযুগে বোলোনিয়া, প্যারিস ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে দর্শন গুরুত্বপূর্ণ পাঠ্যবিষয়ে পরিণত হয়। আধুনিক উপমহাদেশে ১৮১৭ সালে হিন্দু কলেজ এবং ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রাতিষ্ঠানিক দর্শনশিক্ষার প্রসার ঘটে।
বিশ্বদর্শনের ইতিহাসে গ্রিক ধ্রুপদি, বৌদ্ধ ও কনফুসীয় দর্শন বিশেষ প্রভাব বিস্তার করেছে। সক্রেটিসের প্রশ্নোত্তর পদ্ধতি ও ‘নিজেকে জানো’ শিক্ষা মানুষকে আত্মজ্ঞান ও সত্য অনুসন্ধানে উদ্বুদ্ধ করে। তাঁর শিষ্য প্লেটো ‘দ্য রিপাবলিক’ গ্রন্থে আদর্শ রাষ্ট্র, ন্যায়বিচার ও ভাবতত্ত্ব তুলে ধরেন। অ্যারিস্টটল যুক্তিবিদ্যা, পর্যবেক্ষণ ও অভিজ্ঞতাভিত্তিক জ্ঞানচর্চার মাধ্যমে দর্শন ও বিজ্ঞানের বিকাশে অবদান রাখেন। বৌদ্ধ দর্শন করুণা, অহিংসা ও আত্মসংযমের শিক্ষা দেয়; অন্যদিকে কনফুসীয় দর্শন সামাজিক শৃঙ্খলা, পারিবারিক মূল্যবোধ ও সুশাসনের ওপর গুরুত্ব আরোপ করে।
ইসলামি দর্শনেও ধর্মীয় বিশ্বাস ও যুক্তির সমন্বয়ে সমৃদ্ধ চিন্তাধারার বিকাশ ঘটেছে। ইবনে সিনা তাঁর সত্তাতত্ত্বে সম্ভাব্য সত্তা ও অনিবার্য সত্তার ধারণা ব্যাখ্যা করেন এবং ‘কিতাব আল-শিফা’ রচনা করেন। ইবনে রুশদ ‘ফাসল আল-মাকাল’ গ্রন্থে ধর্ম ও দর্শনের সম্পর্ক বিশ্লেষণ করে যুক্তিনির্ভর চিন্তার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দর্শনের অন্যতম প্রধান অবদান হলো মুক্তচিন্তা ও সমালোচনামূলক মনন গড়ে তোলা। এটি মানুষকে অন্ধবিশ্বাস, কুসংস্কার ও প্রচলিত ধারণাকে প্রশ্ন করতে এবং যুক্তির মাধ্যমে সত্য-মিথ্যা যাচাই করতে শেখায়। রুশো, ভলতেয়ার, জন লক ও কার্ল মার্ক্সের মতো চিন্তাবিদদের দার্শনিক ধারণা গণতন্ত্র, ব্যক্তিস্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও রাষ্ট্রচিন্তার বিকাশে প্রভাব রেখেছে। ভারতীয়, চীনা, ইসলামি ও আফ্রিকান দর্শনের পারস্পরিক সংলাপ সাংস্কৃতিক বহুত্ববাদকে সমৃদ্ধ করেছে। ভিন্ন ধর্ম, বিশ্বাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা এবং মতপার্থক্যকে যুক্তির মাধ্যমে মোকাবিলা করার শিক্ষা শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি তৈরি করে। বাংলাদেশেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র এবং জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দর্শনচর্চা ও আলোচনা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশেও দর্শনের অবদান অনস্বীকার্য। ফ্রান্সিস বেকন ও রেনে দেকার্তের চিন্তা আধুনিক বৈজ্ঞানিক অনুসন্ধানের পদ্ধতিগত বিকাশে প্রভাব রেখেছে। কার্ল পপার বৈজ্ঞানিক তত্ত্ব যাচাইয়ের ক্ষেত্রে সেটিকে ভুল প্রমাণের সম্ভাবনা থাকার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। ডেমোক্রিটাসের পরমাণুবিষয়ক প্রাচীন ধারণা এবং জর্জ বুলের গাণিতিক যুক্তিবিদ্যা পরবর্তী বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দর্শনের যুক্তিবিদ্যা আধুনিক কম্পিউটারবিজ্ঞানের তাত্ত্বিক ভিত্তি গড়ে ওঠার পথও সুগম করেছে।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তা, চেতনা, সৃজনশীলতা ও নৈতিকতা সম্পর্কে প্রচলিত ধারণাকে নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। যন্ত্র কি সত্যিকার অর্থে চিন্তা করতে পারে, কৃত্রিম বুদ্ধিমত্তার সিদ্ধান্ত কতটা নিরপেক্ষ এবং প্রযুক্তিগত ভুলের দায় কার—এসব প্রশ্নে জ্ঞানতত্ত্ব, মনদর্শন ও নীতিশাস্ত্রের গুরুত্ব বাড়ছে। অ্যালান টিউরিংয়ের টিউরিং টেস্ট এবং জন সার্লের চাইনিজ রুম তত্ত্ব এ বিতর্ককে নতুন মাত্রা দিয়েছে। একইভাবে জিন সম্পাদনা, রোবোটিক্স ও পরিবেশগত পরিবর্তনের ক্ষেত্রে মানবকল্যাণ, নৈতিক দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষায় দর্শনের দিকনির্দেশনা প্রয়োজন। ডিজিটাল যুগে মানুষের একাকীত্ব, সম্পর্কের অবক্ষয় ও জীবনের অর্থ খুঁজে পাওয়ার ক্ষেত্রেও দর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দর্শন মানুষকে বাহ্যিক শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করে না; বরং যুক্তিবোধ, আত্মনিয়ন্ত্রণ ও বিবেক জাগ্রত করে নিজের জীবন পরিচালনার যোগ্যতা অর্জনে সহায়তা করে। ভুল তথ্য ও বিভ্রান্তি থেকে মুক্ত থাকা, ন্যায়-অন্যায় বিচার করা, মানবিক মূল্যবোধ ধারণ এবং ভিন্নমতের প্রতি সহনশীল হওয়ার জন্য দর্শনচর্চা অপরিহার্য। সংকটময় পৃথিবীতে শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠার জন্য শুধু প্রযুক্তিগত উন্নয়ন যথেষ্ট নয়; প্রয়োজন নৈতিকতা, প্রজ্ঞা, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল চিন্তা। বিশ্ব দর্শন দিবস আমাদের সেই বোধই জাগ্রত করতে আহ্বান জানায়—পার্থক্যকে বিরোধের কারণ না বানিয়ে যুক্তি, সংলাপ ও মানবিকতার মাধ্যমে বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।









