রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

বিশ্ব যুব দক্ষতা দিবস: দক্ষ তারুণ্যই আগামীর টেকসই ভিত্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
বিশ্ব যুব দক্ষতা দিবস: দক্ষ তারুণ্যই আগামীর টেকসই ভিত্তি

সাকিবুর রহমান বাবলা

প্রতি বছর ১৫ জুলাই বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব যুব দক্ষতা দিবস। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৪ সালে দিবসটি ঘোষণা করে এবং ২০১৫ সাল থেকে এটি আনুষ্ঠানিকভাবে উদ্যাপিত হয়ে আসছে। দিবসটির মূল উদ্দেশ্য হলো তরুণদের শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, কর্মদক্ষতা, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরা এবং পরিবর্তনশীল বিশ্বের চাহিদা অনুযায়ী তাদের প্রস্তুত করে তোলা।

বর্তমান বিশ্বে যুবসমাজ শুধু একটি দেশের জনসংখ্যার অংশ নয়; তারা অর্থনীতি, প্রযুক্তি, সামাজিক পরিবর্তন, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নের প্রধান চালিকাশক্তি। বিশ্বের মোট জনসংখ্যার একটি বড় অংশই তরুণ। কিন্তু দক্ষতার ঘাটতি, বেকারত্ব, প্রযুক্তিগত বৈষম্য এবং শিক্ষা ও কর্মক্ষেত্রের অমিল অনেক দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতায় বিশ্ব যুব দক্ষতা দিবসের গুরুত্ব দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

২০২৬ সালের বিশ্ব যুব দক্ষতা দিবসের প্রতিপাদ্যÑ ‘সবার জন্য এক অভিন্ন ভবিষ্যতের দক্ষতা’। এই প্রতিপাদ্যের মাধ্যমে জাতিসংঘ এমন একটি ভবিষ্যতের কথা বলছে, যেখানে দক্ষতা শুধু ব্যক্তিগত উন্নতির উপায় নয়; বরং একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ নির্মাণের অন্যতম ভিত্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটোমেশন, রোবটিক্স এবং ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে কর্মক্ষেত্রের প্রকৃতি বদলে যাচ্ছে। ফলে আগামী দিনের তরুণদের শুধু কারিগরি জ্ঞান নয়, ডিজিটাল সাক্ষরতা, সবুজ দক্ষতা, উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধান, যোগাযোগ এবং নেতৃত্বের মতো বহুমাত্রিক দক্ষতায় সমৃদ্ধ হতে হবে।

বিশ্বের বিভিন্ন প্রান্তে অসংখ্য তরুণ ইতোমধ্যে তাদের কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে পরিবর্তনের নজির স্থাপন করেছেন। যেমনÑ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আলেকজান্ডার ওয়াং ও এইডান গোমেজ, সাইবার বুলিং প্রতিরোধে তৃষা প্রভু, জলবায়ু আন্দোলনে গ্রেটা থুনবার্গ ও অটাম পেলটিয়ার, শিক্ষার অধিকারের জন্য মালালা ইউসুফজাই, নবায়নযোগ্য জ্বালানিতে উইলিয়াম কামকোয়াম্বা এবং উদ্যোক্তা হিসেবে রিতেশ আগরওয়াল কিংবা প্যাট্রিক ও জন কলিসনের মতো তরুণরা প্রমাণ করেছেন যে সৃজনশীলতা, জ্ঞান ও সাহস থাকলে তরুণ বয়সেই বিশ্বব্যাপী ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

ইসলামের ইতিহাসে তরুণদের নেতৃত্বের অসংখ্য উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। মাত্র ১৮ বছর বয়সে উসামা ইবনে যায়িদ (রা.)-কে একটি বৃহৎ বাহিনীর সেনাপতি নিযুক্ত করা হয়েছিল। আত্তাব ইবনে আসিদ (রা.) তরুণ বয়সেই মক্কার গভর্নর হন। মুয়াজ ইবনে জাবাল (রা.) ইয়ামেনে বিচারক ও শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। আলী ইবনে আবি তালিব (রা.)-এর সাহসিকতা এবং মুসআব ইবনে উমায়ের (রা.)-এর প্রজ্ঞা ইসলামের ইতিহাসে আজও অনুকরণীয়। এছাড়া বর্তমান বিশ্বে তরুণরা প্রতিনিয়ত বিশ্বের পটপরিবর্তন করে চলেছে।

আমাদের দেশের যুব’রাও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখছেন। প্রযুক্তি, ফিনটেক, উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং ডিজিটাল সেবায় বাংলাদেশের অনেক তরুণ ইতোমধ্যে বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছেন। জনমিতিক সুবিধা কাজে লাগিয়ে বাংলাদেশ যদি দক্ষ মানবসম্পদ তৈরিতে সফল হয়, তবে এই যুবসমাজই দেশের অর্থনৈতিক অগ্রগতির সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে পারে।

তরুণদের উন্নয়নে জাতিসংঘও বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে।  Youth2030 Strategy, UN Youth Office, ECOSOC Youth Forum, UNDP Youth Engagement Strategy, UN Youth Volunteers Programme এবং বিভিন্ন আন্তর্জাতিক নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে তরুণদের নীতিনির্ধারণ, জলবায়ু কার্যক্রম, মানবাধিকার, সামাজিক উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সম্পৃক্ত করা হচ্ছে। জাতিসংঘের দৃষ্টিতে তরুণসমাজ কেবল সুবিধাভোগী নয়; বরং ভবিষ্যৎ বিশ্বের সমান অংশীদার ও নির্মাতা।

বাংলাদেশ সরকারও যুব উন্নয়নকে রাষ্ট্রের অগ্রাধিকারমূলক কর্মসূচির অন্যতম হিসেবে বিবেচনা করছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি শিক্ষা, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, কৃষিভিত্তিক দক্ষতা, উদ্যোক্তা উন্নয়ন, যুবঋণ, ন্যাশনাল সার্ভিস কর্মসূচি এবং বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে আত্মকর্মসংস্থান প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সামাজিকভাবে পিছিয়ে থাকা তরুণদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য বিশেষ সুবিধাও প্রদান করা হচ্ছে। এসব উদ্যোগ দক্ষ, আত্মনির্ভর ও উৎপাদনমুখী যুবশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ইসলাম ধর্মও যুবসমাজকে মানবসভ্যতার অন্যতম মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করেছে। পবিত্র কোরআনে কর্মদক্ষতা, সততা এবং দায়িত্বশীলতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। হজরত মুসা (আ.)-এর প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, “নিশ্চয়ই আপনার চাকরিতে নিযুক্ত করার জন্য সেই ব্যক্তিই উত্তম, যে শক্তিশালী ও বিশ্বস্ত।” (সূরা আল-কাসাস: ২৬)। এই আয়াত দক্ষতা ও আমানতদারিতাকে নেতৃত্ব ও কর্মজীবনের মৌলিক যোগ্যতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাসুলুল্লাহ (সা.) যুবকদের শ্রম, উদ্যোগ ও আত্মনির্ভরতার শিক্ষা দিয়েছেন। তাঁর যৌবনকালের ‘হিলফুল ফুজুল’-এ অংশগ্রহণ মানবিক ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ।

আজকের বিশ্ব একদিকে প্রযুক্তিগত বিপ্লবের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, অন্যদিকে জলবায়ু পরিবর্তন, বৈষম্য, বেকারত্ব, যুদ্ধ-সংঘাত ও সামাজিক অস্থিরতার মতো জটিল চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, সৃজনশীল, নৈতিক ও মানবিক যুবসমাজের বিকল্প নেই। তাই শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, রাষ্ট্র, ধর্মীয় প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোকে সমন্বিতভাবে তরুণদের দক্ষতা উন্নয়ন, মূল্যবোধ গঠন এবং নেতৃত্ব বিকাশে বিনিয়োগ করতে হবে।

বিশ্ব যুব দক্ষতা দিবস আমাদের প্রতিনিয়তই স্মরণ করিয়ে দেয় যে কোনো দেশের সবচেয়ে বড় সম্পদ তার প্রাকৃতিক সম্পদ নয়, বরং দক্ষ ও মানবিক জনগোষ্ঠী। আজকের তরুণদের হাতে শুধু নিজেদের ভবিষ্যৎ নয়, মানবসভ্যতার আগামী দিনের ভাগ্যও নির্ধারিত হবে। তাই দক্ষতা অর্জন, জ্ঞানচর্চা, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার, সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিক নেতৃত্বের সমন্বয়ে গড়ে উঠুক এমন এক যুবসমাজ, যারা একটি শান্তিপূর্ণ, সমতাভিত্তিক, টেকসই এবং সমৃদ্ধ পৃথিবী নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

 

Ads small one

সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় ১১ বস্তা চাল দিলেন আলফা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় ১১ বস্তা চাল দিলেন আলফা

Oplus_131072

কে এম রেজাউল করিম, দেবহাটা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের কাজিমহল্লা মাদ্রাসার খাদ্য সংকট মোকাবিলায় মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ম্যান ফর ম্যান ফাউন্ডেশন। ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল ফেরদৌস আলফার পক্ষ থেকে মাদ্রাসাটিতে ১১ বস্তা চাল প্রদান করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেলে চাল হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, উপজেলা সভাপতি এবং কেন্দ্রীয় পরিচালকবৃন্দ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ মাদ্রাসার সার্বিক কার্যক্রম ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম প্রধান লক্ষ্য। শুধু ব্যক্তিগত উদ্যোগ নয়, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজের মানুষের মৌলিক প্রয়োজন পূরণে সহযোগিতা করাই সংগঠনটির উদ্দেশ্য।

মাদ্রাসায় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ায় সংশ্লিষ্টরা আল ফেরদৌস আলফা ও ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহযোগিতা শুধু একটি প্রতিষ্ঠানের খাদ্য সংকটই মোকাবিলা করে না, বরং সমাজে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করে।

স্থানীয়রা বলেন, বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নানা সংকট মোকাবিলায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আল ফেরদৌস আলফার পক্ষ থেকে দেওয়া এ সহায়তাকে মানবিক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

সংগঠনটির মূলমন্ত্র—“জীবন প্রতিযোগিতার নয়, জীবন সহযোগিতায়”-এই বার্তাকেই সামনে রেখে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

 

 

 

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় তেইশ লক্ষ টাকার মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে প্রায় তেইশ লক্ষ টাকার মালামাল আটক

পত্রদূত রিপোর্ট: রবিবার (০৯ আগস্ট ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ গাজীপুর, তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা ও চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোষ্ট এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ আটক করেছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গাজীপুর বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার ঘেরের পাড় হতে ১ লাখ ২০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার শালবাগান হতে ৭ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

 

কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার ভাদিয়ালি হতে ২ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার আম বাগান হতে ৮ লাখ ০৪ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। চান্দুরিয়া বিওপির আভিযানে কলারোয়া থানার কাঁদপুর হতে ৩ লাখ ১৬ হাজার ৫০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

এছাড়াও, বাঁকাল চেকপোষ্ট এর আভিযানে সাতক্ষীরা সদর থানার আলিপুর হাটখোলা হতে ৯০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ২২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

 

 

 

সাতক্ষীরায় সেবা বান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
সাতক্ষীরায় সেবা বান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

পত্রদূত রিপোর্ট: রবিবার (০৯ আগস্ট ২০২৬) সকাল ৯ টায় সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে ‘পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

জনবান্ধব, সেবামুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) এ.এস.এম. হাফিজুর রহমান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো পুলিশ সদস্যদের মধ্যে জনসেবার মানসিকতা, সততা, শৃঙ্খলা, মানবিকতা, পেশাদারিত্ব ও নৈতিক মূল্যবোধ আরও সুদৃঢ় করা।

 

জনগণের প্রতি আরও আন্তরিক, দায়িত্বশীল ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও আস্থাভাজন সম্পর্ক গড়ে তোলা। তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও মূল্যবোধ কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগের জন্য সকল প্রশিক্ষণার্থী’র প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরীসহ বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যবৃন্দ।