রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব রজঃনিবৃত্তি দিবস: মধ্যবয়সে ক্রনিক ব্যথা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ
বিশ্ব রজঃনিবৃত্তি দিবস: মধ্যবয়সে ক্রনিক ব্যথা

সাকিবুর রহমান বাবলা

নারীর জীবনের একটি স্বাভাবিক জৈবিক পরিবর্তন হলো মেনোপজ বা রজঃনিবৃত্তি। এ সময় মাসিক স্থায়ীভাবে বন্ধ হওয়ার পাশাপাশি শরীরে হরমোনের পরিবর্তন ঘটে, যা শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে প্রভাব ফেলতে পারে। নারীদের স্বাস্থ্যসুরক্ষা, মেনোপজ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবা সহজলভ্য করার লক্ষ্যে প্রতিবছর ১৮ অক্টোবর বিশ্ব রজঃনিবৃত্তি দিবস পালিত হয়। ইন্টারন্যাশনাল মেনোপজ সোসাইটি ২০০৯ সালে দিবসটি প্রতিষ্ঠা করে। ২০২৬ সালের প্রতিপাদ্য ‘মধ্যবয়সে দীর্ঘস্থায়ী ব্যথা’। এবারের লক্ষ্য মেনোপজকালীন পেশি ও অস্থিসন্ধির ব্যথাকে গুরুত্ব দেওয়া, সঠিক রোগনির্ণয় নিশ্চিত করা এবং প্রমাণভিত্তিক চিকিৎসার প্রসার ঘটানো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে মেনোপজ ঘটে। ডিম্বাশয়ের কার্যকারিতা কমে যাওয়া এবং ইস্ট্রোজেনসহ প্রজনন হরমোনের মাত্রা হ্রাস পাওয়ার ফলে মাসিক বন্ধ হয়ে যায়। অন্য কোনো শারীরিক কারণ না থাকলে টানা ১২ মাস মাসিক না হওয়াকে স্বাভাবিক মেনোপজ হিসেবে গণ্য করা হয়। এটি কোনো রোগ নয়; বরং জীবনের স্বাভাবিক পর্যায়। তবে এ সময় হট ফ্ল্যাশ বা হঠাৎ গরম লাগা, রাতে ঘাম, অনিদ্রা, মেজাজের পরিবর্তন, উদ্বেগ, বিষণœতা, ত্বক ও যোনিপথের শুষ্কতা এবং হাড় ও জয়েন্টে ব্যথা দেখা দিতে পারে। সবার ক্ষেত্রে লক্ষণ এক রকম হয় না।

মেনোপজের উপসর্গ নিয়ন্ত্রণে চিকিৎসাবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চিকিৎসকের মূল্যায়ন অনুযায়ী হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি অনেকের ক্ষেত্রে হট ফ্ল্যাশ, রাতের ঘাম ও অন্যান্য উপসর্গ কমাতে কার্যকর। তবে বয়স, চিকিৎসার ইতিহাস এবং ব্যক্তিগত ঝুঁকি বিবেচনা করে এ চিকিৎসা নির্ধারণ করতে হয়। হরমোন ব্যবহার উপযুক্ত না হলে নির্দিষ্ট অ-হরমোনজনিত ওষুধ, কাউন্সেলিং এবং জীবনযাত্রার পরিবর্তন সহায়ক হতে পারে। যোনিপথের শুষ্কতায় উপযুক্ত ময়েশ্চারাইজার, লুব্রিকেন্ট বা চিকিৎসকের পরামর্শে স্থানীয় চিকিৎসা নেওয়া যায়।

হাড়ের স্বাস্থ্য রক্ষায় ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ, প্রয়োজন অনুযায়ী হাড়ের ঘনত্ব পরীক্ষা এবং হৃদ্রোগের ঝুঁকি মূল্যায়ন জরুরি। ২০২৬ সালে নেচার মেডিসিন-এ প্রকাশিত গবেষণায় মেনোপজ-সম্পর্কিত রক্তের প্রোটিনের পরিবর্তনের সঙ্গে মস্তিষ্কের বার্ধক্য ও ডিমেনশিয়ার ঝুঁকির সম্পর্ক পাওয়া গেছে। একই বছর প্রকাশিত আরেক গবেষণায় মেনোপজের সময় হাড়, যকৃৎ, বৃক্ক ও রক্তের চর্বিসহ বিভিন্ন শারীরবৃত্তীয় ব্যবস্থায় পরিবর্তনের প্রমাণ উঠে এসেছে। এসব ফলাফল গুরুত্বপূর্ণ হলেও এগুলো থেকে ব্যক্তির ভবিষ্যৎ রোগ নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না। ফেজোলিনেট্যান্ট-এর মতো অ-হরমোনজনিত চিকিৎসাও হট ফ্ল্যাশ নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা তৈরি করেছে। নতুন ওষুধ ও টেস্টোস্টেরন থেরাপির কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে প্রমাণ এবং অনুমোদনের অবস্থা বিবেচনা করেই চিকিৎসা নিতে হবে।

সুষম খাদ্য মেনোপজ-পরবর্তী সুস্থতার অন্যতম ভিত্তি। দুধ, দই, ছোট মাছ, ডিম, সবুজ শাকসবজি, ডাল, সয়াবিন, বাদাম, তিসি ও তাজা ফল খাদ্যতালিকায় রাখা যেতে পারে। পর্যাপ্ত পানি পান, নিয়মিত হাঁটা, উপযোগী শক্তিবর্ধক ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম হাড় ও হৃদ্যন্ত্রের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে। অতিরিক্ত ক্যাফেইন, ঝাল খাবার বা অন্য কোনো নির্দিষ্ট খাবারে উপসর্গ বাড়লে তা কমানো যেতে পারে। সবার জন্য একই খাদ্যনিষেধ প্রযোজ্য নয়।

হরমোনের পরিবর্তন, ঘুমের ব্যাঘাত ও দীর্ঘস্থায়ী ব্যথা মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। ধ্যান, গভীর শ্বাসের অনুশীলন, পছন্দের কাজে সময় দেওয়া এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ মানসিক স্বস্তি দিতে পারে। প্রয়োজনে মনোবিজ্ঞানী বা কাউন্সেলরের সহায়তা এবং কগনিটিভ বিহেভিয়োরাল থেরাপি উপকারী হতে পারে। উপসর্গ দৈনন্দিন জীবন ব্যাহত করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষত, মেনোপজের পর আবার রক্তপাত হলে দ্রুত চিকিৎসা নিতে হবে।

মেনোপজ নিয়ে লজ্জা, কুসংস্কার ও নীরবতা দূর করা জরুরি। পরিবারের সদস্যদের উচিত নারীর শারীরিক অস্বস্তি ও মেজাজের পরিবর্তনকে অবহেলা না করে সহমর্মিতা দেখানো, গৃহস্থালির কাজ ভাগ করে নেওয়া এবং বিশ্রাম ও চিকিৎসার সুযোগ নিশ্চিত করা। কর্মক্ষেত্রেও প্রয়োজন অনুযায়ী বিরতি, আরামদায়ক পরিবেশ ও স্বাস্থ্যসচেতনতা কার্যকর সহায়তা হতে পারে।
মেনোপজ নারীর জীবনের সমাপ্তি নয়, নতুন এক অধ্যায়। এ সময় সঠিক তথ্য, সময়োপযোগী চিকিৎসা, পুষ্টি, মানসিক সহায়তা এবং পারিবারিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব রজঃনিবৃত্তি দিবসে আমাদের অঙ্গীকার হোক- মেনোপজ নিয়ে খোলামেলা আলোচনা, দীর্ঘস্থায়ী ব্যথার যথাযথ মূল্যায়ন, নারীবান্ধব স্বাস্থ্যসেবা এবং বয়স নির্বিশেষে প্রতিটি নারীর মর্যাদা ও সুস্থতা নিশ্চিত করা।

Ads small one

সাতক্ষীরায় ৪৯ দিনে শিশু রোগে আক্রান্ত ১,০৯০, হাসপাতালে শয্যা সংকট

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৪৯ দিনে শিশু রোগে আক্রান্ত ১,০৯০, হাসপাতালে শয্যা সংকট

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

গোলাম সরোয়ার: হঠাৎ শীতের প্রকোপ বাড়তে শুরু করায় সাতক্ষীরায় শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার সংক্রমণ বাড়ছে। গত ৪৯ দিনে জেলার তিনটি হাসপাতালে এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৯০ শিশু। রোগীর চাপ বাড়লেও বিশেষ করে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা ও চিকিৎসক সংকট। জায়গার অভাবে অনেক শিশুকে হাসপাতালের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ৬৪৩ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় ২৪৭ এবং ডায়রিয়ায় ৪৯৬ শিশু আক্রান্ত। একই সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৩ শিশু। এর মধ্যে নিউমোনিয়ায় ১০৮ এবং ডায়রিয়ায় ৭৫ শিশু। এ ছাড়া সাতক্ষীরার একমাত্র বেসরকারি শিশু হাসপাতালে একই সময়ে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ১৬৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় ১১৫ এবং ডায়রিয়ায় ৪৯ শিশু আক্রান্ত।

শিশু হাসপাতালের পরিচালক চিকিৎসক আবুল বাসার জানান, ওই সময়ে বহির্বিভাগে এসব রোগে আক্রান্ত আরও ৫ হাজার ৩২০ শিশু চিকিৎসা নিয়েছে। তবে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়া শিশুদের কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, শীতের আকস্মিক পরিবর্তনের সঙ্গে বাড়ছে শিশু রোগীর চাপ। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

সাতক্ষীরা সদর হাসপাতালে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। শয্যা সংকটের কারণে অনেক শিশুকে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

সদর উপজেলার বেতলা গ্রামের রোজিনা খাতুন জানান, তাঁর ৪০ দিন বয়সী ছেলে আবিদ হোসেনের শ্বাসকষ্ট দেখা দিলে ২০ নভেম্বর তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরীক্ষায় শিশুটির নিউমোনিয়া শনাক্ত হয়। কিন্তু শয্যা না থাকায় তাকে হাসপাতালের বারান্দায় রাখতে হয়েছে। শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন তিনি।

একইভাবে তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামের আফরোজা খাতুন তাঁর দেড় মাস বয়সী মেয়ে আইরিয়াকে শ্বাসকষ্ট নিয়ে ২০ নভেম্বর সদর হাসপাতালে ভর্তি করেন। ওয়ার্ডে শয্যা না পেয়ে বারান্দায় রেখেই শিশুটিকে নেবুলাইজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ও বারান্দায় প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ শিশু চিকিৎসা নিচ্ছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক আব্দুর রহমান জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা মাত্র ১৫টি। অথচ প্রতিদিন গড়ে ৯০ থেকে ১২০ শিশু ভর্তি থাকে। শিশুদের ডায়রিয়া ওয়ার্ডে অনুমোদিত শয্যা পাঁচটি হলেও সেখানে প্রতিদিন ২০ থেকে ৩০ শিশু ভর্তি থাকে। সীমিত শয্যার মধ্যে অতিরিক্ত রোগীর চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক চিকিৎসক মো. সামছুর রহমান বলেন, আবহাওয়ার আকস্মিক পরিবর্তন, তাপমাত্রার ওঠানামা ও শীতের প্রকোপ শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দ্রুত জটিল আকার ধারণ করতে পারে। অন্যদিকে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই এসব রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সাতক্ষীরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য আব্দুল বারী বলেন, শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে শয্যা বাড়ানো, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স পদায়ন এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

সাতক্ষীরার সিভিল সার্জন চিকিৎসক আব্দুস সালাম জানান, ১৯৮০ সালের দিকে ৫০ শয্যা নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। পরে এটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও জেলা সদরে রোগীর চাপ অনেক বেশি। এ কারণে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সভায় প্রস্তাবটি উত্থাপন করা হলেও সাতক্ষীরা মেডিকেল কলেজের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তখন অনুমোদন পাওয়া যায়নি। বিষয়টি বাস্তবায়নে আবারও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

শীতের মৌসুমে শিশু রোগীর চাপ আরও বাড়ার আশঙ্কা থাকায় সাতক্ষীরা সদর হাসপাতালের শয্যা ও চিকিৎসক সংকট নিরসন এখন জরুরি হয়ে উঠেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে উপকূলীয় এ জেলার শিশুদের চিকিৎসাসেবা আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে দুই নারী উপজেলার কাটাখালীর দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান ও এসআই আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় নুরজাহানকে আটক করে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি করা হলে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার হয়। পরে তাঁর সহযোগী আসমাকেও আটক করা হয়।

পুলিশ আরও জানায়, আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বান্দিকাটি এলাকায় তাঁদের ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবির। এ উপলক্ষে তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. আমির হামজা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন ও মো. বাবুল হোসাইন হাওলাদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার শ্রেষ্ঠ ওসি, মাদক উদ্ধারকারী এসআই ও এএসআই, ওয়ারেন্ট তামিলকারী এসআই ও এএসআই এবং সর্বোচ্চ মামলা রুজুকারী সার্জেন্টকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।