শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধা সুজাত আলীর সুস্থতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা সুজাত আলীর সুস্থতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব

তালা প্রতিনিধি: তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক এস. আর. আওয়ালের বাবা বীর মুক্তিযোদ্ধা সরদার সুজাত আলী (৯৫) গুরুতর অসুস্থ। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছে পরিবার ও তালা রিপোর্টার্স ক্লাব।

সাংবাদিক এস. আর. আওয়াল জানান, গত ১০ অক্টোবর অসুস্থ অবস্থায় চিকিৎসকের পরামর্শে সরদার সুজাত আলীকে মাদার তেরেসা ক্লিনিকে ভর্তি করা হয়। পরদিন তাঁর ডান পায়ের বৃদ্ধাঙ্গুল কেটে বাদ দিতে হয়। এরপরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত সপ্তাহে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক ডা. প্রবীর কুমার দাশের অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আগামী ১৪ নভেম্বর তাঁর আরেকটি অস্ত্রোপচারের কথা রয়েছে।

সরদার সুজাত আলী তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের মৃত সৈয়দ আলী সরদারের জ্যেষ্ঠ ছেলে। তিনি দীর্ঘদিন জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতে প্রশিক্ষণ নিয়ে খেশরা ইউনিয়নের বাতুয়াডাঙ্গা গ্রামে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে ক্যাম্প গড়ে তোলেন এবং ক্যাম্প কমান্ডারের দায়িত্ব পালন করেন। পরে দীর্ঘদিন তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে তিনি শালিখা কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হন এবং দীর্ঘদিন প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করেন।

তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন তালা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক নারায়ণ মজুমদার, সিনিয়র সদস্য মীর জাকির হোসেন, ইন্দ্রজিৎ দাস বাপ্পী, বি এম জুলফিকার রায়হান, গোলাম মোস্তফা, মিজানুর রহমান, মারুফ উল ইসলাম, বাবলুর রহমান, মো. বায়েজীত হোসেন, হাফিজুর রহমান, মো. শাহিনুর রহমান, সাইদ সম্রাট, তাপস ঘোষ, আবু জাফর, এহসানুল হক, লিটন পারভেজ, দেলোয়ার হোসেন, গোলাম রাব্বানী, শেখ সিদ্দিক, রিপন হুসেইন, বাহারুল ইসলাম, রেশমা খাতুন ও শেখ বাবলুর রহমানসহ ক্লাবের সদস্যরা।

 

Ads small one

শ্যামনগরে যুবলীগের মশাল মিছিলের ভিডিও প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
শ্যামনগরে যুবলীগের মশাল মিছিলের ভিডিও প্রকাশ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের রাহাতুল্লার মোড় থেকে মিছিলটি বের হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলে জানা গেছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে যুবলীগের নেতাকর্মীরা ফেসবুকে মিছিলের ভিডিও পোস্ট করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী সাংবাদিকদের বলেন, তিনি ছুটিতে রয়েছেন। বিষয়টি শুনেছেন। অনেক সময় পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। মিছিলটি সাম্প্রতিক সময়ে হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরায় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা কমেছে। সরবরাহ বাড়ায় পাইকারি ও খুচরা—উভয় পর্যায়ে দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আড়তদাররা।

সুলতানপুর বড় বাজারে গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে ৪০ টাকায়। এক সপ্তাহ আগে এ দাম ছিল ৪৮ থেকে ৫০ টাকা। বাজারের পাইকারি মসলা বিক্রির আড়ত মেসার্স মামা-ভাগ্না ভাণ্ডারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে ১ হাজার ৪০০ টাকায়। এক সপ্তাহ আগে দাম ছিল ১ হাজার ৮০০ টাকা।

বিক্রেতারা জানান, বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ায় পাইকারি পর্যায়ে দাম কমেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আহমেদ জানান, চলতি মৌসুমে জেলায় ৬৫০ হেক্টর জমিতে ৭ হাজার ৮০০ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে।

দেবহাটায় যুব ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
দেবহাটায় যুব ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার পারুলিয়া সাগরহাট মাধ্যমিক বিদ্যালয় (সাইক্লোন সেন্টার) প্রাঙ্গণে এ সমাবেশ হয়।

সমাবেশে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দীপংকর ঘোষকে আহ্বায়ক ও বাপ্পা দাসকে সদস্যসচিব করে ২১ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অমিত কুমার ঘোষ। উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবহাটা উপজেলা শাখার সভাপতি চন্দ্রকান্ত মল্লিক। প্রধান বক্তা ছিলেন যুব ঐক্য পরিষদের জেলা শাখার সদস্যসচিব অরবিন্দ কর্মকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার ঘোষ, বিপ্লব কান্তি মণ্ডল, গোপাল কুমার সরকার, গাজীরহাট দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অলোক সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা হবে সম্প্রীতি, শান্তি, ন্যায়বিচার ও সহাবস্থানের জনপদ। চাঁদাবাজি, ভূমিদখল, সন্ত্রাস, বৈষম্য ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথি অমিত কুমার ঘোষ বলেন, যুব ঐক্য পরিষদ বিভেদ বা বিদ্বেষে বিশ্বাস করে না; সংগঠনটি ন্যায়, মানবিকতা, অধিকার ও সম্প্রীতির পক্ষে কাজ করে। সব ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্মীয় অধিকার, সম্পদ ও সামাজিক মর্যাদা রক্ষায় সংগঠনটি সোচ্চার থাকবে। অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও ভূমিদখলের বিরুদ্ধে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মতভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

নবগঠিত কমিটির নেতারা জানান, দেবহাটায় যুবসমাজকে সংগঠিত করে সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করবেন তারা।