বুধহাটায় আজ শুরু হচ্ছে ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরে আজ সোমবার (১ জুন) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ১৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও মহোৎসব। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আয়োজকেরা জানান, সোমবার সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপন, শ্রীমদ্ভাগবত আলোচনা ও শুভ অধিবাসের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২ ও ৩ জুন (মঙ্গলবার ও বুধবার) অনুষ্ঠিত হবে ১৬ প্রহরব্যাপী অখ- তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন। আগামী ৪ জুন বৃহস্পতিবার কুঞ্জলীলা স্মরণ, নগরকীর্তন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে চার দিনের এই উৎসবের সমাপ্তি ঘটবে।
এবারের অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা খ্যাতনামা কীর্তনীয়া দল নামামৃত পরিবেশন করবে। এদের মধ্যে রয়েছে চট্টগ্রামের গোঠের রাখাল সম্প্রদায়, মানিকগঞ্জের শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ সম্প্রদায়, কুমিল্লার বেদবাণী সম্প্রদায়, খুলনার ভুবন মোহিনী সম্প্রদায় ও রানী রাসমণি সম্প্রদায়, বাগেরহাটের বন্ধু সুন্দর সম্প্রদায় এবং সাতক্ষীরার জগন্নাথ সম্প্রদায়। উৎসব উপলক্ষে বিশেষ মালসা ভোগের আয়োজন রাখা হয়েছে, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০১ টাকা।









