বেনাপোলে ক্রেনের তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু: বন্দরে শোকসভা
বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাসের সময় ক্রেনের তার ছিঁড়ে শ্রমিক শাহজাহান আলীর (৪৫) মৃত্যুর ঘটনায় বন্দরে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি. নং ৮৯১) কার্যালয়ের সামনে এই সভা অনুষ্ঠিত হয়।
শোকসভায় বন্দরের প্রায় তিন হাজার সাধারণ শ্রমিক অংশ নেন। তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে সভায় যোগ দেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরাও। এ সময় নিহত শ্রমিকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত ও বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী। বক্তারা অবিলম্বে নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান এবং আহত শ্রমিকের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য বন্দর কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে বন্দরের ক্রেনসহ অন্যান্য যন্ত্রপাতির ফিটনেস পরীক্ষার দাবিও তোলা হয়।
বন্দর ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বেনাপোল বন্দরের একটি শেডে (গোডাউন) পণ্য খালাসের কাজ চলছিল। এ সময় হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে ভারী পণ্য নিচে থাকা শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই শাহজাহান আলীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন সোহেল হোসেন নামের আরেক শ্রমিক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিক নেতারা জানান, নিহত শাহজাহান আলীর পরিবারের পাশে দাঁড়াতে সব ধরনের সহযোগিতা করা হবে। আহত সোহেলের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের বিষয়েও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে তাঁরা নিশ্চিত করেছেন। এদিকে, এই দুর্ঘটনার পর বন্দরের সাধারণ শ্রমিকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।













