ভারতের কারাগারে সাজা শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি যুবক
বেনাপোল (যশোর) প্রতিনিধি: ভারতের জম্মু-কাশ্মীরের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ছয়জন বাংলাদেশি যুবক। ২২ অক্টোবর বিকেলে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে তাঁদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা যুবকরা কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়ে জম্মু-কাশ্মিরে বসবাস করছিলেন এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটির পুলিশের হাতে আটক হয়ে আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত হন। ডিস্ট্রিক্ট কারাগারে কারাভোগ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের ফেরত পাঠায়।
তাঁরা হলেন মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, আব্দুল সবুর, মোহাম্মদ সাব্বির ইসলাম ও মোহাম্মদ হাফিজুর রহমান। তাঁদের বাড়ি বগুড়া, গাজীপুর, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলায়। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ সাইফুর রহমান জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের গ্রহণ করে নিজ নিজ আত্মীয়স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।












