সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
ব্রহ্মরাজপুরে মাদকবিরোধী অভিযান

 

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের মৃত অধির মুখার্জির ছেলে জয়দেব ঠাকুরের বাড়িতে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানান, জয়দেব ঠাকুরের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা মজুদ রয়েছে এমন তথ্যে অভিযান চালান অধিদপ্তরের সদস্যরা। অভিযানকালে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে জয়দেব থলিতে থাকা মাদকদ্রব্য নিয়ে পালিয়ে যান।
ঘটনা স্থান থেকে ধুলিহর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মিন্টু সাহা ওরফে ভোম্বল এবং একই ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের মোটরসাইকেল মেকানিক মাহমুদুল্লাহ ওরফে মাহবুবকে আটক করা হয়। তবে তাঁদের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আটক গ্রাম পুলিশ মিন্টু সাহা ওরফে ভোম্বল পরে জানান, জয়দেব মাদকদ্রব্য নিয়ে পালিয়েছেন এবং তাঁকে হাজির করার ব্যবস্থা করা হবে। তবে অভিযানকালে কোনো মাদকদ্রব্য উদ্ধার হয়েছে কি না কিংবা পরবর্তীতে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় অধিবাসীরা এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

Ads small one

বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ণ
বিয়ে না করা কি দেবের ভুল সিদ্ধান্ত? যা বললেন অভিনেতা

বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই সাধারণত ব্যক্তিগত জীবন প্রসঙ্গে খুব বেশি মুখ খুলতে দেখা যায় না টলিউড অভিনেতা দেবকে। তবে ‘দাদাগিরি’র বিশেষ পর্বে অভিনেতাকে কিছুটা অন্যরকম মেজাজে দেখা গেলো। পরিবারের সঙ্গে তার সম্পর্ক এবং এখনও কেন বিয়ের সিদ্ধান্ত নেননি; এসব কিছু নিয়েই সরাসরি কথা বলেছেন তিনি।

দেবকে প্রশ্ন করেন সুদীপা চট্টোপাধ্যায়। উত্তরে দেব যেমন নিজের বর্তমান জীবন নিয়ে সন্তুষ্টির কথা জানান, তেমনই অতীতের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আক্ষেপের কথাও স্বীকার করেন।

‘দাদাগিরি’র নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, বিশেষ এই পর্বে উপস্থিত রয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, অম্বরিশ ভট্টাচার্য-সহ আরও অনেকে। সেখানেই দেবকে প্রশ্ন করেন সুদীপা। তার বক্তব্য, ‘ফ্যামিলি ম্যান’ হওয়ার পরেও এখনও বিয়ের পথে হাঁটেননি কেন? বিয়ে না করেই কি তিনি সত্যিই খুশি?

সুদীপার প্রশ্নের জবাব দিতে গিয়ে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গে যথেষ্ট সতর্ক ছিলেন দেব। অভিনেতা বলেন, ‘আমি এমন কিছু বলতে চাই না, যেখানে আমার পার্টনারের অপমান হয়। বিয়ে করিনি বলে আমি খুশি নই, সেটাও তো নয়। বিয়ে করলেই মানুষ খুশি থাকবে, আর বিয়ে না করলে খুশি থাকবে না; এটা ঠিক নয়। সন্তান হলে তবেই মানুষ খুশি থাকবে, নিজের সন্তান না থাকলে খুশি থাকবে না; এটাও ভুল ধারণা। আমি এখনও খুশি।’

তবে এখানেই থামেননি দেব। নিজের জীবনের কিছু সিদ্ধান্ত নিয়ে তার মনে আক্ষেপ রয়েছে বলেও জানান অভিনেতা।

দেবের কথায়, ‘কিছু সিদ্ধান্ত আমার নেওয়া ঠিক হয়নি। কিছু সিদ্ধান্ত হয়তো আরও আগে নিতে পারতাম। কিছু সিদ্ধান্ত নিলে হয়তো ভালো হতো। সেটা নিইনি বলে আক্ষেপ রয়েছে।’

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ণ
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন

এশিয়ান গেমসে নামার আগেই বড় ধাক্কা খেলো বাংলাদেশ ক্রিকেট দল। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটে ২০তম এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। পরে শারীরিক পরীক্ষা ও এমআরআই করানোর পর তার চোট নিশ্চিত হয়।

বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘১৯ সেপ্টেম্বর অনুশীলন সেশনে বোলিং করার সময় সাইফউদ্দিন তার ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। শারীরিক পরীক্ষা এবং এমআরআই করার পর চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সুস্থ হয়ে উঠতে তার আনুমানিক তিন সপ্তাহের পুনর্বাসনের প্রয়োজন হবে।’

তিন সপ্তাহের পুনর্বাসন প্রয়োজন হওয়ায় এশিয়ান গেমসের ক্রিকেটে আর খেলা হচ্ছে না সাইফউদ্দিনের।

এশিয়ান গেমসে সাইফউদ্দিনের না থাকার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেমস কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া সাপেক্ষে সাইফউদ্দিনের পরিবর্তে অন্য একজন ক্রিকেটারের নাম ঘোষণা করবে বিসিবি।

ঋতুপর্ণাদের খেলায় মুগ্ধ বাংলাদেশ কোচ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
ঋতুপর্ণাদের খেলায় মুগ্ধ বাংলাদেশ কোচ

দুই কোরিয়ার কাছে হার। এরপরও হাল ছাড়েনি বাংলাদেশ। এশিয়ান গেমসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে র‍্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে গোলশূন্য ড্র করেছে ঋতুপর্ণা চাকমারা। আর মেয়েদের এমন পারফরম্যান্সে মুগ্ধ বাংলাদেশ কোচ পিটার বাটলার।

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে বেশ গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচে বল দখলেও খুব একটা পিছিয়ে ছিল না লাল-সবুজের প্রতিনিধিরা। এমন পারফরম্যান্সের পর মেয়েদের নিয়ে গর্বিত কোচ।

ম্যাচ শেষে পিটার বাটলার বলেন, ‘মেয়েদের আজকের খেলায় আমি সত্যিই খুব গর্বিত ও সন্তুষ্ট। তারা দারুণ খেলেছে। আমাদের দলে বেশ কয়েকজন তরুণ ফুটবলার রয়েছে। ১৬ বছর বয়সী আইরিন দলে ফিরে এসেছে, আর মৌমিতাও অসাধারণ খেলেছে। সব মিলিয়ে এই মানের ফুটবলে আমাদের দলকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে।’

ফিফা র‍্যাঙ্কিংয়ে মিয়ানমার ৫০-এর কাছাকাছি, আর বাংলাদেশ ১০০-এর ওপরে। পার্থক্যটা এখানেই স্পষ্ট। কিন্তু মাঠে সেই ব্যবধান খুব একটা দেখা যায়নি। ম্যাচে ৪৮ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল বাংলাদেশ। রক্ষণেও হাইলাইন ধরে সাহসী ফুটবল খেলেছেন আফঈদা খন্দকাররা।

বাটলারও আলাদা করে উল্লেখ করেছেন সেটি, ‘প্রতিপক্ষ হিসেবে এই মানের কথা আমি আলাদা করে বলছি, কারণ মিয়ানমারের ফিফা র‍্যাঙ্কিং ৫০-এর কাছাকাছি, আর আমরা ১০০-এর ওপরে। তা সত্ত্বেও আমরা কিছু চমৎকার ফুটবল খেলেছি এবং মাঠে গুছিয়ে খেলেছি।’

তিনি আরও যোগ করেন, ‘ডিফেন্সে আমাদের মেয়েরা যথেষ্ট শক্ত দেখিয়েছে। আমরা হাইলাইন নিয়ে খেলেছি, যা আমাদের মেয়েরা খুব ভালোভাবেই সামলেছে। দুটি পরাশক্তি দলের বিরুদ্ধে খেলাটা আমাদের জন্য বড় এক শিক্ষার অভিজ্ঞতা ছিল।’

শুধু ড্রতেই সন্তুষ্ট নন বাটলার। তার বিশ্বাস, নিজেদের খেলাটা ধরে রাখতে পারলে ভবিষ্যতে মিয়ানমারের মতো দলকেও হারাতে পারবে বাংলাদেশ। তার ভাষায়, ‘আমি আবারও বলছি, আমরা হয়তো এখনও ওদের পর্যায়ে পৌঁছাইনি। তবে একটি কথা বলতে পারি, ওদের হারানো সম্ভব। ম্যাচের ফল হিসেবে ড্র হওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত ছিল।’

কোচের মূল্যায়ন, ‘খেলার ফল যা-ই হোক না কেন, আমি মেয়েদের কাছ থেকে একটি ইতিবাচক খেলা দেখতে চেয়েছিলাম এবং তারা ঠিক সেটাই করে দেখিয়েছে। একটি ভালো নোট দিয়ে টুর্নামেন্ট শেষ করতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত।’

এশিয়ান গেমসে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বয়স ও ফিফা র‍্যাঙ্কিং দুই দিক থেকেই পিছিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু সেই সীমাবদ্ধতা মেয়েদের লড়াইয়ের মান কমাতে পারেনি বলেই মনে করেন বাটলার, ‘আমাদের দলে বেশ কিছু প্রতিশ্রুতিশীল তরুণী উঠে আসছে। অনেকে হয়তো অনুধাবন করতে পারছেন না যে এই টুর্নামেন্টে আমাদের দলটি ছিল সবচেয়ে তরুণ এবং র‍্যাঙ্কিংয়েও সবচেয়ে পিছিয়ে থাকা দল। এরপরও আমরা দারুণ দুটি দলের মুখোমুখি হয়েছি এবং আজকের ম্যাচে মিয়ানমারের মতো দলের বিপক্ষেও নিজেদের সেরাটা দিয়ে লড়েছি।’