রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমিহীন নেতা মফিজুর রহমানের সুস্থতা কামনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
ভূমিহীন নেতা মফিজুর রহমানের সুস্থতা কামনা

পত্রদূত ডেস্ক: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সহসভাপতি ও মানবাধিকারকর্মী মফিজুর রহমানের আশু সুস্থতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।
গত ২৬ নভেম্বর সাতক্ষীরা শহরের বিনেরপোতা এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনার সোনাডাঙ্গা এলাকার সাউথ জন হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোহাম্মদ কওসার আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সামাদ গাজীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

Ads small one

সাতক্ষীরায় সারভাইভার লিডারদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় সারভাইভার লিডারদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

সংবাদদাতা: শিশু যৌন পাচার প্রতিরোধ, ঝুঁকিতে থাকা শিশু ও নারীদের সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় বেঁচে ফেরা ব্যক্তিদের নেতৃত্বাধীন দলের সদস্যদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) প্রশিক্ষণটি শেষ হয়। এর আগে শনিবার সকালে শহরের ম্যাংগ্রোভ সভাঘরে ‘শিশু যৌন পাচার প্রতিরোধ, নিরাপদ সেবা সংযোগ ও নেতৃত্ব বিকাশে বেঁচে ফেরা ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

বাংলাদেশে শিশু যৌন পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা জোরদার প্রকল্পের আওতায় রাইটস যশোর এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে কারিগরি ও আর্থিক সহায়তা দেয় দ্য ফ্রিডম ফান্ড। প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা, শিবপুর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের বেঁচে ফেরা ব্যক্তিদের নেতৃত্বাধীন দলের ১০ জন সদস্য অংশ নেন।
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় শিশু যৌন পাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সুরক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে আয়োজকেরা আশা প্রকাশ করেন।

প্রকল্পটির আওতায় সাতক্ষীরা সদর, কলারোয়া ও দেবহাটা উপজেলায় শিশু যৌন পাচার প্রতিরোধ এবং ভুক্তভোগীদের সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শ্যামনগরে সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নামে নাশকতার মামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
শ্যামনগরে সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নামে নাশকতার মামলা

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে দৈনিক কালবেলার প্রতিনিধি সাংবাদিক আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশেক-ই ইল্লাহি মুন্নার ভাইপো এস এম সায়েদ সুলতান বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জগলুল হায়দার, তাঁর তিন ভাই জহুরুল হায়দার বাবু, কামরুল হায়দার নান্টু ও জাহাঙ্গীর হায়দার এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে উপজেলার জেলেখালী এলাকা থেকে তিন বোতল পেট্রোলসহ স্থানীয়দের হাতে আটক ছাত্রলীগ কর্মী আল আমিন ও জাহাঙ্গীরকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বাড়ি যথাক্রমে গোমানতলী ও পানখালী গ্রামে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, শনিবার রাতে আল আমিন ও জাহাঙ্গীরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলেখালী এলাকায় মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে স্থানীয়রা তাঁদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যান। এ সময় দুজনকে আটক করা হয়।
এদিকে আব্দুর রহমান বাবুর রাজনৈতিক পরিচয় নিয়ে স্থানীয় বিএনপির নেতাদের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবির ও পৌর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবুসহ কয়েকজন নেতার দাবি, বাবু একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন এবং ২০২৪ সালের জুনে জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হন।
তাঁদের অভিযোগ, পুরোনো রাজনৈতিক পরিচয় সামনে এনে মামলার দায় থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন বাবু। তবে এ বিষয়ে আব্দুর রহমান বাবুর বক্তব্য পাওয়া যায়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম জানান, সায়েদ সুলতান ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা করেছেন। পেট্রোলসহ আটক আল আমিন ও জাহাঙ্গীরকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর মা রাজিয়া সুলতানা আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর মা রাজিয়া সুলতানা আর নেই

পত্রদূত ডেস্ক: প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর মা রাজিয়া সুলতানা (৮৯) আর নেই। রোববার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকায় ছোট মেয়ের বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় নিজ বাসভবনে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া কামনা করা হয়েছে।