ভৈরব বাঁচাতে ঊষা
সচ্চিদানন্দ দে সদয়
একটি নদী মরে গেলে শুধু তার পানির প্রবাহ থেমে যায় না, থেমে যায় একটি জনপদের স্বাভাবিক জীবনপ্রবাহও। নদী হারায় নাব্যতা, পরিবেশ হারায় ভারসাম্য, আর মানুষ হারায় প্রকৃতির সঙ্গে বেঁচে থাকার সহজ অধিকার। অথচ নদী রক্ষার দায়িত্ব যাদের, অনেক সময় তাদের নিষ্ক্রিয়তার বিপরীতে একজন সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হয়। যশোরের ভৈরব নদ বাঁচাতে চিকিৎসক ডা. সাদিয়া মনোয়ারা ঊষার উদ্যোগ আমাদের সামনে সেই প্রশ্নটিই নতুন করে হাজির করেছে।
৬ নভেম্বর কালো, দুর্গন্ধযুক্ত পানিতে নেমে কচুরিপানা ও আবর্জনা সরানোর কাজ শুরু করেন ডা. ঊষা। কাজ করতে গিয়ে পায়ে আঘাত পেয়েও তিনি থেমে থাকেননি। তাঁর আহ্বানে পরবর্তী সময়ে যুক্ত হয়েছেন শত শত স্বেচ্ছাসেবী। একজন মানুষের প্রতিবাদ কীভাবে সামাজিক আন্দোলনে রূপ নিতে পারে, ভৈরব নদ পরিষ্কারের উদ্যোগ তারই উদাহরণ।
ডা. ঊষার এই উদ্যোগকে কেবল একজন পরিবেশসচেতন মানুষের ব্যক্তিগত প্রচেষ্টা হিসেবে দেখলে ভুল হবে। এর মধ্যে রয়েছে নাগরিক দায়িত্ববোধের প্রকাশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এক ধরনের নীরব প্রতিবাদ। একজন চিকিৎসক যখন রোগী দেখার পাশাপাশি নদী রক্ষায় নেমে পড়েন, তখন বুঝতে হবে পরিবেশের সঙ্গে মানুষের স্বাস্থ্য ও জীবনযাপনের সম্পর্ক কতটা গভীর। দূষিত নদীর পানি, দুর্গন্ধ, মশার উপদ্রব এবং জীববৈচিত্র্যের ক্ষতি শেষ পর্যন্ত জনস্বাস্থ্যের ওপরই প্রভাব ফেলে।
একসময় ভৈরব নদ ছিল যশোরের প্রাণপ্রবাহ। এই নদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল জনজীবন, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগব্যবস্থা। নদীর স্বচ্ছ পানিতে নৌকা চলত, দুই পাড়ের মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে ছিল এর অস্তিত্ব। সময়ের সঙ্গে সেই নদ আজ দূষণ, দখল, অব্যবস্থাপনা ও অবহেলার শিকার। কলকারখানা, হাসপাতাল, রেস্তোরাঁ ও বাসাবাড়ির বর্জ্য নদে ফেলার অভিযোগ রয়েছে। কচুরিপানায় ঢেকে গেছে পানির বড় অংশ। কোথাও কোথাও নদকে দেখে জলাশয় বলেও মনে হয় না, মনে হয় পরিত্যক্ত ভাগাড়।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ভৈরব নদ পুনরুদ্ধারে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে খননকাজ করা হয়েছে বলে জানা যায়। এত বিপুল অর্থ ব্যয়ের পরও নদটি আবার দূষিত হয়ে পড়লে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই প্রকল্পের সুফল কোথায় গেল? খনন করলেই কি নদ বাঁচে? নদীর প্রবাহ সচল রাখা, দূষণের উৎস বন্ধ করা, অবৈধ দখল উচ্ছেদ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না থাকলে কোটি কোটি টাকার প্রকল্পও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ফল দিতে পারে না।
এখানেই মূল সংকট। আমাদের দেশে নদী পুনরুদ্ধারের উদ্যোগে অনেক সময় খননকেই প্রধান সমাধান হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু নদীর মৃত্যু শুধু পলি জমার কারণে ঘটে না। নদীর সঙ্গে যুক্ত খাল বন্ধ হয়ে যাওয়া, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, শিল্পবর্জ্য নিঃসরণ, দখল এবং প্রশাসনিক নজরদারির অভাবও নদীকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এসব সমস্যার সমাধান না করে বারবার খনন করলে সরকারি অর্থ ব্যয় হবে, কিন্তু নদীর প্রাণ ফিরবে না।
ডা. ঊষার আহ্বানে তরুণ-তরুণীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নদে নেমে কচুরিপানা পরিষ্কার করা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। তাঁদের শ্রম ও আন্তরিকতা প্রশংসার দাবি রাখে। কিন্তু একটি বিষয় মনে রাখা প্রয়োজন, স্বেচ্ছাসেবীরা নদ পরিষ্কারের কাজ করতে পারেন, নদকে দূষণমুক্ত রাখার স্থায়ী ব্যবস্থা করা তাঁদের দায়িত্ব নয়। হাসপাতালের বর্জ্য, ব্যবহৃত ইনজেকশনের সুচ, ভাঙা কাচসহ ঝুঁকিপূর্ণ বর্জ্য নদে পাওয়া গেলে তা শুধু পরিবেশদূষণের ঘটনা নয়, জনস্বাস্থ্যের জন্যও বিপজ্জনক। এসব বর্জ্য কীভাবে নদে যাচ্ছে, কারা ফেলছে এবং কেন তা বন্ধ করা যাচ্ছে না—এসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে।
এখানে যশোর পৌরসভা, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট করতে হবে। নদে বর্জ্য ফেলার উৎস চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। হাসপাতাল ও শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা নিয়মিত পরিদর্শনের আওতায় আনতে হবে। নদীর দুই পাড়ের অবৈধ দখল চিহ্নিত করে উচ্ছেদ করতে হবে। একই সঙ্গে কচুরিপানা অপসারণ, নাব্যতা রক্ষা ও পানির স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে নিয়মিত পরিচর্যার ব্যবস্থা করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ভৈরব নদ পুনরুদ্ধারের জন্য একটি সমন্বিত ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করা। কোন প্রতিষ্ঠান কোন কাজ করবে, কত দিনের মধ্যে করবে, কত টাকা ব্যয় হবে এবং কাজের অগ্রগতি কে তদারকি করবে—এসব বিষয় জনসমক্ষে প্রকাশ করতে হবে। খনন বা পরিষ্কারের কাজ শেষ হওয়ার পর তার কার্যকারিতা যাচাইয়ের ব্যবস্থাও থাকতে হবে। প্রকল্পের অর্থ ব্যয়ের হিসাবের পাশাপাশি নদীর বাস্তব পরিবর্তন মূল্যায়ন করতে হবে। প্রয়োজনে নাগরিক সমাজ, পরিবেশকর্মী ও স্থানীয় জনগণকে নিয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা যেতে পারে।
কারণ, নদী রক্ষার নামে অর্থ ব্যয় করাই সাফল্য নয়; নদীর পানি পরিষ্কার থাকা, প্রবাহ ফিরে পাওয়া এবং দূষণ বন্ধ হওয়াই প্রকৃত সাফল্য। অতীতের প্রকল্পগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের কাজের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
ডা. ঊষা একা যে কাজ শুরু করেছিলেন, আজ সেখানে শত শত মানুষ যুক্ত হয়েছেন। এই দৃশ্য আমাদের আশাবাদী করে। তবে একই সঙ্গে এটি রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক দায়িত্বের একটি বড় প্রশ্নও সামনে আনে। একজন নাগরিক কেন নিজের শরীরের ঝুঁকি নিয়ে নদী পরিষ্কার করতে নামবেন, যখন নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণের জন্য সরকারি প্রতিষ্ঠান ও জনবল রয়েছে? নাগরিক উদ্যোগকে স্বাগত জানানো অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই উদ্যোগের ওপর প্রশাসনিক দায়িত্ব চাপিয়ে দেওয়া যায় না।
ভৈরব নদ বাঁচানোর আন্দোলন তাই এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কচুরিপানা সরিয়ে নদীর বুকে আকাশ দেখা গেছে, এবার সেই আকাশ যেন আবার কচুরিপানায় ঢেকে না যায়, সেটি নিশ্চিত করতে হবে। ডা. ঊষার উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেছে। এখন প্রয়োজন সেই সচেতনতাকে কার্যকর কর্মপরিকল্পনায় রূপ দেওয়া।
একজন মানুষ পথ দেখাতে পারেন, শত শত মানুষ তাঁর পাশে দাঁড়াতে পারেন; কিন্তু একটি নদীকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় উদ্যোগ, প্রাতিষ্ঠানিক দায়িত্বশীলতা এবং জনসম্পৃক্ততা। ভৈরব নদ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি নয়, এটি যশোরের মানুষের প্রাকৃতিক সম্পদ। তাই এর সুরক্ষার দায়িত্বও সবার।
ডা. ঊষা নদীতে নেমে দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন। এখন দেখার বিষয়, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো এবার সত্যিই জেগে ওঠে কি না। ভৈরবকে বাঁচাতে আর আশ্বাস নয়, চাই দৃশ্যমান কাজ, নিয়মিত তদারকি এবং কার্যকর জবাবদিহি।
লেখক: সংবাদকর্মী।











