মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসপ্তমী: প্রকৃতি, মানুষের জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
মহাসপ্তমী: প্রকৃতি, মানুষের জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ

সচ্চিদানন্দ দে সদয়

শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দেবী দুর্গার যে আনুষ্ঠানিক আরাধনা শুরু হয়, সপ্তমীতে তা পূর্ণতা পেতে থাকে নবপত্রিকা প্রবেশ, কলাবউয়ের স্নান, দেবীর মহাস্নান ও সপ্তমীবিহিত পূজার মধ্য দিয়ে। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠে পূজাম-প। ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন শান্তি, শক্তি, মঙ্গল ও কল্যাণের। কিন্তু মহাসপ্তমীর তাৎপর্য কেবল পূজার আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয়। এর অন্তর্নিহিত বার্তা শক্তির জাগরণ, প্রকৃতির প্রতি শ্রদ্ধা, অশুভের বিরুদ্ধে প্রতিরোধ এবং মানুষের মধ্যে শুভবোধ প্রতিষ্ঠা। বাংলাদেশে ২০২৬ সালের ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সূচনা হয়েছে। আজ ১৭ অক্টোবর শনিবার মহাসপ্তমী। ষষ্ঠীতে দেবীর বোধনের পর সপ্তমীর সকালে নবপত্রিকা স্নান ও স্থাপনের মধ্য দিয়ে পূজার গুরুত্বপূর্ণ পর্ব শুরু হয়। পুরোহিতেরা শাস্ত্রবিধি অনুসারে সপ্তমীবিহিত পূজা সম্পন্ন করেন।

 

ভক্তরা অঞ্জলি দেন, দেবীর সামনে প্রার্থনায় মিলিত হন। প্রতিটি আচার-অনুষ্ঠানের পেছনে রয়েছে ধর্মীয় বিশ্বাস, পৌরাণিক ব্যাখ্যা ও বাঙালির দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য।মহাসপ্তমীর বিশেষ আকর্ষণ নবপত্রিকা, যা সাধারণ মানুষের কাছে কলাবউ নামে পরিচিত। কলাগাছের সঙ্গে কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মানকচু ও ধানগাছ একত্রে বেঁধে নবপত্রিকা তৈরি করা হয়।

 

পরে তা স্নান করিয়ে নতুন শাড়ি পরিয়ে পূজাম-পে স্থাপন করা হয়। প্রচলিত রীতিতে গণেশের পাশে নবপত্রিকা রাখা হয়।নবপত্রিকার নয়টি উদ্ভিদকে দেবীর নয়টি শক্তির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। ব্রহ্মাণী, কালিকা, উমা, কার্তিকী, শিবা, রক্তদন্তিকা, শোকরহিতা, চামু-া ও লক্ষ্মীর সঙ্গে এসব উদ্ভিদের প্রতীকী সম্পর্ক রয়েছে বলে প্রচলিত ধর্মীয় ব্যাখ্যায় উল্লেখ করা হয়। অঞ্চল ও পূজাপদ্ধতিভেদে এই ব্যাখ্যায় কিছু পার্থক্যও দেখা যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয়।

 

দুর্গাপূজার কেন্দ্রে দেবীর প্রতিমা থাকলেও মহাসপ্তমীতে উদ্ভিদকে দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়। অর্থাৎ প্রকৃতির উপাদানও পূজার অংশ হয়ে ওঠে। কলা, ধান, হলুদ, কচু ও বেলের মতো উদ্ভিদ মানুষের খাদ্য, চিকিৎসা, কৃষি ও দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত। এসব উদ্ভিদের উপস্থিতি মনে করিয়ে দেয়, মানুষের জীবন প্রকৃতির দানের ওপর নির্ভরশীল। এই দৃষ্টিতে নবপত্রিকার আরাধনাকে প্রকৃতির প্রতি মানুষের কৃতজ্ঞতার প্রতীক হিসেবেও দেখা যায়। তবে ধর্মীয় আচার পালন করলেই প্রকৃতি রক্ষা হয় না। সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দিতে হলে গাছপালা সংরক্ষণ, জলাশয় দূষণমুক্ত রাখা, কৃষিজমি রক্ষা এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখার দায়িত্বও পালন করতে হবে।

 

প্রকৃতিকে দেবীর প্রতীক হিসেবে পূজা করে বাস্তবে প্রকৃতির ক্ষতি করা হলে পূজার অন্তর্নিহিত শিক্ষার সঙ্গে আমাদের কাজের অসংগতি থেকেই যায়।মহাসপ্তমীর আরেকটি গুরুত্বপূর্ণ আচার দেবীর মহাস্নান। প্রচলিত পূজাপদ্ধতিতে প্রতিমার সামনে দর্পণ রেখে তাতে প্রতিফলিত দেবীমূর্তিকে বিভিন্ন উপাচারে স্নান করানো হয়। শুদ্ধজল, গঙ্গাজল, দুধ, মধু, সুগন্ধি জল ও অন্যান্য উপকরণ ব্যবহারের বিধান রয়েছে। পূজাপদ্ধতিভেদে উপাচারের ধরনেও পার্থক্য দেখা যায়। ধর্মীয় দৃষ্টিতে মহাস্নান পবিত্রতা ও শুদ্ধতার প্রতীক। এর তাৎপর্যকে মানবজীবনের সঙ্গে মিলিয়ে দেখলে আত্মশুদ্ধি, সংযম ও বিবেক জাগ্রত করার শিক্ষা পাওয়া যায়। মানুষের বাহ্যিক পরিচ্ছন্নতার পাশাপাশি চিন্তা ও আচরণেও শুদ্ধতা প্রয়োজন। অন্যের অধিকার হরণ, দুর্বলকে অবহেলা, দুর্নীতি, হিংসা কিংবা বৈষম্য বজায় রেখে শুধু ধর্মীয় আচার পালন করলেই নৈতিকতার পূর্ণতা আসে না।

দুর্গাপূজার প্রকৃত শিক্ষা তাই ব্যক্তিজীবনেও প্রযোজ্য। নিজের ভুল স্বীকার করা, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, অসহায় মানুষের পাশে থাকা এবং ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার মধ্য দিয়ে ধর্মীয় মূল্যবোধের সামাজিক প্রকাশ ঘটে। দুর্গাপূজার পৌরাণিক কাহিনিতে মহিষাসুরের বিরুদ্ধে দেবী দুর্গার যুদ্ধ শুভশক্তির সঙ্গে অশুভশক্তির সংঘাতের প্রতীক। দেবতাদের সম্মিলিত শক্তিতে দেবীর আবির্ভাব এবং মহিষাসুর বধের কাহিনি মানুষের কাছে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বার্তা বহন করে। মহিষাসুরকে কেবল পৌরাণিক এক অসুর হিসেবে দেখলে এই কাহিনির নৈতিক তাৎপর্যের একটি দিকই সামনে আসে। এর প্রতীকী পাঠে অহংকার, লোভ, অত্যাচার ও ক্ষমতার অপব্যবহারকেও অশুভ শক্তি হিসেবে বিবেচনা করা যায়। এসব প্রবণতা ব্যক্তি ও সমাজের শান্তি নষ্ট করে। অন্যদিকে ন্যায়বোধ, সাহস, সংযম ও সম্মিলিত উদ্যোগ মানুষের কল্যাণের পথ তৈরি করে।

দেবী দুর্গার দশ হাত ও দশ অস্ত্র শক্তি, সামর্থ্য ও প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত। দেবীর হাতে অস্ত্র থাকার অর্থ অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা। তবে এই শিক্ষা প্রতিহিংসা বা বিদ্বেষের নয়; বরং অন্যায় প্রতিরোধ করে ন্যায় প্রতিষ্ঠার। সমাজে যখন দুর্বল মানুষ নির্যাতনের শিকার হন, নারী নিরাপত্তাহীনতায় ভোগেন কিংবা ধর্মীয় পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হন, তখন ন্যায় প্রতিষ্ঠার দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না। দুর্গাপ্রতিমার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের উপস্থিতিও বিশেষ তাৎপর্য বহন করে। প্রচলিত প্রতীকী ব্যাখ্যায় লক্ষ্মী সমৃদ্ধি, সরস্বতী জ্ঞান ও বিদ্যা, গণেশ বুদ্ধি ও শুভসূচনা এবং কার্তিক বীরত্ব ও শৌর্যের প্রতীক। সিংহ দেবীর শক্তি ও সাহসের পরিচায়ক, আর মহিষাসুর অশুভ শক্তির প্রতিনিধিত্ব করে।

 

এই প্রতীকগুলোকে একসঙ্গে দেখলে মানুষের জীবনের কয়েকটি মৌলিক প্রয়োজন সামনে আসে। জ্ঞান ছাড়া সমৃদ্ধি দায়িত্বশীল হয় না, সাহস ছাড়া ন্যায় প্রতিষ্ঠা কঠিন, আর বুদ্ধি ছাড়া শক্তির সঠিক ব্যবহার সম্ভব নয়। তাই দুর্গাপূজার প্রতীকী জগৎ কেবল দেবদেবীর উপাসনায় সীমাবদ্ধ থাকে না; জীবনের নানা গুণ ও মূল্যবোধের কথাও স্মরণ করিয়ে দেয়। দেবী দুর্গার আগমনকে বাঙালি কন্যার পিতৃগৃহে ফিরে আসার আবেগের সঙ্গেও যুক্ত করে দেখে। এই পারিবারিক অনুভূতি দুর্গোৎসবকে মানুষের কাছে আরও আপন করে তোলে। মায়ের আগমন, সন্তানদের উপস্থিতি এবং কয়েক দিনের উৎসব শেষে বিদায়ের বেদনা বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক স্মৃতির অংশ। ধর্মীয় আচার ও পারিবারিক আবেগের এই সংযোগই দুর্গোৎসবকে বহুমাত্রিক করে তুলেছে। দুর্গাপূজা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব।

 

এ উৎসবকে ঘিরে পূজাম-পে মানুষের সমাগম হয়, স্থানীয় অর্থনীতিতে গতি আসে এবং বিভিন্ন পেশার মানুষের কর্মসংস্থান তৈরি হয়। প্রতিমাশিল্পী, কুমোর, মালাকার, ঢাকি, আলোকসজ্জাকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকদের শ্রমে উৎসবের আয়োজন সম্পন্ন হয়। ফলে দুর্গোৎসবের একটি সামাজিক ও অর্থনৈতিক দিকও রয়েছে। বাংলাদেশের সামাজিক বাস্তবতায় ধর্মীয় সম্প্রীতির প্রশ্নটি বিশেষ গুরুত্ব বহন করে। সম্প্রীতি মানে শুধু উৎসবের সময় শুভেচ্ছা বিনিময় নয়। এর অর্থ প্রত্যেকের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা, অন্যের বিশ্বাসকে সম্মান করা এবং বিপদে প্রতিবেশীর পাশে দাঁড়ানো। কোনো ধর্মীয় সম্প্রদায়ের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগলে বা উপাসনালয়ে হামলার শিকার হলে সেটিকে শুধু একটি সম্প্রদায়ের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই; এটি নাগরিক অধিকার ও আইনের শাসনের প্রশ্ন।প্রশাসনের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধের নিরপেক্ষ তদন্ত করা এবং দায়ীদের আইনের আওতায় আনা। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে গুজব, উসকানি ও বিদ্বেষমূলক প্রচারের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।

 

উৎসবের সৌন্দর্য তখনই বাস্তব হয়ে ওঠে, যখন মানুষ ভয় ছাড়া নিজের ধর্ম পালন করতে পারেন এবং অন্যের আনন্দে বাধা না দিয়ে পাশে দাঁড়াতে পারেন। মহাসপ্তমী আমাদের সামনে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরে। প্রথমত, শক্তির প্রয়োজন অন্যায় ও অশুভ প্রবণতার বিরুদ্ধে দাঁড়াতে। দ্বিতীয়ত, প্রকৃতি মানুষের জীবন ও জীবিকার অবিচ্ছেদ্য অংশ; তাই প্রকৃতি রক্ষার দায়িত্বও মানুষের। তৃতীয়ত, ধর্মীয় বিশ্বাসের মূল্য তখনই সামাজিকভাবে প্রকাশ পায়, যখন তা মানুষের প্রতি সহমর্মিতা, ন্যায়বোধ ও দায়িত্বশীল আচরণে প্রতিফলিত হয়।দেবী দুর্গার আরাধনায় ভক্তরা শান্তি ও কল্যাণ কামনা করেন। সেই কামনাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করাই মহাসপ্তমীর গভীর তাৎপর্য।

 

ঘরে ঘরে নিরাপত্তা, সমাজে ন্যায়বিচার, প্রকৃতির সুরক্ষা এবং মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা প্রতিষ্ঠা ছাড়া কল্যাণের আকাক্সক্ষা পূর্ণতা পায় না।ঢাকের বাদ্য ও শঙ্খধ্বনিতে আজ পূজাম-প মুখরিত হোক। কিন্তু উৎসবের শব্দ থেমে যাওয়ার পরও যেন তার শিক্ষা থেকে যায় মানুষের আচরণে। অন্যায়ের বিরুদ্ধে সাহস, প্রকৃতির প্রতি যতœ এবং ধর্ম-বর্ণনির্বিশেষে মানুষের মর্যাদা রক্ষার অঙ্গীকারই হোক মহাসপ্তমীর প্রকৃত প্রার্থনা।

লেখক: সংবাদকর্মী

Ads small one

ঘূর্ণিঝড় আকভানে  ইটভাটার ক্ষতি ১০ কোটি টাকা, গলে কাদামাটি লাখ লাখ কাঁচা ইট

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
ঘূর্ণিঝড় আকভানে  ইটভাটার ক্ষতি ১০ কোটি টাকা, গলে কাদামাটি লাখ লাখ কাঁচা ইট

এম এম জামান মনি, পাটকেলঘাটা: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে সাতক্ষীরার ১২৩টি ইটভাটায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির পানিতে লাখ লাখ কাঁচা ইট গলে কাদামাটিতে পরিণত হয়েছে। এতে জেলার ইটভাটা মালিকদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে পরিবেশ অধিদপ্তর।

ইট তৈরির মৌসুম শুরু হতেই এমন বৃষ্টিতে বিপাকে পড়েছেন ভাটার মালিক ও শ্রমিকরা। মাঠে এবং ভাটার চত্বরে শুকানোর জন্য রাখা কাঁচা ইট বৃষ্টির পানিতে ভিজে নরম হয়ে ভেঙে পড়েছে। এতে নতুন করে ইট তৈরি ও উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তালা উপজেলার মেল্লেকবাড়ি এসএন ইটভাটায় গিয়ে দেখা যায়, বৃষ্টির পানি জমে সাজিয়ে রাখা কাঁচা ইটের স্তর ভেঙে পড়েছে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ক্ষতিগ্রস্ত ইট। কোথাও কোথাও এখনো জমে আছে বৃষ্টির পানি।

ভাটাসংশ্লিষ্টদের মতে, এই ক্ষতি শুধু কাঁচা ইট নষ্ট হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রমিকদের পরিশ্রম, উৎপাদন খরচ ও পুরো মৌসুমের ব্যবসায়িক হিসাব।

স্থানীয় ইটক্রেতা আসাদুল ইসলাম বলেন, বৃষ্টিতে অনেক কাঁচা ইট গলে নষ্ট হয়েছে। কারিগররাও কয়েক দিন কাজ করতে পারছেন না। মালিকদের এই ক্ষতি শেষ পর্যন্ত পাকা ইটের দাম বাড়িয়ে পুষিয়ে নেওয়া হলে সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ পড়বে।

ভাটার মালিক বাবলুর রহমান জানান, তাঁর ভাটায় পাঁচ লাখ কাঁচা ইট বৃষ্টির পানিতে সম্পূর্ণ নষ্ট হয়েছে। কিছু ইট পলিথিন দিয়ে ঢাকার চেষ্টা করেও রক্ষা করা যায়নি। পানির ছিটায় ঢেকে রাখা ইটেও দাগ পড়েছে। এতে তাঁর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জেলার অন্যান্য ভাটারও একই অবস্থা বলে দাবি করেন তিনি।

জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও আলিপুর অটো ব্রিকসের মালিক আব্দুস সবুর বলেন, শীতের আগমনীতে তাঁরা কেবল কাঁচা ইট তৈরি শুরু করেছিলেন। তাঁর ভাটায় আট থেকে ১০ লাখ ইট পানিতে গলে কাদামাটিতে পরিণত হয়েছে। প্রতিটি ইটে প্রায় দুই টাকা করে ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাতক্ষীরার সাত উপজেলা ও দুই পৌরসভায় তালিকাভুক্ত ইটভাটার সংখ্যা ১২৩টি। তবে সব ভাটা এ বছর চালু হয়েছে কি না, সে তথ্য পাওয়া যায়নি।

পরিবেশ কর্মকর্তা সৌমেন মৈত্র জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে ইটভাটাগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তাঁর প্রাথমিক তথ্য অনুযায়ী, জেলার প্রায় ৮৫টি ভাটার কাঁচা ইট সম্পূর্ণ গলে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে প্রকৃত ক্ষতির পরিমাণ নিরূপণে আরও কয়েক দিন সময় লাগবে।

সাতক্ষীরায় কৃষক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
সাতক্ষীরায় কৃষক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি

পত্রদূত ডেস্ক: সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে শহরের তুফান ডেন্টাল ক্লিনিকের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ। জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সালাউদ্দিন লিটন ও সদস্যসচিব মো. রবিউল ইসলামের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনারুল ইসলাম ও সদস্যসচিব সাইলুর রহমান।

এ ছাড়া আশাশুনি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. লিয়াকাত হোসেন ও সদস্য হাসিব আব্দুল কাদের, তালা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও সদস্যসচিব জামির আলী মেম্বার, দেবহাটা উপজেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্যসচিব রফিকুল ইসলাম, আক্তার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

গদখালীর ফুলশিল্পে শতকোটি টাকার সম্ভাবনা, স্বপ্ন বুনছেন হাজারো কৃষক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
গদখালীর ফুলশিল্পে শতকোটি টাকার সম্ভাবনা, স্বপ্ন বুনছেন হাজারো কৃষক

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা: ফুলের মাঠজুড়ে রঙের সমারোহ, আর সেই ফুল ঘিরেই গড়ে উঠেছে সম্ভাবনাময় অর্থনৈতিক বলয়। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ও পানিসারা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় ফুল চাষকে কেন্দ্র করে চলতি মৌসুমে প্রায় ১০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্ভাবনায় নতুন আশায় বুক বাঁধছেন হাজারো ফুলচাষি। তবে উৎপাদন খরচ বৃদ্ধি, বাজারদরের ওঠানামা, সংরক্ষণব্যবস্থার অভাব ও ন্যায্যমূল্য না পাওয়ার শঙ্কাও রয়েছে তাঁদের।

স্থানীয় কৃষি বিভাগ ও কৃষকদের তথ্য অনুযায়ী, গদখালী ও আশপাশের প্রায় ৭৫টি গ্রামে বাণিজ্যিকভাবে ফুল চাষ হচ্ছে। কয়েক হাজার কৃষক প্রত্যক্ষভাবে এ পেশার সঙ্গে যুক্ত। গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা, গাঁদা ও চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন ফুল উৎপাদনের মাধ্যমে দেশের ফুলের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ অঞ্চল।

গদখালীতে বাণিজ্যিক ফুল চাষের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রয়াত কৃষক শের আলী সরদারের নাম। ১৯৮৩ সালে তিনি প্রথম প্রায় ৩০ শতক জমিতে রজনীগন্ধা চাষ শুরু করেন। তাঁর সেই উদ্যোগই পরবর্তী সময়ে এ অঞ্চলে ফুল চাষের নতুন দিগন্ত উন্মোচন করে। ধীরে ধীরে আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে ফুলের আবাদ।

সময়ের পরিক্রমায় গদখালী দেশের অন্যতম প্রধান ফুল উৎপাদন ও বিপণন কেন্দ্রে পরিণত হয়েছে। বর্তমানে এখানে গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, জারবেরা, গাঁদা, জিপসি, রডস্টিক, ক্যালেন্ডুলা ও চন্দ্রমল্লিকাসহ বিভিন্ন জাতের ফুল উৎপাদিত হচ্ছে। পাশাপাশি টিউলিপ ও লিলির মতো নতুন জাতের ফুল চাষেও আগ্রহ বাড়ছে কৃষকদের।

গদখালীর ফুল দেশের বিভিন্ন জেলার বাজারে সরবরাহ করা হয়। প্রতিদিন ভোর থেকেই স্থানীয় বাজারে শুরু হয় বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকার ও ব্যবসায়ীরা এখান থেকে ফুল সংগ্রহ করে নিয়ে যান। বর্তমানে প্রতি পিস গোলাপ ৫ থেকে ৮ টাকা, গ্লাডিওলাস ১০ থেকে ১৫ টাকা, জারবেরা ৮ থেকে ১০ টাকা এবং রজনীগন্ধা ৬ থেকে ৮ টাকায় বিক্রি হচ্ছে। চন্দ্রমল্লিকা প্রতি পিস ৪ থেকে ৫ টাকা এবং এক হাজার গাঁদা ফুল ৫০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে ফুলের দাম প্রতিনিয়ত পরিবর্তিত হয়। কখনো ভালো দাম পেলেও অনেক সময় উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হয় কৃষকদের। তাঁদের অভিযোগ, উৎপাদন ব্যয় বাড়লেও সব সময় সেই অনুপাতে বিক্রিমূল্য বাড়ছে না।

ফুল চাষে জমি প্রস্তুত, চারা, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ও পরিচর্যায় বড় অঙ্কের বিনিয়োগ করতে হয়। কৃষকদের হিসাব অনুযায়ী, প্রতি একর জমিতে জারবেরা চাষে প্রায় ৩৮ লাখ টাকা, রজনীগন্ধায় ৩ লাখ, গোলাপে ৫ লাখ, গ্লাডিওলাসে সাড়ে ৪ লাখ এবং গাঁদা চাষে প্রায় আড়াই লাখ টাকা পর্যন্ত খরচ হয়। বিপুল বিনিয়োগের পর প্রত্যাশিত দাম না পেলে লোকসানের মুখে পড়তে হয় তাঁদের। মধ্যস্বত্বভোগীদের প্রভাব ও বাজারে সিন্ডিকেটের অভিযোগও কৃষকদের উদ্বেগ বাড়াচ্ছে।

ফুল অত্যন্ত সংবেদনশীল কৃষিপণ্য হওয়ায় সংগ্রহের পর দ্রুত বাজারজাত করা জরুরি। কিন্তু গদখালীতে পর্যাপ্ত আধুনিক সংরক্ষণাগার, হিমাগার ও উন্নত পরিবহনব্যবস্থা না থাকায় অনেক সময় ফুলের গুণগত মান ও বাজারমূল্য কমে যায়। বাধ্য হয়ে কম দামে ফুল বিক্রি করতে হয় কৃষকদের। বাজারকেন্দ্রিক অবকাঠামো ও আধুনিক বিপণনব্যবস্থার ঘাটতিও এ শিল্পের বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে।

ফুলশিল্পের সম্ভাবনা কাজে লাগাতে সহজ শর্তে কৃষিঋণ, উৎপাদন উপকরণে ভর্তুকি, আধুনিক চাষাবাদ প্রযুক্তি, হিমাগার ও সংরক্ষণাগার নির্মাণ এবং উন্নত বাজার ব্যবস্থাপনা চান কৃষকরা। মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমিয়ে সরাসরি পাইকারি বাজারে ফুল বিক্রির সুযোগ সৃষ্টি হলে উৎপাদক ও ক্রেতা উভয়ই লাভবান হবেন বলে মনে করছেন তাঁরা।

সংশ্লিষ্টদের মতে, যথাযথ পরিকল্পনা, সরকারি-বেসরকারি বিনিয়োগ ও আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো গেলে গদখালীর ফুলশিল্প দেশের কৃষি অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারবে। রপ্তানির সুযোগ তৈরি হলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হতে পারে।

ফুলের রাজধানী হিসেবে পরিচিত গদখালী এখন শুধু ফুল উৎপাদনের অঞ্চল নয়, হাজারো কৃষকের জীবন-জীবিকা ও সম্ভাবনাময় কৃষিভিত্তিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। শতকোটি টাকার বাণিজ্যের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে কৃষকের ন্যায্যমূল্য, আধুনিক সংরক্ষণব্যবস্থা, উন্নত যোগাযোগ ও কার্যকর বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। অন্যথায় বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হতে পারেন এ অঞ্চলের ফুলচাষিরা।