সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

তালা পাবলিক হাইস্কুল আকস্মিক পরিদর্শনে জেলা শিক্ষা কর্মকর্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
তালা পাবলিক হাইস্কুল আকস্মিক পরিদর্শনে জেলা শিক্ষা কর্মকর্তা

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর সোমবার (২৩ নভেম্বর) তালা পাবলিক হাইস্কুল আকস্মিক পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দেন।

পরিদর্শনকালে জেলা শিক্ষা কর্মকর্তা পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা বৃদ্ধি, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষকদের দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, শিক্ষক এস এম জাহাঙ্গীর হাসান, অজিয়ার রহমান, বিশ্বজিৎ গুহ, নুরুল ইসলাম, তহুরা খানম, অশোক কুমার, আনিছুর রহমান ও রবি শংকর।

Ads small one

ভোমরা বন্দরে আমদানি বেড়ে আদার দাম ৬৫ টাকা, সাতক্ষীরার খুচরা বাজারে ১৪০

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
ভোমরা বন্দরে আমদানি বেড়ে আদার দাম ৬৫ টাকা, সাতক্ষীরার খুচরা বাজারে ১৪০

পত্রদূত রিপোর্ট: আমদানি বাড়ায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। তবে আমদানি ও সরবরাহ বাড়লেও জেলা শহরের খুচরা বাজারে দাম কমার প্রভাব পড়েনি। সেখানে প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকা পর্যন্ত, যা বন্দরের দামের দ্বিগুণেরও বেশি। রোববার সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে মেসার্স ফাতেমা স্টোরে প্রতি কেজি আদা ১৪০ টাকা দরে বিক্রি হয়। প্রতিষ্ঠানটির পরিচালক আনোয়ার হোসেন জানান, দুই সপ্তাহ আগে আদার দাম ছিল ২০০ টাকা। তবে ভোমরা বন্দরে দাম কমলেও শহরের পাইকারি বাজারে সেই প্রভাব পড়েনি। রোববার সুলতানপুর বড় বাজারে প্রতি কেজি আদা ১২৫ থেকে ১৩০ টাকা দরে পাইকারি বিক্রি হয়েছে। ফলে খুচরা পর্যায়ে ১৪০ টাকার নিচে বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে দাবি তাঁর।
অন্যদিকে, ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান মেসার্স গণি অ্যান্ড সন্সের ব্যবস্থাপক অশোক কুমার জানান, তাঁদের প্রতিষ্ঠান দিয়ে সম্প্রতি প্রচুর আদা আমদানি হচ্ছে। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০ টন আদা আমদানি করা হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা তাঁদের এজেন্টের মাধ্যমে এসব আদা আমদানি করছেন। আমদানি বেড়ে যাওয়ায় বন্দরে প্রতি কেজি আদা ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ সাতক্ষীরা শহরে তা ১২৫ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এস এম আব্দুল্লাহ জানান, আমদানি করা ভারতীয় আদা ৯০ থেকে ১০০ টাকার বেশি দামে বিক্রি হওয়ার কথা নয়। ভোমরা বন্দরে আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। বেশি দামে বিক্রির অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আহমেদ জানান, ২০২৬ মৌসুমে সাতক্ষীরায় ৬৬ হেক্টর জমিতে আদা চাষ করে ৮০৫ টন উৎপাদন হয়েছে। তবে এ উৎপাদন স্থানীয় চাহিদার তুলনায় অপ্রতুল।

আশাশুনিতে ২ হাজার ৩৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
আশাশুনিতে ২ হাজার ৩৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৩৮০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়াতে ২০২৬-২০২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ সরিষাচাষিকে ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া ১০ জন মুগডালচাষিকে ৫ কেজি করে মুগের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার এবং ১৫০ জন সূর্যমুখীচাষিকে ৮০০ গ্রাম করে বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১০ কেজি জিপসাম ও ১ কেজি বোরন সার বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল সোবহান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।
বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকরা আসন্ন রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

বুধহাটায় সরকারি গাছ কাটার অভিযোগ, জব্দ ৫টি লগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
বুধহাটায় সরকারি গাছ কাটার অভিযোগ, জব্দ ৫টি লগ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে সরকারি খাসজমিতে থাকা একটি শিরিষ গাছ কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাটা গাছের পাঁচটি লগ জব্দ করেছে ইউনিয়ন ভূমি অফিস।
রোববার (২৩ নভেম্বর) শ্বেতপুর গ্রাম থেকে লগগুলো জব্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, শনিবার বৃষ্টির মধ্যে গোপনে গাছটি কাটা হচ্ছিল।

শ্বেতপুর ওয়ার্ডের ইউপি সদস্য লিয়াকত আলী জানান, শনিবার বৃষ্টির মধ্যে শ্বেতপুর গ্রামের বিজয় ঘোষের বাড়ির সামনে বুধহাটা-শ্বেতপুর সড়কের পাশে থাকা শিরিষ গাছটি বৈদ্যুতিক করাত দিয়ে কাটা হচ্ছিল। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জেলা পরিষদের কেয়ারটেকার তারিফুল ইসলাম, স্থানীয় হাতেম ও ফারুকসহ কয়েকজনকে দেখতে পান।

গাছ কাটার কারণ জানতে চাইলে তারিফুল ইসলাম জেলা পরিষদের অনুমোদন রয়েছে বলে দাবি করেন। তবে জেলা পরিষদের সার্ভেয়ার আল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি গাছ কাটার বিষয়ে কিছু জানেন না বলে ইউপি সদস্যকে জানান। পরে ইউপি সদস্য বিষয়টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সিদ্দিক উল্লাহকে অবহিত করেন।

স্থানীয়দের অভিযোগ, গাছের কাঠ বিক্রি করে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে গোপনে গাছটি কাটা হচ্ছিল। সরকারি জমি থেকে এভাবে গাছ কেটে নেওয়ার ঘটনা আগেও ঘটেছে বলে দাবি তাঁদের। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বুধহাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সিদ্দিক উল্লাহ জানান, গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থল থেকে পাঁচটি লগ জব্দ করে ভূমি অফিসে নেওয়া হয়েছে। তিনি বলেন, গাছটি জেলা পরিষদের জমিতে নয়, সরকারি খাসজমিতে ছিল।