মাওলানা আবু মুছার কবর জিয়ারত করলেন জেলা পরিষদ প্রশাসক
সংবাদদাতা: তাবলীগ জামাতের সাতক্ষীরা জেলার মুরুব্বি ও পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আবু মুছার কবর জিয়ারত করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের যুগিপুকুরিয়া পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় হাবিবুল ইসলাম হাবিব মরহুমের স্মৃতিচারণ করে বলেন, শিক্ষক হিসেবে আবু মুছা অত্যন্ত প্রিয় ও দ্বীনদার মানুষ ছিলেন। তিনি আজীবন মানুষের মাঝে ইসলাম প্রচার করে গেছেন।
জিয়ারত শেষে হাবিবুল ইসলাম হাবিব মরহুমের প্রতিষ্ঠিত নির্মাণাধীন ‘মসজিদে সালমান (রা.)’-এর উন্নয়নকাজে তিন লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। জিয়ারতকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










