পত্রদূত ডেস্ক: বাংলাদেশ হিন্দু পরিষদের সাতক্ষীরা জেলা কমিটি পুনর্গঠন উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের রথখোলা সৎসঙ্গ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু পরিষদ সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শিক্ষক তপন কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বিমল কৃষ্ণ সানা। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, শিক্ষা কর্মকর্তা প্রদীপ কুমার মণ্ডল, হিন্দু যুব পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সদস্যসচিব মনোদ্বীপ কুমার মণ্ডল, কলেজ শিক্ষক মিহির কুমার মণ্ডল, সমীরণ চক্রবর্তী, হিন্দু পরিষদের শ্যামনগর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘোষ, ছাত্র পরিষদের সভাপতি ধীমান সরকার, সাধারণ সম্পাদক প্রকাশ সরকার, যুব নেতা প্রশান্ত পাল ও দেবাশীষ কুমার মালো প্রমুখ। পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বক্তারা বলেন, ২০১৭ সালে বাংলাদেশ হিন্দু পরিষদ প্রতিষ্ঠিত হলেও সাতক্ষীরা জেলা কমিটির কার্যক্রম শুরু হয় দেরিতে। জেলা কমিটি থাকলেও সাংগঠনিক কার্যক্রম ছিল ধীরগতির। ২০২৪ সালের ৫ আগস্টের পর জেলার বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, মন্দির ভাঙচুর, মন্দির ও শ্মশানের জমি দখল, ধর্মান্তরকরণ, শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে মব সৃষ্টি, চুরি, হত্যা এবং নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা ঘটেছে বলে তারা উল্লেখ করেন।
বক্তারা পুরাতন সাতক্ষীরা মায়ের মন্দিরে চুরি, মাগুরার বীথিকা সাধু হত্যা, তালার জিয়ালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, চম্পাফুলে মাধবী মণ্ডল ও তাঁর পরিবারের ওপর নির্যাতন ও জমি দখল, ঝাউডাঙা জগন্নাথ মন্দিরের জমি দখল, দেবহাটার পাইকপাড়ায় রাধাগোবিন্দ মন্দিরের প্রাচীর ভাঙচুর ও জমি দখলের চেষ্টা, শ্যামনগরের জেলেখালিতে দীপালী মণ্ডলকে অপহরণ এবং তালার নিমতলায় এক সরকারি প্রধান শিক্ষকের বিরুদ্ধে মব সৃষ্টির মতো ঘটনার কথা তুলে ধরেন।
তারা বলেন, জেলায় বিভিন্ন হিন্দু সংগঠন থাকলেও এসব ঘটনায় অনেককে কার্যকর প্রতিবাদে দেখা যায়নি। এতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে হতাশা ও আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ হিন্দু পরিষদকে আরও শক্তিশালী, সক্রিয় ও কর্মক্ষম করে গড়ে তোলার পাশাপাশি সম্প্রদায়ের মানুষের মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়াতে হবে।
সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিতোষ কুমার গাইন।