কপ-৩১-এর প্রতিশ্রুত অর্থ উপকূলে ব্যয়ের কর্মপরিকল্পনা চান নাগরিক নেতারা
পত্রদূত ডেস্ক: জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও মানুষের জীবন-জীবিকার উন্নয়নে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জন্য পাওয়া অর্থসহায়তা ব্যয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছেন পরিবেশ ও নাগরিক আন্দোলনের নেতারা। একই সঙ্গে উপকূলের সমন্বিত উন্নয়নে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ এবং উপকূল উন্নয়ন বোর্ড গঠনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ক্লাইমেট অ্যাকশন ফোরাম, ড্রিম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনসহ ছয়টি নাগরিক ও পরিবেশবাদী সংগঠনের আয়োজনে মানববন্ধন ও সমাবেশে এসব দাবি জানানো হয়।
ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি আমিনুর রসুলের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গবেষক মীর মোহাম্মদ আলী, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, কাপের নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান-ইয়াত, পরিজার সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল ও স্ক্যানের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, নদীভাঙন, ভূমিক্ষয় ও লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলের কৃষি, জীববৈচিত্র্য ও জনজীবন ক্রমেই বিপর্যস্ত হচ্ছে। নিরাপদ পানির সংকট, জীবিকার অনিশ্চয়তা ও বাস্তুচ্যুতির কারণে মানুষ শহরমুখী হতে বাধ্য হচ্ছে। দেশের বিশাল উপকূলীয় অঞ্চলকে পিছিয়ে রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। জলবায়ু সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার পাশাপাশি এ পর্যন্ত জলবায়ু খাতে ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য প্রকাশের দাবি জানান তিনি।
মীর মোহাম্মদ আলী বলেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু মোকাবিলায় বাংলাদেশ বিশেষ অর্থসহায়তার প্রতিশ্রুতি পেয়েছে। তবে এ পর্যন্ত জলবায়ু অর্থের প্রায় ৬৭ শতাংশ ঋণ হিসেবে এসেছে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, উপকূলের কোথায়, কোন প্রকল্পে কত অর্থ ব্যয় হয়েছে, তার স্বচ্ছ হিসাব নেই। তাই উপকূলের জন্য আলাদা বরাদ্দ, অগ্রাধিকার তালিকা ও সময়সীমা নির্ধারণ করে জবাবদিহিমূলক কর্মপরিকল্পনা প্রণয়ন জরুরি।
সমাবেশে উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক জলবায়ু অর্থ উপকূলের জন্য সংরক্ষণ, জেলাভিত্তিক ও সময়াবদ্ধ বিনিয়োগ কর্মপরিকল্পনা প্রণয়ন ও প্রকাশ, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ টেকসইভাবে নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং নারী, শিশু, প্রবীণ ও প্রতিবন্ধীবান্ধব আশ্রয়কেন্দ্র স্থাপন।
এ ছাড়া বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর পুনঃখনন ও পানি শোধনাগারের মাধ্যমে নিরাপদ পানির ব্যবস্থা এবং জেলে, কৃষক, বনজীবী ও নারী উদ্যোক্তাদের জন্য জলবায়ু-সহনশীল জীবিকা ও প্রণোদনা নিশ্চিত করার দাবি জানানো হয়।












