পাইকগাছায় নকল ডাকের ফাঁদে নির্বিচারে শিকার হচ্ছে পরিযায়ী পাখি
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছায় শীতের আগমনের সঙ্গে সঙ্গে পরিযায়ী পাখি শিকারের প্রবণতা বেড়েছে। পাখির ডাক নকল করে বাঁশি, সাউন্ড বক্স ও মোবাইলে ধারণ করা শব্দ ব্যবহার করে বিভিন্ন বিল ও জলাশয়ে ফাঁদ পেতে চলছে পাখি শিকার। এতে পরিযায়ী পাখির পাশাপাশি দেশীয় প্রজাতির পাখিও ঝুঁকির মুখে পড়েছে।
প্রতিবছরের মতো এবারও শীতের শুরুতে হিমালয়, সাইবেরিয়াসহ শীতপ্রধান অঞ্চল থেকে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসতে শুরু করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খাল-বিল ও জলাশয়ে এসব পাখির দেখা মিলছে। আর এই সুযোগে অসাধু শিকারিরা কৃত্রিমভাবে পাখির ডাক বাজিয়ে পাখিদের আকৃষ্ট করে জাল ও বিভিন্ন ফাঁদে আটকে শিকার করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিকারিরা বিলের বিস্তীর্ণ এলাকায় বাঁশ পুঁতে জাল টাঙিয়ে এবং কৃত্রিম পাখি বসিয়ে ফাঁদ তৈরি করছে। মোবাইল বা সাউন্ড বক্সে পাখির ডাক বাজিয়ে পাখিদের নিচে নামানো হচ্ছে। এসব ফাঁদে বালিহাঁস, কালিম, বক, বুরিসহ বিভিন্ন প্রজাতির পাখি আটকা পড়ছে। কোথাও কোথাও বিষ মেশানো খাবার ব্যবহার করেও পাখি শিকারের অভিযোগ রয়েছে।
উপজেলার কচুবুনিয়া, বাসাখালী, বাইশারাবাদ, তেঁতুলতলা, লতা, হানিমুনকিয়া, বাহিরবুনিয়া, দেলুটি, সোলাদানা, চকবগুড়া, খড়িয়া, আমিরপুর, বাইনবাড়ীয়া ও কুমখালীসহ বিভিন্ন এলাকার ধানক্ষেত, খাল-বিল, জলাশয় ও চিংড়িঘেরে পাখির বিচরণ রয়েছে। শিকারিরা সাধারণ মানুষের চোখ এড়াতে রাতের বেলায় এসব স্থানে ফাঁদ পেতে ভোরের দিকে তা তুলে নেয় বলে স্থানীয়দের অভিযোগ।
শিকার করা পাখি গোপনে স্থানীয় হাটবাজারে বিক্রি করা হচ্ছে। এমনকি মুঠোফোনে অর্ডার দিলে মোটরসাইকেলে করে ক্রেতাদের বাড়িতে পাখি পৌঁছে দেওয়ার অভিযোগও রয়েছে।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘন করে পাখি শিকার করলে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন বিলে অভিযান চালিয়ে জাল ও কৃত্রিম ফাঁদ ধ্বংস করা হলেও শিকার পুরোপুরি বন্ধ হয়নি।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, পাখি শিকার আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেলে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাখি শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। শিকারিদের শনাক্ত করতে উপজেলার বিভিন্ন বিলে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
প্রকৃতিপ্রেমীদের মতে, নির্বিচারে পাখি শিকার অব্যাহত থাকলে জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়বে। তাই পরিযায়ী ও দেশীয় পাখি রক্ষায় প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও সম্পৃক্ত করা জরুরি।









