মাহফিলের মিষ্টি এখন খাদের কাদা-পানিতে, দিশেহারা চালক
সংবাদদাতা: এক মাহফিলের কাজ শেষ করে মিষ্টির সরঞ্জাম নিয়ে অন্য মাহফিলের পথে রওনা দিয়েছিলেন তাঁরা। কিন্তু মাঝপথে চেইন ছিঁড়ে সব ওলটপালট হয়ে গেল। সাতক্ষীরা পৌরসভার রইচপুর উত্তরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইঞ্জিনভ্যান গভীর খাদে পড়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে খানপুর গ্রামের একটি মাহফিল শেষে মালামাল নিয়ে গুনাকরকাটি বাজারের মাহফিলের উদ্দেশ্যে যাচ্ছিল ভ্যানটি। রইচপুর উত্তরপাড়া ব্রিজে ওঠার সময় ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজের ঢালুতে থাকা অবস্থায় হঠাৎ ভ্যানটির চেইন ছিঁড়ে যায়। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি দ্রুত পেছনে ছুটতে শুরু করে এবং রাস্তার পাশের একটি গভীর খাদে আছড়ে পড়ে।
দুর্ঘটনার সময় ভ্যানটিতে তিনজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে কলারোয়া গ্রামের মদন নন্দী (৩৫) হাতে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। চালক ও অন্য এক যাত্রী অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেছেন।
তবে বড় আঘাত এসেছে ব্যবসার ওপর। ভ্যানটিতে গুনাকরকাটি বাজারের একটি নামী মিষ্টির দোকানের তৈরি মিষ্টি ও মিষ্টান্ন তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ছিল। খাদে পড়ে যাওয়ায় কাদা আর নোংরা পানিতে মিশে নষ্ট হয়ে গেছে সব মিষ্টি। এতে দোকান মালিকের বড় অংকের আর্থিক লোকসান হয়েছে।
দুর্ঘটনার পর দুমড়েমুচড়ে যাওয়া ভ্যান আর নষ্ট হওয়া মালামালের পাশে বসে কান্নায় ভেঙে পড়েন চালক। ধরা গলায় তিনি বলছিলেন, “আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম গাড়িটা ধরে রাখতে। কিন্তু ব্রিজের ঢালে চেইনটা ছিঁড়ে যাওয়ায় আমি পুরোপুরি নিরুপায় হয়ে পড়ি। চোখের পলকে সব শেষ হয়ে গেল। এখন মালিককে কী মুখ দেখাব? এই বিশাল লোকসানের বোঝা আমি কীভাবে বইব?”
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। এলাকাবাসীর মতে, ব্রিজের এই অংশটি বেশ ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে তাঁরা চালকদের সতর্ক হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। সাতক্ষীরার দ্য পোলস্টার পৌর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে দিনভর চলেছে সচেতনতামূলক নানা আয়োজন। নাটক ও আলোচনার মাধ্যমে শিক্ষার্থীরা শিখেছে মানবাধিকার রক্ষা আর সামাজিক কুসংস্কার প্রতিরোধের কৌশল।






