শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

মৎস্য ঘেরের আইলে সবজি চাষে সাফল্য পাচ্ছেন তালার কৃষকেরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
মৎস্য ঘেরের আইলে সবজি চাষে সাফল্য পাচ্ছেন তালার কৃষকেরা

মুজিবর রহমান: মৎস্য ঘেরের আইলে সবজি আর নিচের পানিতে মাছ—সমন্বিত এই চাষ পদ্ধতিতে নতুন সম্ভাবনার পথ দেখাচ্ছেন সাতক্ষীরার তালা উপজেলার কৃষকেরা। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দুপাশে ঘেরের আইলে মাচা পদ্ধতিতে সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন শত শত পরিবার।

তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, নগরঘাটা, সরুলিয়া, খলিষখালীসহ আশপাশের ইউনিয়নগুলোতে ব্যাপকভাবে এ পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। ঘেরের আইলে উৎপাদিত এসব সবজি সম্পূর্ণ ভেজালমুক্ত ও বিষমুক্ত।

সরেজমিনে দেখা গেছে, নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি, নগরঘাটা ও শাকদাহ বিলে শত শত হেক্টর ঘেরের আইলে মাচায় ঝুলছে লাউ, মিষ্টি কুমড়া, করলা, খিরাই, বেগুন, পুঁইশাক, বরবটি, ঝিঙে ও লালশাক। কোনো কোনো ঘেরের বেড়িবাঁধে তরমুজ চাষেও সফলতা এসেছে।

পাটকেলঘাটার কৃষক শহিদুল ইসলাম জানান, ৩ বিঘা ঘেরে বাঁশ ও নেট দিয়ে মাচা তৈরিতে তাঁর খরচ হয়েছিল প্রায় ৬ হাজার টাকা। ইতোমধ্যে উৎপাদিত সবজি বিক্রি করে তাঁর আয় ৫০ হাজার টাকা ছাড়িয়েছে। পানি শুকিয়ে গেলে এই জমিতেই ধানের চাষ করবেন তিনি। আরেক কৃষক আব্দুর রহিম সরদার জানান, মাচা দুই-তিন বছর পর পর তৈরি করতে হয় বলে উৎপাদনের খরচ অনেক কমে যায়।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, সমন্বিত এ পদ্ধতিতে মাছ ও সবজি চাষে চাষিদের সার্বিক কারিগরি সহায়তা ও পরামর্শ দিচ্ছেন মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা।

 

Ads small one

শ্যামনগরে যুবলীগের মশাল মিছিলের ভিডিও প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
শ্যামনগরে যুবলীগের মশাল মিছিলের ভিডিও প্রকাশ

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের রাহাতুল্লার মোড় থেকে মিছিলটি বের হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বলে জানা গেছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে যুবলীগের নেতাকর্মীরা ফেসবুকে মিছিলের ভিডিও পোস্ট করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী সাংবাদিকদের বলেন, তিনি ছুটিতে রয়েছেন। বিষয়টি শুনেছেন। অনেক সময় পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়। মিছিলটি সাম্প্রতিক সময়ে হয়ে থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরায় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১০ টাকা

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার বাজারে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৮ থেকে ১০ টাকা কমেছে। সরবরাহ বাড়ায় পাইকারি ও খুচরা—উভয় পর্যায়ে দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আড়তদাররা।

সুলতানপুর বড় বাজারে গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয়েছে ৪০ টাকায়। এক সপ্তাহ আগে এ দাম ছিল ৪৮ থেকে ৫০ টাকা। বাজারের পাইকারি মসলা বিক্রির আড়ত মেসার্স মামা-ভাগ্না ভাণ্ডারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয়েছে ১ হাজার ৪০০ টাকায়। এক সপ্তাহ আগে দাম ছিল ১ হাজার ৮০০ টাকা।

বিক্রেতারা জানান, বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ায় পাইকারি পর্যায়ে দাম কমেছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আহমেদ জানান, চলতি মৌসুমে জেলায় ৬৫০ হেক্টর জমিতে ৭ হাজার ৮০০ টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে।

দেবহাটায় যুব ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
দেবহাটায় যুব ঐক্য পরিষদের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার পারুলিয়া সাগরহাট মাধ্যমিক বিদ্যালয় (সাইক্লোন সেন্টার) প্রাঙ্গণে এ সমাবেশ হয়।

সমাবেশে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে দীপংকর ঘোষকে আহ্বায়ক ও বাপ্পা দাসকে সদস্যসচিব করে ২১ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক অমিত কুমার ঘোষ। উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেবহাটা উপজেলা শাখার সভাপতি চন্দ্রকান্ত মল্লিক। প্রধান বক্তা ছিলেন যুব ঐক্য পরিষদের জেলা শাখার সদস্যসচিব অরবিন্দ কর্মকার।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার ঘোষ, বিপ্লব কান্তি মণ্ডল, গোপাল কুমার সরকার, গাজীরহাট দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক অলোক সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সমাবেশে বক্তারা বলেন, সাতক্ষীরা হবে সম্প্রীতি, শান্তি, ন্যায়বিচার ও সহাবস্থানের জনপদ। চাঁদাবাজি, ভূমিদখল, সন্ত্রাস, বৈষম্য ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে যুবসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথি অমিত কুমার ঘোষ বলেন, যুব ঐক্য পরিষদ বিভেদ বা বিদ্বেষে বিশ্বাস করে না; সংগঠনটি ন্যায়, মানবিকতা, অধিকার ও সম্প্রীতির পক্ষে কাজ করে। সব ধর্মের মানুষের নিরাপত্তা, ধর্মীয় অধিকার, সম্পদ ও সামাজিক মর্যাদা রক্ষায় সংগঠনটি সোচ্চার থাকবে। অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি ও ভূমিদখলের বিরুদ্ধে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও আইনসম্মতভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

নবগঠিত কমিটির নেতারা জানান, দেবহাটায় যুবসমাজকে সংগঠিত করে সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করবেন তারা।