বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

লালন কী চেয়েছিলেন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ণ
লালন কী চেয়েছিলেন

সৌহার্দ সিরাজ
বাংলার মাটি বহু সাধক, কবি, বাউল ও মরমির জন্ম দিয়েছে; কিন্তু তাঁদের মধ্যে লালন সাঁই (১৭৭২-১৮৯০) এমন এক বিরল সাধক, যাঁকে কোনো একটি ধর্মের, কোনো একটি সম্প্রদায়ের কিংবা কোনো একটি দর্শনের খাঁচায় বন্দি করা যায় না। তিনি যেমন বাউল, তেমনি দার্শনিক; যেমন সাধক, তেমনি সমাজসমালোচক; যেমন গীতিকার, তেমনি মানবমুক্তির এক স্বতন্ত্র চিন্তক। তাঁর গান শুনলে মনে হয় তিনি গান করছেনÑকিন্তু একটু গভীরে প্রবেশ করলেই বোঝা যায়, প্রতিটি গান আসলে একটি প্রশ্ন, একটি অনুসন্ধান, একটি আত্মজিজ্ঞাসা এবং একই সঙ্গে প্রচলিত সমাজব্যবস্থার বিরুদ্ধে এক গভীর প্রতিবাদ।
লালনের চিন্তাদর্শনকে শুধু ‘মানবতাবাদ’ বলে সীমাবদ্ধ না রেখে তাঁর মানুষতত্ত্ব, দেহতত্ত্ব, মনের মানুষ, গুরুতত্ত্ব, জাতপাত বিরোধিতা, ধর্মভাবনা, সাম্যচেতনা, প্রেম, আত্মজ্ঞান, সমাজভাবনা এবং মুক্তির আকাক্সক্ষাÑসবকিছুকে মিলিয়ে আমার ভেতরে একটি প্রশ্ন ফিরে বারবার ফিরে আসেÑলালন কী চেয়েছিলেন?

এই প্রশ্ন আসার সঙ্গত কারণ আছে। বাংলা ভাষাভাষী জনমানুষ হিন্দু আর মুসলিম ধর্মীয় সম্প্রদায়ে বিভক্ত। লালন প্রথমে ছিলেন হিন্দু পরে তাঁর জীবন রক্ষাকারী সিরাজ সাঁইয়ের ধর্ম ইসলাম গ্রহণ করেন। সিরাজ সাঁইয়ের ধর্ম ইসলাম হলেও তিনি ইসলামী আকিদা মানতেন না। তিনি এবং তাঁর লোকেরা আল্লাহ মানেন, আল্লাহকে ডাকেন, নবী মানেন নবীকে ডাকেন কিন্তু সে পদ্ধতি ইসলাম অনুমোদন করে না। তাঁর বাউলিয়ানা আচরণের সাথে ইসলাম ধর্মের আচরণ সাংঘর্ষিক। লালন তাঁর সাধনসঙ্গী হওয়ায় তিনিও একই পথের পথিক। ফলে খাঁটি মুসলিম এবং গোঁড়া মুসলিমরা তাঁর দিক থেকে মুখ সরিয়ে নেয়। পক্ষান্তরে, উদারনৈতিক, উচ্চশিক্ষিত বেশ কিছু হিন্দু ছাড়া মধ্যবিত্ত মানের সিংহভাগ হিন্দুরা লালনকে সহজ ভাবে গ্রহণ করে না। আমাদের দৃষ্টিতে লালনের জন্য এটা বড় একটা বিড়ম্বনার বিষয়।
সিরাজ সাঁইয়ের মৃত্যুর পরে তিনি নিজকে নতুন ভাবে গভীর তত্ত্বজ্ঞানে সন্নিবেশ করেন। কী সেই তত্ত্বজ্ঞান কী সেই দর্শন সেটাই আমাদের অভিগমÑ আসলে লালন শাহ কী চেয়েছিলেন?

এই প্রশ্নের উত্তর এক কথায় দেওয়া কঠিন। তিনি চান মানুষ নিজের মানুষকে চিনুক; নিজের ভেতরের মানুষকে আবিষ্কার করুক; জাত, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, আচার ও বাহ্যিক পরিচয়ের অহংকার অতিক্রম করুক; মানুষকে মানুষ হিসেবে ভালোবাসুক; এবং নিজের দেহ-মন-চৈতন্যের মধ্যেই যে অচিন সত্তার সন্ধান, সেই সন্ধানে প্রবেশ করুক। তাঁর সাধনার কেন্দ্রে তাই ঈশ্বরের চেয়ে মানুষ দূরে নয়, বরং মানুষই ঈশ্বর-অনুসন্ধানের প্রধান দরজা।
এই কারণেই লালনের বহুল উচ্চারিত বাণীÑ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারাবি।’ এই দুই পংক্তি শুধু কোনো আধ্যাত্মিক সাধনার কথা নয়; এর মধ্যে লালনের সমগ্র দর্শনের একটি কেন্দ্রীয় সূত্র নিহিত। মানুষের প্রতি শ্রদ্ধা, মানুষের মধ্যে মহত্ত্বের সন্ধান এবং নিজের মানবিক সত্তার পরিশুদ্ধিই তাঁর কাছে ‘সোনার মানুষ’ হয়ে ওঠার পথ।
১. লালনের কাছে প্রথম সত্যÑমানুষ লালনের দর্শনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাঁর মানুষকেন্দ্রিকতা। ধর্মতত্ত্বের দীর্ঘ বিতর্কে তিনি প্রবেশ করেননি; তিনি জানতে চেয়েছেনÑমানুষ কে? মানুষের পরিচয় কী? মানুষ কেন মানুষকে ঘৃণা করে? জন্মের কারণে একজন উচ্চ আর অন্যজন নি¤œ হয়ে যায় কীভাবে? একটি নাম, একটি পোশাক, একটি ধর্মীয় প্রতীক কিংবা একটি আচার কী করে মানুষের প্রকৃত পরিচয় হয়ে উঠতে পারে?
তাঁর বিখ্যাত গান-‘সব লোকে কয় লালন কি জাত সংসারে।
লালন বলে জাতের কিরূপ দেখলাম না এ নজরে।’ এখানে প্রশ্নটি কেবল ব্যক্তিগত পরিচয়ের নয়। লালন আসলে গোটা সমাজব্যবস্থাকে প্রশ্ন করছেন। মানুষ জন্মের আগে কোনো জাত নিয়ে আসে না; মৃত্যুর পরে তার সঙ্গে কোনো জাত যায় না। তাহলে জাতের এই অহংকার কোথা থেকে আসে?

লালনের দৃষ্টিতে মানুষকে মানুষ থেকে বিচ্ছিন্ন করার সবচেয়ে বড় অস্ত্র হলো কৃত্রিম পরিচয়। হিন্দু-মুসলমান, জাত-পাত, উঁচু-নিচু, ভদ্র-ইতরÑএসব বিভাজন মানুষের তৈরি। তাঁর মানবতাবাদ তাই কেবল কোমল আবেগের মানবতাবাদ নয়; এর মধ্যে রয়েছে তীব্র সামাজিক প্রতিবাদ। জাতপাতের বিরুদ্ধে তাঁর গানগুলো সেই প্রতিবাদেরই দলিল।
২. জাত গেলÑকিন্তু কী গেল? লালন জাতপ্রথার বিরোধিতা করেছেন অত্যন্ত তীক্ষ্ণ ভাষায়। তিনি দেখেছেন, সমাজে মানুষকে মূল্যায়ন করা হয় তার মানবিক গুণে নয়, জন্মপরিচয় দিয়ে। সেই প্রবণতার বিরুদ্ধে তাঁর ব্যঙ্গ-‘জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা!’
এই ‘আজব কারখানা’ আসলে সমাজের সেই নির্মাণব্যবস্থা, যেখানে মানুষ মানুষকে মাপে জন্মের মাপকাঠিতে।
আরও গভীরে গিয়ে তিনি বলেন-‘কেউ মালা, কেউ তসবি গলায় তাইতে কি জাত ভিন্ন বলায়?
যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কার রে?’
এখানে মালা ও তসবির উল্লেখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাহ্যিক ধর্মীয় পরিচয়কে লালন মানুষের চূড়ান্ত পরিচয় হিসেবে মানেন না। একজন মালা পরলেই সে এক জাতের এবং অন্যজন তসবি গলায় রাখলেই আরেক জাতেরÑএই ধারণাকে তিনি প্রশ্ন করেন। কারণ মানুষের শরীর, জন্ম, মৃত্যু, ক্ষুধা, ভালোবাসা, দুঃখ ও আনন্দের মৌলিক সত্য একই। লালনের সাম্যচেতনার শক্তি এখানেইÑতিনি কেবল ‘সবাই সমান’ বলেননি; তিনি জিজ্ঞাসা করেছেন, কেন মানুষে মানুষে অসমতার এই কৃত্রিম দেয়াল?
৩. ধর্মের বিরুদ্ধে নন, ধর্মের নামে বিভেদের বিরুদ্ধে লালনকে কেবল ধর্মবিরোধী বলে চিহ্নিত করা ভুল। তাঁর আপত্তি ধর্মের অস্তিত্বে নয়; তাঁর আপত্তি ধর্মের বাহ্যিকতা, সংকীর্ণতা ও ধর্মের নামে মানুষের বিভাজনে। তিনি মন্দির-মসজিদ, হিন্দু-মুসলমান, পুজো-নামাজের বাহ্যিক পরিচয়ের ওপরে মানুষের অন্তর্জগতকে স্থান দিয়েছেন। তাঁর কাছে স্রষ্টাকে পাওয়ার পথ মানুষের ভেতর দিয়েই যায়। তাই তাঁর একটি গভীর উপলব্ধিÑ‘দেহে আছে মন, মনের মাঝে সাঁই’।
অর্থাৎ যে সত্তাকে মানুষ বাইরে খুঁজছে, তার সন্ধান নিজের ভেতরেও করতে হবে।
লালনের ধর্ম তাই প্রাতিষ্ঠানিক ধর্মের চেয়ে বেশি অন্তর্মুখী। তিনি ধর্মীয় পরিচয়ের বদলে আত্মপরিচয়কে বড় করেছেন। তাঁর সাধনা বাহিরের আচার থেকে ভিতরের উপলব্ধির দিকে যাত্রা।
এ কারণেই তাঁর দর্শনে ‘মানুষ’ এবং ‘সাঁই’ পরস্পর বিচ্ছিন্ন নয়। মানুষের মধ্যে যে চৈতন্য, যে প্রেম, যে বিবেক, যে সত্যের আকাক্সক্ষাÑসেইখানেই সাঁইয়ের উপস্থিতি অনুভব করা যায়।
৪. ‘মনের মানুষ’Ñলালনের দর্শনের রহস্যময় কেন্দ্র লালনের দর্শনে সবচেয়ে আকর্ষণীয় শব্দগুলোর একটি হলোÑমনের মানুষ। ‘মনের মানুষ’ কে? তিনি কি কোনো নির্দিষ্ট ব্যক্তি? নাকি ঈশ্বর? নাকি মানুষের অন্তর্গত পরম সত্তা? লালন ইচ্ছাকৃতভাবেই এর একটি সরল উত্তর দেন না। তাঁর দর্শনের সৌন্দর্য এখানেইÑতিনি উত্তরকে রহস্যের মধ্যে রাখেন, কিন্তু অনুসন্ধানের দরজা খুলে দেন। তিনি গেয়েছেনÑ
‘মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে’
এখানে ‘মিলন’ কেবল প্রেমিক-প্রেমিকার মিলন নয়। এর গভীরে রয়েছে আত্মা ও পরমসত্তার মিলনের আকাক্সক্ষা, নিজের অন্তর্গত সত্যকে আবিষ্কারের আকাক্সক্ষা।
মনের মানুষ তাই লালনের কাছে বহির্জগতের কোনো দূরবর্তী দেবতা নন। তিনি অন্তরের মানুষ। তাঁকে খুঁজতে হলে নিজের ভেতরে যেতে হবে। আর নিজের ভেতরে যাওয়ার অর্থ নিজের কামনা, অহংকার, লোভ, ভেদবুদ্ধি ও অজ্ঞতাকে অতিক্রম করা।
এই জায়গায় লালন আধুনিক মনস্তাত্ত্বিক চিন্তার কাছেও বিস্ময়করভাবে প্রাসঙ্গিক। মানুষ বাইরে যত পরিচয় নির্মাণ করে, তার চেয়েও গুরুত্বপূর্ণ তার অন্তর্গত পরিচয়।
৫. দেহÑঅবজ্ঞার নয়, অনুসন্ধানের ক্ষেত্র: লালনের দর্শনে দেহের গুরুত্ব অপরিসীম। দেহ তাঁর কাছে শুধু মাংস-পেশির শরীর নয়; দেহ হচ্ছে সাধনার ক্ষেত্র, রহস্যের আধার, জ্ঞানের সম্ভাব্য উৎস।
বাউলতত্ত্বে ‘দেহতত্ত্ব’ একটি গুরুত্বপূর্ণ ধারণা। লালনের গানেও দেহের মধ্যে অচিন সত্তার সন্ধান বারবার ফিরে আসে। তিনি যেন বলছেনÑতুমি যে সত্যকে আকাশে, মন্দিরে, মসজিদে কিংবা দূরবর্তী কোনো অলৌকিক জগতে খুঁজছ, আগে নিজের দেহ-মনকে চিনে দেখো।
তাঁর বিখ্যাত গানÑ‘খাঁচার ভিতর অচিন পাখি
কেমনে আসে যায়’।
‘খাঁচা’ এখানে দেহের প্রতীক হিসেবে পাঠ করা যায়; ‘অচিন পাখি’ জীবনের অজ্ঞাত প্রাণসত্তা। মানুষ নিজের দেহের মধ্যে বসবাস করেও নিজের অস্তিত্বের রহস্য জানে না। জন্ম কোথা থেকে, প্রাণ কোথা থেকে, মৃত্যু কোথায় নিয়ে যায়Ñএই প্রশ্নগুলো লালনের গানকে দার্শনিক গভীরতা দিয়েছে।
তাই লালনের সাধনা আসলে নিজের অস্তিত্বকে জানা।
৬. আত্মজ্ঞানÑলালনের মুক্তির পথ লালনের কাছে অন্যকে জানার আগে নিজেকে জানা জরুরি। নিজের পরিচয় না জেনে ঈশ্বর, ধর্ম, সমাজ কিংবা বিশ্বকে বোঝার চেষ্টা অসম্পূর্ণ।
এ কারণেই তাঁর দর্শনে আত্মজিজ্ঞাসা এত গুরুত্বপূর্ণ। তিনি মানুষের কাছে বাইরের জ্ঞান চাপিয়ে দেন না; বরং প্রশ্ন করেন।
‘আমি কে?’
‘আমার ভেতরের মানুষ কে?’
‘আমার পরিচয় কোথায়?’
‘জাতের পরিচয় কি সত্যিই আমার পরিচয়?’
‘দেহের মধ্যে যে প্রাণ, তার রহস্য কী?’
এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই লালনের সাধক এগিয়ে যায়।
লালনের মানবতাবাদ তাই আত্মজ্ঞানবিহীন মানবতাবাদ নয়। তিনি চান মানুষ প্রথমে নিজের অজ্ঞতা উপলব্ধি করুক। যে নিজেকে জানে না, সে অন্য মানুষকেও সত্যিকার অর্থে জানতে পারে না।
৭. গুরুÑঅন্ধ আনুগত্য নয়, জ্ঞানের দরজা
লালনের দর্শনে গুরু একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। তবে গুরু তাঁর কাছে কেবল কোনো ব্যক্তি নন; গুরু জ্ঞানের পথপ্রদর্শক, অজ্ঞতা থেকে জ্ঞানে উত্তরণের সহায়ক।
‘মানুষ-গুরু’ ধারণার মধ্যে তাই মানুষের মধ্যেই জ্ঞানের সম্ভাবনাকে তিনি স্বীকার করেন। তাঁর গানেÑ
‘মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি’।
এখানে ‘কৃপা’ মানে কেবল অলৌকিক আশীর্বাদ নয়; বরং জ্ঞান, উপলব্ধি ও সাধনার দরজা খুলে দেওয়া।
লালনের গুরুতত্ত্বের সঙ্গে তাঁর মানুষতত্ত্বের গভীর সম্পর্ক রয়েছে। মানুষকে অবজ্ঞা করে সাঁইকে পাওয়া যাবে না; মানুষের মধ্য দিয়েই মানুষকে জানতে হবে।
৮. প্রেমÑলালনের দর্শনের প্রাণ লালনের দর্শনে প্রেম শুধু আবেগ নয়; প্রেম একটি জ্ঞানপথ। মানুষকে ভালোবাসা, মানুষের দুঃখকে নিজের দুঃখ হিসেবে অনুভব করা এবং ভেদাভেদ অতিক্রম করাÑএসবের মধ্য দিয়েই মানুষ সত্যের কাছে পৌঁছায়।
এই কারণে লালনের মানবতাবাদকে নিছক সামাজিক সমতার তত্ত্ব হিসেবে দেখলে তাঁর গভীরতা কমে যায়। তাঁর সাম্যের ভিতরে প্রেম আছে।
যে মানুষ অন্য মানুষকে ঘৃণা করে, সে নিজের অন্তর্গত মানুষকেও চিনতে পারে না। কারণ ঘৃণা মানুষকে বিভক্ত করে, প্রেম তাকে যুক্ত করে।
লালনের ‘মনের মানুষ’ আসলে প্রেমেরই এক আধ্যাত্মিক রূপ। মানুষকে ভালোবাসতে ভালোবাসতে মানুষ নিজের মধ্যে এক বৃহত্তর সত্তাকে আবিষ্কার করে।
৯. নারী-পুরুষের সম্পর্কেও লালনের অনুসন্ধান লালনের গানে নারী-পুরুষ, দেহ, প্রেম, মিলন ও সৃষ্টির নানা রূপক ব্যবহৃত হয়েছে। এগুলোকে শুধু যৌনতার সরল অর্থে পাঠ করলে তাঁর সাধনতত্ত্বের গভীরতা ধরা পড়ে না। দেহ ও মিলনের প্রতীক তাঁর কাছে সৃষ্টির রহস্য, দ্বৈততার মধ্যে ঐক্য এবং পরস্পরের পরিপূরকতার দিক উন্মোচন করে।
লালন দেহকে পাপের বস্তু হিসেবে দেখেননি; বরং দেহের মধ্যেই রহস্যের সন্ধান করেছেন। এই দৃষ্টিভঙ্গি প্রচলিত দেহ-অবজ্ঞার ধারণা থেকে সম্পূর্ণ আলাদা।
১০. সমাজের বিরুদ্ধে লালনের প্রতিবাদ
লালন কোনো রাজনৈতিক বিপ্লবের নেতা ছিলেন না। কিন্তু তাঁর গান ছিল গভীর সামাজিক প্রতিবাদের ভাষা।
তিনি প্রশ্ন করেছেন জাতপাতকে।
তিনি প্রশ্ন করেছেন ধর্মীয় ভ-ামিকে।
তিনি প্রশ্ন করেছেন বাহ্যিক আচারকে।
তিনি প্রশ্ন করেছেন মানুষের তৈরি উচ্চ-নীচের দেয়ালকে।
তিনি প্রশ্ন করেছেন অন্ধ অনুসরণকে।
এই প্রশ্ন করার সাহসই তাঁকে সমাজদ্রষ্টায় পরিণত করেছে।
তাঁর সময়ে হিন্দু-মুসলমান বিভাজন, জাতপাত ও সামাজিক বৈষম্য ছিল প্রবল। লালন সেই বাস্তবতার মধ্যেই এমন এক মানবসমাজের কথা বলেছেন যেখানে মানুষের পরিচয় তার মনুষ্যত্বে।
এই কারণে তাঁর দর্শন কেবল ব্যক্তিগত সাধনার নয়; এর একটি সামাজিক মাত্রাও রয়েছে। গবেষণামূলক আলোচনাতেও লালনের জাতপাতবিরোধী ও মানবতাবাদী অবস্থানকে তাঁর দর্শনের কেন্দ্রীয় বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।
১১. লালনের ‘সোনার মানুষ’ আসলে কে?
‘সোনার মানুষ’ লালনের দর্শনের সবচেয়ে সুন্দর প্রতীকগুলোর একটি।
সোনার মানুষ মানে কি ধনী মানুষ? ক্ষমতাবান মানুষ? প-িত মানুষ? ধর্মপরায়ণ মানুষ?
কোনোটিই নয়।
সোনার মানুষ হলো সেই মানুষ, যার মধ্যে মানবিকতা জেগেছে; যে মানুষ ভেদাভেদ অতিক্রম করেছে; যে নিজের অহংকারকে নিয়ন্ত্রণ করতে পেরেছে; যে অন্যকে সম্মান করতে জানে; যে নিজের ভিতরের মানুষকে চিনতে চায়। তাই লালন বলেনÑ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’।
Ñএই কথাটি আসলে একটি নৈতিক আহ্বান। লালন যেন বলছেন, মানুষের প্রতি শ্রদ্ধা শেখো, মানুষের মধ্যে সত্যকে খুঁজে নাও, তাহলেই তুমি নিজেও ‘সোনার মানুষ’ হয়ে উঠবে।
এখানে ‘ভজন’ শব্দটির অর্থও গভীর। কেবল ধর্মীয় উপাসনা নয়Ñশ্রদ্ধা, ভালোবাসা, সেবা, অনুসন্ধান ও আত্মসমর্পণÑসব মিলিয়ে মানুষের প্রতি এক গভীর মানবিক সম্পর্ক।
১২. লালন কী চান না
লালন কী চানÑএই প্রশ্নের উত্তর বুঝতে হলে তিনি কী চান না, সেটিও দেখতে হয়।
তিনি চান না-মানুষ জন্মপরিচয় নিয়ে অহংকার করুক।
তিনি চান না-ধর্মের নামে মানুষ মানুষকে ঘৃণা করুক।
তিনি চান না-বাহ্যিক আচারকে ধর্মের চূড়ান্ত সত্য মনে করা হোক।
তিনি চান না-মানুষ নিজের ভেতরের সত্যকে না জেনে শুধু বাইরে ঈশ্বর খুঁজে বেড়াক।
তিনি চান না-অজ্ঞতা ও কুসংস্কারকে ধর্মের নামে প্রতিষ্ঠা করা হোক।
তিনি চান না-মানুষকে জাত, বর্ণ, সম্প্রদায় বা সামাজিক অবস্থান দিয়ে বিচার করা হোক।
তাঁর গান তাই একই সঙ্গে সাধনার গান এবং প্রতিবাদের গান।
১৩. লালনের স্বাধীন চিন্তা-লালনের সবচেয়ে আধুনিক গুণগুলোর একটি হলো তাঁর প্রশ্ন করার স্বাধীনতা। তিনি কোনো প্রতিষ্ঠিত মতবাদকে অন্ধভাবে গ্রহণ করেননি। তাঁর গান প্রশ্নে প্রশ্নে ভরা।
এই প্রশ্নপ্রবণতা তাঁকে একজন স্বাধীন চিন্তকে পরিণত করেছে।
তিনি যেন বলেনÑশুনেছ বলে বিশ্বাস করো না; দেখে, ভেবে, জেনে গ্রহণ করো।
এই মনোভাব আধুনিক যুক্তিবাদী চেতনার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করে। অবশ্য লালন আধুনিক পাশ্চাত্য অর্থে যুক্তিবাদী দার্শনিক ছিলেন না; তাঁর চিন্তার ভিত্তি ছিল মরমি সাধনা। কিন্তু তাঁর সাধনার পদ্ধতিতে আত্মজিজ্ঞাসা ও প্রত্যক্ষ উপলব্ধির গুরুত্ব ছিল প্রবল।
১৪. মৃত্যু ও সময়Ñজীবনকে এখনই চিনতে হবে
লালনের দর্শনে সময়ের একটি গভীর বোধ আছে। জীবন ক্ষণস্থায়ী। মানুষ যতদিন বেঁচে আছে, ততদিনই তার সাধনার সুযোগ।
তাঁর গান-‘সময় গেলে সাধন হবে না’।
এই সংক্ষিপ্ত পংক্তির মধ্যে জীবনের এক গভীর দর্শন রয়েছে। মানুষ প্রায়ই ভাবেÑপরে বুঝব, পরে ভালো হব, পরে মানুষকে ভালোবাসব, পরে নিজের ভিতরে তাকাব। কিন্তু ‘পরে’ সবসময় আসে না।
তাই লালনের সাধনা বর্তমানের সাধনা। এখনই নিজেকে জানতে হবে। এখনই মানুষকে ভালোবাসতে হবে। এখনই ভেদাভেদ অতিক্রম করতে হবে। ১৫. লালনের দর্শনে মুক্তি কী?
লালনের কাছে মুক্তি কোনো দূরবর্তী স্বর্গে পৌঁছানোর নাম নয়। মুক্তি হলো অজ্ঞতা থেকে জ্ঞানে, বিভেদ থেকে ঐক্যে, অহংকার থেকে প্রেমে এবং বাহ্যিকতার ভেতর থেকে অন্তরের সত্যে পৌঁছানো।
যে মানুষ জাতের অহংকার থেকে মুক্ত, সে মুক্তির পথে। যে মানুষ ধর্মীয় বিদ্বেষ থেকে মুক্ত, সে মুক্তির পথে। যে মানুষ নিজের অহংকারকে জয় করতে পারে, সে মুক্তির পথে। যে মানুষ নিজের ভিতরের ‘মনের মানুষ’-কে খুঁজে পায়, সে মুক্তির পথে। এই মুক্তি ব্যক্তিগত এবং সামাজিকÑদুই-ই।
১৬. আজকের পৃথিবীতে লালন লালন আজও প্রাসঙ্গিক কেন?
কারণ মানুষের প্রযুক্তি বদলেছে, পোশাক বদলেছে, যোগাযোগব্যবস্থা বদলেছে; কিন্তু মানুষের ভেতরের বিভেদবোধ পুরোপুরি বদলায়নি। আজও মানুষ ধর্মের নামে বিভক্ত হয়।
জাতি ও সম্প্রদায়ের নামে বিভক্ত হয়। অর্থ ও ক্ষমতার ভিত্তিতে মানুষকে বিচার করা হয়।
সামাজিক পরিচয় অনেক সময় মানবিক পরিচয়কে ছাপিয়ে যায়। এই বাস্তবতায় লালনের প্রশ্ন আবার ফিরে আসে-সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই প্রশ্ন আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে।
আমরা নিজেদের কত পরিচয় বহন করিÑধর্মের, ভাষার, দেশের, পেশার, মতের, অর্থের। কিন্তু সব পরিচয়ের আগে আমরা মানুষ কি নাÑলালন সেই প্রশ্নটিই সবচেয়ে জোর দিয়ে তুলেছেন। ১৭. লালন কোনো ‘মতবাদ’ দিতে চাননি লালনের দর্শনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যÑতিনি কোনো সুসংবদ্ধ দার্শনিক মতবাদ লিখে যাননি। তাঁর চিন্তা ছড়িয়ে আছে গানে, প্রতীকে, রূপকে, প্রশ্নে ও সাধনার ভাষায়।
তাই তাঁকে কেবল ‘লালনবাদ’ নামের একটি কঠিন তত্ত্বের মধ্যে আবদ্ধ করলে তাঁর স্বাভাবিকতা নষ্ট হয়।
তিনি বরং মানুষকে পথ দেখানÑনিজেকে জানো, মানুষকে ভালোবাসো, ভেদাভেদ অতিক্রম করো, অন্তরের সত্যকে অনুসন্ধান করো। তাঁর গান তাই কোনো পরীক্ষার উত্তর নয়; বরং এক অন্তহীন অনুসন্ধানের দরজা। ১৮. তাহলে লালন কী চান?
এখন মূল প্রশ্নে ফিরে আসা যাকÑলালন কী চান?
লালন চান মানুষ মানুষকে চিনুক।
তিনি চান মানুষ নিজের ভিতরের মানুষকে চিনুক।
তিনি চান মানুষ জন্মের অহংকার ত্যাগ করুক।
তিনি চান জাতপাতের দেয়াল ভেঙে যাক।
তিনি চান হিন্দু-মুসলমানের বিভেদ মানুষের মানবিক পরিচয়কে গ্রাস না করুক।
তিনি চান ধর্ম মানুষের মুক্তির পথ হোক, বিভেদের অস্ত্র না হোক।
তিনি চান বাহ্যিক আচার নয়, অন্তরের সত্য মূল্য পায়।
তিনি চান মানুষ প্রেমের মধ্য দিয়ে সত্যকে অনুভব করুক।
তিনি চান মানুষ নিজের দেহ-মনকে জানুক।
তিনি চান গুরু ও সাধনার মধ্য দিয়ে আত্মজ্ঞান অর্জিত হোক।
তিনি চান মানুষ ‘মানুষ’ হয়ে উঠুকÑশুধু জন্মগত অর্থে নয়, নৈতিক ও আধ্যাত্মিক অর্থে।
আর সবশেষে তিনি চান সেই ‘সোনার মানুষ’, যে মানুষের মধ্যে মানুষকে দেখতে পাবে।
তাঁর দর্শনের সবচেয়ে বড় কথা তাই কোনো দুর্বোধ্য তত্ত্ব নয়। তাঁর কথাটি আশ্চর্য সরল। তিনি বলেনÑ
‘মানুষ ছাড়া মন আমার
পড়বি রে তুই শূন্যকার।
লালন বলে মানুষ আকার
ভজলে তারে পাবি’।
মানুষ ছাড়া মন শূন্যÑএই কথার মধ্যেই লালনের মানবদর্শনের গভীরতম সত্যটি নিহিত।
মানুষকে পাওয়া মানেই লালনকে পাওয়া। লালনকে বুঝতে হলে তাঁর গান শুধু শুনলে হবে না; তাঁর প্রশ্নগুলো শুনতে হবে। তাঁর একতারা থেকে যে সুর বেরোয়, তার মধ্যে শুধু আধ্যাত্মিকতার ডাক নেইÑআছে সামাজিক মুক্তির আকাক্সক্ষা, আছে সাম্যের স্বপ্ন, আছে মানুষের প্রতি গভীর প্রেম, আছে আত্মপরিচয়ের অনুসন্ধান। লালন কোনো নতুন ধর্ম প্রতিষ্ঠা করতে চাননি। তিনি মানুষকে কোনো নির্দিষ্ট ধর্মে দীক্ষিত করতেও চাননি। তিনি মানুষকে নিজের কাছে ফিরিয়ে দিতে চেয়েছেন।
তাঁর কাছে মানুষই অনুসন্ধানের কেন্দ্র, মানুষই সাধনার ক্ষেত্র, মানুষই প্রেমের বিষয় এবং মানুষই সত্যের দরজা। তাই লালনের কাছে ঈশ্বরকে পেতে হলে মানুষকে অতিক্রম করতে হয় না; বরং মানুষের মধ্য দিয়েই যেতে হয়। নিজের ভেতরের মানুষকে না জেনে বাইরের ঈশ্বরকে খোঁজা তাঁর কাছে অসম্পূর্ণ অনুসন্ধান। এই জন্যই তাঁর দর্শনের সারকথা সম্ভবত একটিমাত্র শব্দে ধরা যায়Ñমানুষ।
তবে সেই মানুষ জন্মসূত্রে পাওয়া মানুষ নয়; লালনের মানুষ হলো অর্জন করে নিতে হয় এমন মানুষ। যে মানুষ জাতের ঊর্ধ্বে, ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে, অহংকারের ঊর্ধ্বে, ঘৃণার ঊর্ধ্বেÑযে মানুষ অন্য মানুষের চোখে নিজেরই মুখ দেখতে পায়। সেই মানুষই ‘সোনার মানুষ’। আর সেই সোনার মানুষ হওয়ার সাধনাই লালনের সাধনা। তাই আজও তাঁর একতারার সুর যেন আমাদের কানে এসে বলে-‘মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারাবি’। এই বাণীর মধ্যে লালনের সমগ্র জীবনদর্শনের এক অসামান্য সংক্ষিপ্তসার রয়েছে। তিনি আমাদের কোনো প্রস্তুত উত্তর দিয়ে যাননি; বরং দিয়ে গেছেন একটি আয়না। সেই আয়নায় তাকালে আমাদের প্রত্যেকেরই নিজেকে প্রশ্ন করতে হয়Ñআমি মানুষ হয়েছি তো?
সম্ভবত এই প্রশ্নের উত্তর খুঁজতেই লালন আজও বেঁচে আছেন।
তথ্য ঋণ
১. ফকির লালন সাঁই: দর্শন ও সমাজতত্ত্ব-আবু ইসহাক হোসেন
২. লালন সাঁই : মরমি ও দ্রোহী-আবুল আহসান চৌধুরী
৩. মহাত্মা লালন ফকির-বসন্তকুমার পাল
৪. বাংলার বাউল ও বাউল গান-উপেন্দ্রনাথ ভট্টাচার্য
৫. বাউল কবি লালন শাহÑআনোয়ারুল করীম

Ads small one

সাতক্ষীরায় দুটি নতুন ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
সাতক্ষীরায় দুটি নতুন ‘মানবতার দেয়াল’ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাতক্ষীরায় চালু হলো দুটি নতুন ‘মানবতার দেয়াল’। বৃহস্পতিবার (১২ নভেম্বর) শহরের সাতক্ষীরা সরকারি কলেজের দ্বিতীয় গেট ও আসিফ চত্বরে পৃথকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

‘মানুষ মানুষের জন্য’ স্লোগানকে সামনে রেখে মানুষের প্রতি সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরা কমিউনিটি এ উদ্যোগ গ্রহণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। এ সময় সাতক্ষীরা কমিউনিটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক উম্মে ফোয়ারা রানি, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এ উদ্যোগের আওতায় যাঁদের ঘরে অতিরিক্ত ব্যবহারযোগ্য পোশাক রয়েছে, তাঁরা সেসব পোশাক মানবতার দেয়ালে রেখে যেতে পারবেন। অন্যদিকে, যাঁদের পোশাক প্রয়োজন, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে পোশাক সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে কোনো আর্থিক সচ্ছলতার প্রমাণ বা অর্থের প্রয়োজন হবে না। মানুষের আত্মমর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

উদ্বোধনকালে অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম বলেন, এ কার্যক্রম শুধু পোশাক বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং এর মাধ্যমে সমাজে সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক দায়িত্ববোধের সংস্কৃতি গড়ে উঠবে। মানুষের ঘরে পড়ে থাকা অতিরিক্ত পোশাক অন্য কোনো শীতার্ত বা অসহায় মানুষের শীত নিবারণ কিংবা আনন্দের উপলক্ষ হতে পারে। এ উদ্যোগকে এগিয়ে নিতে তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সবার সম্মিলিত অংশগ্রহণে সাতক্ষীরার ‘মানবতার দেয়াল’ পারস্পরিক সহযোগিতা ও মানবিকতার একটি কার্যকর দৃষ্টান্ত হয়ে উঠবে।

গণতন্ত্র কি শুধু ক্ষমতা পরিবর্তনের নাম?

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
গণতন্ত্র কি শুধু ক্ষমতা পরিবর্তনের নাম?

গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

একটি আধুনিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্রের অন্যতম প্রধান শর্ত হলো নাগরিকের জানমালের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের সমান প্রয়োগ এবং নির্ভয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার নিশ্চয়তা। গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য শুধু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ক্ষমতায় থাকা ও ক্ষমতার বাইরে থাকা—উভয় অবস্থায় নাগরিকের অধিকার সমানভাবে সুরক্ষিত রাখার মধ্যেই এর সার্থকতা নিহিত।

কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ক্ষমতার পালাবদলের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা, বিরোধী মতের প্রতি অসহিষ্ণুতা এবং নাগরিক নিরাপত্তার প্রশ্ন বারবার সামনে এসেছে। সরকার পরিবর্তিত হয়েছে, রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন ঘটেছে; কিন্তু রাজনৈতিক সহনশীলতা, আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি প্রতিষ্ঠার চ্যালেঞ্জ পুরোপুরি কাটেনি। ফলে প্রশ্ন উঠছে, বাংলাদেশে কি কেবল ক্ষমতার পরিবর্তন হচ্ছে, নাকি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন ঘটছে?

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ করা গেছে। তা হলো, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এবং রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে শত্রু হিসেবে বিবেচনা করার প্রবণতা। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে বিএনপি ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা মামলা, গ্রেপ্তার, রাজনৈতিক হয়রানি এবং সভা-সমাবেশে বাধার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, রাজনৈতিক পালাবদলের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা, হামলা, গ্রেপ্তার ও প্রতিশোধমূলক আচরণের অভিযোগ সামনে এসেছে। একটি মৌলিক বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন—কোনো ব্যক্তি অপরাধ করলে প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিচার অবশ্যই হতে হবে। কিন্তু রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হয়রানি করা, বিনা বিচারে শাস্তি দেওয়া কিংবা তাঁর পরিবারের সদস্যদেরও সামাজিক ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার করা কোনোভাবেই ন্যায়বিচারের অংশ হতে পারে না।

হিউম্যান রাইটস ওয়াচের ২০২৬ সালের ওয়ার্ল্ড রিপোর্ট এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০২৫ সালের মানবাধিকার পর্যালোচনায় বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা, নির্বিচার গ্রেপ্তার, প্রতিশোধমূলক আচরণ ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগের বিষয় উঠে এসেছে। এসব পর্যবেক্ষণ থেকে স্পষ্ট যে, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের প্রশংসা করার অধিকার যেমন নাগরিকের রয়েছে, তেমনি সরকারের সমালোচনা করার অধিকারও সমানভাবে স্বীকৃত। একজন নাগরিক রাষ্ট্রের নীতি, প্রশাসনের কর্মকাণ্ড কিংবা রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের সমালোচনা করতে পারেন। সাংবাদিক প্রশ্ন তুলতে পারেন, লেখক বিশ্লেষণ করতে পারেন এবং সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে পারেন। এসব অধিকার গণতান্ত্রিক সমাজের স্বাভাবিক ও অপরিহার্য বৈশিষ্ট্য।

কিন্তু ভিন্নমত প্রকাশের কারণে যখন গ্রেপ্তার, হয়রানি, হুমকি কিংবা সামাজিকভাবে হেনস্তার আশঙ্কা তৈরি হয়, তখন মানুষ নিজের মতামত প্রকাশের আগে একাধিকবার চিন্তা করতে বাধ্য হন। এভাবেই সমাজে স্ব-আরোপিত নিয়ন্ত্রণ বা ‘সেলফ-সেন্সরশিপ’ তৈরি হয়। বিশেষ করে ডিজিটাল নিরাপত্তা ও সাইবার নিরাপত্তাসংক্রান্ত আইনের প্রয়োগ নিয়ে বাংলাদেশের অতীত ও বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ২০২৬ সালের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ১৮০টি দেশের মধ্যে ১৫২তম অবস্থানে রয়েছে। এই অবস্থান দেশের গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং তথ্যপ্রবাহের পরিবেশ নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তুলে ধরে। তবে বাক্‌স্বাধীনতার অর্থ দায়িত্বহীনতা নয়। মিথ্যা তথ্য, ব্যক্তিগত আক্রমণ, উসকানি কিংবা সহিংসতার প্রচারও গ্রহণযোগ্য হতে পারে না। এসবের প্রতিকার হতে হবে স্বচ্ছ আইন, নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়সংগত বিচারপ্রক্রিয়ার মাধ্যমে; রাজনৈতিক প্রতিহিংসার ভিত্তিতে নয়।

রাষ্ট্রের শক্তি শুধু বড় বড় অবকাঠামো, সড়ক, সেতু কিংবা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যান দিয়ে পরিমাপ করা যায় না। একটি রাষ্ট্র কতটা শক্তিশালী, তা বোঝা যায় সাধারণ মানুষ কতটা নিরাপদ, কতটা সহজে ন্যায়বিচার পান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, তার মাধ্যমে। প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা একটি রাষ্ট্রের স্থিতিশীলতার অন্যতম ভিত্তি। যদি কোনো নাগরিক মনে করেন, রাজনৈতিক পরিচয়, অর্থনৈতিক প্রভাব কিংবা ক্ষমতাবান ব্যক্তির সঙ্গে সম্পর্কের ভিত্তিতে বিচার ও প্রশাসনিক সুবিধা নির্ধারিত হচ্ছে, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি তাঁর আস্থা দুর্বল হয়ে পড়ে। এ ক্ষেত্রে প্রয়োজন প্রশাসনের পেশাদারত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, আইন প্রয়োগে নিরপেক্ষতা এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ বিভিন্ন সুশাসনবিষয়ক প্রতিষ্ঠানের গবেষণা ও পর্যবেক্ষণেও রাষ্ট্রীয় স্বচ্ছতা, দুর্নীতি প্রতিরোধ এবং জবাবদিহি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো সরকারই জবাবদিহির ঊর্ধ্বে নয়। জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের প্রভাবশালী ব্যক্তি—সবার ক্ষেত্রেই একই আইনি মানদণ্ড কার্যকর থাকতে হবে।

বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায়, গণতন্ত্রের মান নির্ধারণে শুধু নির্বাচন নয়; রাজনৈতিক অংশগ্রহণ, নাগরিক স্বাধীনতা, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতাও গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। ফ্রিডম হাউসের ‘ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড ২০২৬’ প্রতিবেদনে বাংলাদেশকে ১০০-এর মধ্যে ৪৪ নম্বর দিয়ে ‘পার্টলি ফ্রি’ বা আংশিক স্বাধীন রাষ্ট্র হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। প্রতিবেদনে রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতার পাশাপাশি রাজনৈতিক প্রতিশোধ এবং বিচারবহির্ভূত সহিংসতা নিয়েও উদ্বেগ তুলে ধরা হয়েছে।

অন্যদিকে, নরওয়ে, সুইডেন ও ডেনমার্কের মতো নর্ডিক দেশগুলোতে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা, আইনের শাসন, স্বাধীন গণমাধ্যম এবং নাগরিক অধিকার সুরক্ষার চর্চা রয়েছে। এসব দেশের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সরকার পরিবর্তিত হলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও নাগরিক অধিকারের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে হয়। পাকিস্তান, মিয়ানমার ও ভেনেজুয়েলার মতো দেশগুলোর রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতিও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সময়ে উদ্বেগের কারণ হয়েছে। তবে প্রতিটি দেশের ইতিহাস, রাজনৈতিক বাস্তবতা ও রাষ্ট্রীয় কাঠামো আলাদা। তাই সরাসরি এক করে দেখার পরিবর্তে তাদের অভিজ্ঞতা থেকে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার ঝুঁকিগুলো অনুধাবন করাই যুক্তিসংগত।

বাংলাদেশের জন্য মূল প্রশ্ন হলো, আমরা কি এমন একটি রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তুলতে পারছি, যেখানে রাজনৈতিক পরিচয় নয়, বরং নাগরিকত্বই অধিকার ও নিরাপত্তার প্রধান ভিত্তি হবে? গণতন্ত্রের সার্থকতা কেবল ক্ষমতার পালাবদলে নয়; বরং এমন একটি রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংস্কৃতি প্রতিষ্ঠায়, যেখানে সরকার পরিবর্তিত হলেও নাগরিকের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা অক্ষুণ্ন থাকে।

লেখক: গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, সমাজকর্মী ও উদ্যোক্তা।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। পত্রদূত অনলাইন এবং পত্রদূত-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

বিশ্ব দয়া দিবস: সহমর্মিতার চর্চায় গড়ে উঠুক মানবিক পৃথিবী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
বিশ্ব দয়া দিবস: সহমর্মিতার চর্চায় গড়ে উঠুক মানবিক পৃথিবী

সাকিবুর রহমান বাবলা

১৩ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব দয়া দিবস। মানুষের মধ্যে দয়া, সহানুভূতি, উদারতা ও পরোপকারের চর্চা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৮ সাল থেকে দিবসটি উদযাপিত হয়ে আসছে। এর পেছনে রয়েছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। ১৯৯৭ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব দয়া আন্দোলনের সম্মেলনের উদ্বোধন হয়েছিল ১৩ নভেম্বর। একই দিন ছিল জাপানের ‘স্মল কাইন্ডনেস মুভমেন্ট’-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে ১৩ নভেম্বরকে বিশ্ব দয়া দিবস হিসেবে বেছে নেওয়া হয়। বর্তমানে কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অনেক দেশে দিবসটি পালিত হয়। ইউনেসকোর মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অব এডুকেশন ফর পিস অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের বিভিন্ন উদ্যোগেও এর মানবিক চেতনা প্রচারিত হচ্ছে।

দয়া কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, রাজনৈতিক মতাদর্শ কিংবা ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি মানুষের একটি সর্বজনীন মানবিক গুণ। অন্যের কষ্ট উপলব্ধি করা, বিপদে পাশে দাঁড়ানো, ক্ষমা করা এবং নিঃস্বার্থভাবে উপকার করার মধ্য দিয়েই এর প্রকাশ ঘটে। সমাজে মানসিক চাপ, একাকিত্ব, বিদ্বেষ ও হিংসা কমিয়ে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা করাই দিবসটির মূল উদ্দেশ্য।

বিজ্ঞানের দৃষ্টিতে মানুষের দয়া ও সহানুভূতির পেছনে মস্তিষ্কের স্নায়বিক কার্যক্রম, হরমোন, সামাজিক শিক্ষা এবং বিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মিরর নিউরনের কার্যক্রম অন্যের আনন্দ-বেদনা উপলব্ধিতে সহায়তা করে। কাউকে সাহায্য করার সময় অক্সিটোসিন, ডোপামিন ও সেরোটোনিনের মতো রাসায়নিক উপাদান মানুষের মধ্যে ইতিবাচক অনুভূতি ও প্রশান্তি তৈরিতে ভূমিকা রাখতে পারে। সাহায্য করার পর যে আনন্দ অনুভূত হয়, মনোবিজ্ঞানে তা ‘হেলপার্স হাই’ নামে পরিচিত। বিবর্তনবাদের ব্যাখ্যায় পারস্পরিক সহযোগিতা, দলবদ্ধ জীবন এবং দুর্বলকে রক্ষার প্রবণতা মানবজাতির টিকে থাকা ও বিকাশে সহায়তা করেছে। পাশাপাশি শৈশবে পরিবার ও সামাজিক পরিবেশ থেকে পাওয়া শিক্ষা মানুষের মধ্যে সহমর্মিতার মানসিক ভিত্তি গড়ে তোলে।

আধ্যাত্মিক দর্শনেও দয়াকে মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ হিসেবে বিবেচনা করা হয়। সৃষ্টির একাত্মতার ধারণা অনুযায়ী, সব জীব একই স্রষ্টার সৃষ্টি। তাই অন্যের কষ্ট উপলব্ধি করা মানে নিজের অস্তিত্বের সঙ্গে অন্যের সম্পর্ক অনুভব করা। দয়া, ক্ষমা ও সহানুভূতি অহংকার ও স্বার্থপরতা কমিয়ে আত্মশুদ্ধি এবং স্রষ্টার নৈকট্য লাভে সহায়তা করে। কর্মফল ও মহাজাগতিক নীতির ধারণাতেও অন্যের কল্যাণে কাজ করার ইতিবাচক প্রতিদানের কথা বলা হয়েছে।

পৃথিবীর প্রধান ধর্মগুলোতেও দয়া ও মানবসেবার শিক্ষা বিশেষ গুরুত্ব পেয়েছে। ইসলামে রহমত, এতিম-দরিদ্রের সেবা, প্রতিবেশীর অধিকার এবং পশুপাখির প্রতি দয়াকে পুণ্যের কাজ বলা হয়েছে। হিন্দুধর্মে অহিংসা, করুণা ও ‘বাসুধৈব কুটুম্বকম’—সমগ্র পৃথিবী এক পরিবার—ধারণা প্রতিষ্ঠিত। বৌদ্ধধর্মে মৈত্রী ও করুণাকে মানবমুক্তির পথ হিসেবে বিবেচনা করা হয়। খ্রিষ্টধর্মে ভালোবাসা, ক্ষমা এবং ‘গোল্ডেন রুল’ বা অন্যের সঙ্গে নিজের প্রত্যাশিত আচরণ করার শিক্ষা দেওয়া হয়েছে।

দার্শনিকদের চিন্তাতেও মানবিকতার এই ভিত্তি সুস্পষ্ট। ইমানুয়েল কান্ট মানুষের মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আর্থার শোপেনহাওয়ারের মতে, সহানুভূতিই নৈতিকতার মূল ভিত্তি। স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস ও সেনেকা মানুষকে পরস্পরের সহযোগী হিসেবে দেখেছেন। কনফুসিয়াসের ‘রেন’ দর্শনেও মানবিকতা ও পরোপকারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দৈনন্দিন জীবনে দয়ার চর্চা করতে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, তার অবস্থান থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করা, ছোটখাটো সাহায্য করা, প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং ভুল হলে ক্ষমা করার মানসিকতা গড়ে তোলাই যথেষ্ট। প্রতিদিনের একটি ছোট ভালো কাজও অন্যের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।

ইতিহাসে গৌতম বুদ্ধ, যিশুখ্রিষ্ট ও হজরত মুহাম্মদ (সা.) দয়া, ক্ষমা ও করুণার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজসেবায় ফ্লোরেন্স নাইটিঙ্গেল, অ্যালবার্ট সোয়াইটজার, মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, আবদুল সাত্তার ইধি ও ফ্রেড রজার্স মানবকল্যাণে স্মরণীয় হয়ে আছেন। ম্যালালা ইউসুফজাই প্রতিকূলতার মধ্যেও শিক্ষা ও শান্তির পক্ষে কাজ করে মানবিক সাহসের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের পাশাপাশি অসংখ্য চিকিৎসক, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ নীরবে মানবসেবা করে যাচ্ছেন।

বিশ্বব্যাপী গবেষণাও মানুষের পরোপকারী প্রবণতার ইতিবাচক চিত্র তুলে ধরে। ওয়ার্ল্ড গিভিং রিপোর্টের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে অন্যকে সাহায্য করেন এবং প্রায় ৬০ শতাংশ মানুষ অর্থ বা সামর্থ্য দিয়ে সহযোগিতা করেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের (ইউসিএলএ) একটি গবেষণায় বিভিন্ন সংস্কৃতিতে প্রতি দুই মিনিটে মানুষের কাছে ছোটখাটো সাহায্য চাওয়ার ঘটনা এবং প্রায় ৭৯ শতাংশ ক্ষেত্রে তাৎক্ষণিক সহযোগিতার প্রবণতা উঠে এসেছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের আলোচনায়ও দেখা যায়, মানুষ অন্যের পরোপকারিতাকে বাস্তবের তুলনায় কম অনুমান করে। হারানো মানিব্যাগ ফেরত দেওয়ার ক্ষেত্রেও বাস্তবে সহযোগিতার প্রবণতা মানুষের প্রত্যাশার চেয়ে বেশি।

দয়ালু মানুষের স্বীকৃতি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায় সামাজিক সহযোগিতা, সংহতি ও মানসিক সুস্থতার পারস্পরিক সম্পর্ক উঠে এসেছে। মনোবিজ্ঞানে অন্যের মহৎ কাজ দেখে অনুপ্রাণিত হওয়ার অনুভূতিকে ‘মোরাল এলিভেশন’ বলা হয়। ফলে একটি ভালো কাজের স্বীকৃতি অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করে। এভাবেই সৃষ্টি হয় ‘রিপল ইফেক্ট’ বা ইতিবাচক তরঙ্গ। গবেষণায় দেখা গেছে, পরোপকারী ও দয়ালু মানুষের উপস্থিতি সমাজে সামাজিক সংহতি বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে। এর ফলে সামগ্রিক সুখ ও সুস্থতার ওপরও ইতিবাচক প্রভাব পড়ে।

বিশ্ব দয়া দিবস তাই কেবল আনুষ্ঠানিক উদযাপনের দিন নয়; এটি মানবিক মূল্যবোধ জাগ্রত করার অঙ্গীকার ও চর্চার উপলক্ষ। বিজ্ঞান, ধর্ম, দর্শন ও ইতিহাস—সব ক্ষেত্রেই দয়ার গুরুত্ব স্বীকৃত। মানুষের প্রকৃত শ্রেষ্ঠত্ব ক্ষমতা, সম্পদ কিংবা পদমর্যাদায় নয়, বরং অন্যের প্রতি তার আচরণে। তাই আসুন, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার অভ্যাস গড়ে তুলি। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও নিঃস্বার্থ সহযোগিতার মাধ্যমে এমন একটি পৃথিবী গড়ে তুলি, যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এবং ভালোবাসা ও সম্প্রীতিই হবে সমাজের প্রধান শক্তি।