শার্শার পিআইওর বিরুদ্ধে মানববন্ধন, অভিযোগ অস্বীকার করে ‘ষড়যন্ত্রের’ দাবি
শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। তবে এসব অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পিআইও জানিয়েছেন, অনুসারীদের কাজ পাইয়ে দিতে ব্যর্থ হয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় শার্শা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টুর নেতৃত্বে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে আনা অভিযোগ স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জু দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করছেন। এছাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামানের সঙ্গে যোগসাজশে নির্দিষ্ট ব্যক্তিকে টেন্ডার পাইয়ে দেওয়া, ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ উত্তোলন এবং অসম্পূর্ণ কাজ সম্পন্ন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
পিআইও’র পাল্টা অভিযোগ অভিযোগের বিষয়ে জানতে চাইলে পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জু মুঠোফোনে বলেন, “উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন তাঁর অনুসারীদের কাজ পাইয়ে দেওয়ার জন্য আমাকে চাপ দিয়েছিলেন। আমি তাতে রাজি না হওয়ায় তিনি আমাকে ১০ দিনের মধ্যে দেখে নেওয়ার হুমকি দেন। সেই কথোপকথনের অডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।”
তিনি আরও দাবি করেন, নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রকল্প বাস্তবায়িত হয়, তাঁর কাজ শুধু তদারকি করা। একটি পক্ষ তাঁকে হেয় করতেই এসব সাজানো মানববন্ধন করছে।









