শার্শা সীমান্তে বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত, সিএমএইচে স্থানান্তর
Oplus_0
বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে টহল দেওয়ার সময় বজ্রপাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেনÑযশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের শালকোনা ক্যাম্পের সিপাহী শফিউল আলম ও সিপাহী সাজেদুর রহমান।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সীমান্ত এলাকায় আকস্মিক ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় দায়িত্ব পালনকালে বজ্রপাতে ওই দুই সিপাহী আহত হন। সহকর্মীরা তাঁদের দ্রুত উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁদের যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি আহত বিজিবি সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং বিজিবির নিজস্ব অ্যাম্বুলেন্সে করে তাঁদের সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করেন। বিজিবি অধিনায়ক জানান, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সার্বিক তদারকি করা হচ্ছে এবং সীমান্ত এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।









