শিক্ষক-কর্মচারীদের মে মাসের এমপিও ও ঈদ বোনাসের বিল জমার নির্দেশ
নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন (মাউশি) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন এবং পবিত্র ঈদুল আজহার উৎসব ভাতার বিল অনলাইনে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল ১৩ মে’র মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের ইএমআইএস সফটওয়্যারের মাধ্যমে এই বিল সাবমিট করতে হবে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। সোমবার সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১ জানুয়ারি ২০২৫ থেকে এমপিওভুক্তদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হচ্ছে। প্রতিষ্ঠান প্রধানদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের ‘এমপিও-ইএফটি’ মডিউলে লগ-ইন করে বিল জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো শিক্ষক-কর্মচারীর পদত্যাগ, মৃত্যু বা অন্য কোনো কারণে বেতন বন্ধ বা আংশিক কর্তনের প্রয়োজন হলে বিল সাবমিটের সময় তা উল্লেখ করতে হবে। ভুল তথ্যের কারণে বেতন না পেলে বা অতিরিক্ত অর্থ চলে গেলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানকেই বহন করতে হবে।
যদি অসাবধানতাবশত অতিরিক্ত অর্থ চলে আসে, তবে তা নির্দিষ্ট কোডে (১০৯০১০১১০১৪৩৫-১৪৪১২০২) ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের কপি সংরক্ষণ করতে হবে।
অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে শুধুমাত্র আইবাস সিস্টেমে তথ্য যাচাইকৃত ও সঠিক শিক্ষক-কর্মচারীদের তথ্যই বিল সাবমিট অপশনে দেখা যাচ্ছে। যাদের তথ্যে এখনো ভুল রয়েছে, সেগুলো যাচাই সাপেক্ষে পরবর্তীতে বিল সাবমিটের সুযোগ দেওয়া হবে। সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা আশা করছেন, ১৩ তারিখের মধ্যে বিল জমা সম্পন্ন হলে ঈদের আগেই তাঁরা উৎসব ভাতা ও মে মাসের বেতন হাতে পাবেন।












