কলারোয়ায় সহকারী শিক্ষকের বদলির দাবি ২০১ গ্রামবাসীর
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮৮ নম্বর খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মর্জিনা খাতুনকে অন্যত্র বদলির দাবিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য, শিক্ষার্থীদের অভিভাবকসহ ২০১ জন স্থানীয় বাসিন্দা।
গত ১২ অক্টোবর করা ওই আবেদনে শিক্ষকের দায়িত্ব পালন, সহকর্মীদের সঙ্গে পেশাগত সম্পর্ক এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ নিয়ে অসন্তোষের কথা তুলে ধরা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে দ্রুত তদন্ত প্রতিবেদন দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
আবেদনে উল্লেখ করা হয়, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রওশনারা বেগম বদলি হওয়ার পর জ্যেষ্ঠতার ভিত্তিতে সহকারী শিক্ষক নিগার সুলতানা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান। পরে সহকারী শিক্ষক আছমা আক্তার, সাথী খাতুন ও একজন ডেপুটেশন শিক্ষকের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়। এতে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন।
আবেদনকারীদের দাবি, সহকারী শিক্ষক শেখ মর্জিনা খাতুন পুনরায় বিদ্যালয়ে যোগ দেওয়ার পর শিক্ষকদের মধ্যে দায়িত্ব বণ্টন ও প্রশাসনিক বিষয় নিয়ে মতবিরোধ তৈরি হয়। এ নিয়ে সহকর্মীদের মধ্যে একাধিকবার অসন্তোষ দেখা দেয়। তাঁর আচরণ ও দায়িত্ব পালনের কিছু বিষয় নিয়েও প্রশ্ন তোলেন আবেদনকারীরা। এ ছাড়া অনুমতি ছাড়া মুঠোফোনে কথোপকথন রেকর্ড এবং ছবি ও ভিডিও ধারণের অভিযোগও আবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, শেখ মর্জিনা খাতুনের বিরুদ্ধে অন্য একটি বিদ্যালয়ের এক শিক্ষক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। সেটিও তদন্তাধীন রয়েছে। অন্যদিকে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগার সুলতানার বিরুদ্ধেও শেখ মর্জিনা খাতুন লিখিত অভিযোগ করেছেন। ফলে বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আবেদনকারীদের মতে, এ পরিস্থিতির প্রভাব বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও শিক্ষার পরিবেশে পড়ছে। তাই শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখা এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে শেখ মর্জিনা খাতুনকে অন্যত্র বদলির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









