শিশু অধিকার ও জলবায়ু সচেতনতায় দিনব্যাপী নানা আয়োজন
নিজস্ব প্রতিনিধি: ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরায় শিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও জলবায়ু সচেতনতা নিয়ে দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শিশু একাডেমি মিলনায়তনে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) সাতক্ষীরার শিশু নেতৃবৃন্দের উদ্যোগে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে চিত্রাঙ্কন ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানমালা শুরু হয়। এনসিটিএফ সাতক্ষীরার সহসভাপতি রুফাইয়া রহমান মাইশার সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জিএম তানজিম রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিশু সাংবাদিকতার প্ল্যাটফর্ম ‘হ্যালো’র জেলা সমন্বয়ক ও জ্যেষ্ঠ সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সাকিবুর রহমান এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মোসাম্মৎ তাছরিনা খাতুন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
প্রধান অতিথি মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, শিশুদের সচেতনতা ও নেতৃত্ব তৈরি হলে তা ভবিষ্যতে একটি সুন্দর ও শোষণমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান আলোচক শরীফুল্লাহ কায়সার সুমন বলেন, সাংবাদিকতা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের কণ্ঠস্বর সমাজের সব স্তরে পৌঁছে দিতে হবে। অন্যান্য বক্তারাও শিশু সুরক্ষা, সহশিক্ষা কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
শিশু বক্তা নিশাত তাসনিম প্রিয়ন্তী ও মোহাম্মদ তাকিবুল সুলতান তন্ময় শিক্ষা ও জলবায়ু সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরে একটি নিরাপদ ভবিষ্যৎ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিনটি বিভাগে মোট ১৮ জন বিজয়ীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ ছাড়া অংশগ্রহণকারী অন্য শিশুদেরও উৎসাহমূলক উপহার দেওয়া হয়।






