রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামনগরের পাঁচ ইউনিয়নের সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
শ্যামনগরের পাঁচ ইউনিয়নের সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের মানুষ প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন ও লবণাক্ততার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে আছেন। এর ওপর ভাঙাচোরা ও কাঁচা সড়কের দুরবস্থা তাঁদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। উপজেলার অধিকাংশ সড়ক নাজুক হলেও বিশেষ করে কৈখালী, পদ্মপুকুর, গাবুরা, মুন্সীগঞ্জ ও রমজাননগর ইউনিয়নের মানুষের ভোগান্তি চরমে। সামান্য বৃষ্টিতেই সড়কগুলো কাদা ও পানিতে একাকার হয়ে পড়ে। কোথাও কোথাও চলাচলের পথ পরিণত হয় কর্দমাক্ত খালে। উপকূলের বিপুল জনগোষ্ঠীর এই দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কোথায়?

স্থানীয় সূত্রে জানা যায়, দ্বীপ ইউনিয়ন গাবুরার প্রায় ৯৫ শতাংশ সড়ক এখনো কাঁচা। ফলে সামান্য বৃষ্টিতেই এসব সড়কে চলাচল কঠিন হয়ে পড়ে। একই চিত্র পদ্মপুকুর ইউনিয়নেও। সেখানকার প্রধান সড়কসহ চাউলখোলা ও খুটিকাটা এলাকার রাস্তাগুলো দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী ও কালিঞ্চী-নৈকাটি এলাকার সড়কগুলোর অবস্থাও শোচনীয়। কাদায় যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন। এরপরও সমস্যার সমাধান হয়নি।

অন্যদিকে, সুন্দরবনসংলগ্ন মুন্সীগঞ্জ ইউনিয়নের সংযোগ ও অভ্যন্তরীণ সড়কগুলোতেও দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী। দীর্ঘদিন ধরে খোঁড়াখুঁড়ি ও সংস্কারকাজের ধীরগতির কারণে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে কাদা ও জলাবদ্ধতা। সীমান্তবর্তী রমজাননগর ইউনিয়নের অভ্যন্তরীণ কাঁচা ও আধাপাকা সড়কগুলোর অবস্থাও নাজুক। বৃষ্টি হলেই এসব সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে ইউনিয়নগুলোর সঙ্গে উপজেলা সদর ও অন্যান্য এলাকার যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়।

এই দুরবস্থার সবচেয়ে নির্মম শিকার শিক্ষার্থী, গর্ভবতী নারী, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীরা। শিক্ষার্থীদের প্রতিদিন কাদা-পানি মাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। জরুরি চিকিৎসার প্রয়োজনে রোগীদের হাসপাতালে নিতে স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক ক্ষেত্রে কাদায় ভ্যান, ইজিবাইক কিংবা অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না। ফলে সময়মতো চিকিৎসাসেবা পাওয়ার ক্ষেত্রেও বড় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

শুধু জনজীবন নয়, সড়কের দুরবস্থার নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতেও। কৃষক, জেলে ও চিংড়ি চাষিরা উৎপাদিত পণ্য সময়মতো বাজারজাত করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। পরিবহন ব্যয় বাড়ছে, পণ্য পৌঁছাতে সময় বেশি লাগছে এবং অনেক ক্ষেত্রে ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা। অথচ শ্যামনগরের অর্থনীতি অনেকাংশেই কৃষি, মৎস্য ও চিংড়ি চাষের ওপর নির্ভরশীল। তাই সড়ক যোগাযোগের সংকটকে কেবল অবকাঠামোগত সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই; এটি স্থানীয় অর্থনীতি ও মানুষের জীবনমানের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত।

বছরের পর বছর এই দুর্ভোগ চললেও স্থায়ী সমাধান হচ্ছে না কেন? স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে বারবার দাবি জানানো সত্ত্বেও দৃশ্যমান অগ্রগতি না থাকলে মানুষের মধ্যে হতাশা তৈরি হওয়াই স্বাভাবিক। উপকূলীয় এলাকার ভৌগোলিক বাস্তবতা, লবণাক্ততা, জোয়ার-ভাটা ও প্রাকৃতিক দুর্যোগ বিবেচনায় নিয়ে সড়ক নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা করা জরুরি। নামমাত্র সংস্কার কিংবা সাময়িক মেরামত দিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। প্রয়োজন টেকসই, উঁচু ও মানসম্মত সড়ক নির্মাণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ।

জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কৈখালী, পদ্মপুকুর, গাবুরা, মুন্সীগঞ্জ ও রমজাননগরের জনগুরুত্বপূর্ণ সড়কগুলো সরেজমিন পরিদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার ও পাকাকরণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে কোন সড়ক কতটা ঝুঁকিপূর্ণ, কোথায় জরুরি সংস্কার দরকার এবং কোন প্রকল্পের মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব—তার একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রকাশ করা উচিত।

উপকূলের মানুষের দুর্ভোগকে আর দীর্ঘায়িত করা নয়। নিরাপদ ও সচল সড়ক শুধু যোগাযোগের মাধ্যম নয়; শিক্ষা, চিকিৎসা, জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি। শ্যামনগরের পাঁচ ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ এখন সময়ের দাবি।

গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, জেলা যুবনেতা ও সমাজকর্মী।

Ads small one

পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে দুই নারী উপজেলার কাটাখালীর দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান ও এসআই আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় নুরজাহানকে আটক করে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি করা হলে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার হয়। পরে তাঁর সহযোগী আসমাকেও আটক করা হয়।

পুলিশ আরও জানায়, আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বান্দিকাটি এলাকায় তাঁদের ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবির। এ উপলক্ষে তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. আমির হামজা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন ও মো. বাবুল হোসাইন হাওলাদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার শ্রেষ্ঠ ওসি, মাদক উদ্ধারকারী এসআই ও এএসআই, ওয়ারেন্ট তামিলকারী এসআই ও এএসআই এবং সর্বোচ্চ মামলা রুজুকারী সার্জেন্টকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তালায় মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রতের সমাপনী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
তালায় মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রতের সমাপনী

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ব্রিজ মোড়ের মোবারকপুর রাধাকৃষ্ণ মন্দিরে মাসব্যাপী দামোদর ব্রত (কার্তিক ব্রত) উপলক্ষে সমাপনী অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) মন্দির কমিটির সাধারণ সম্পাদক হৃদয় সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের শ্রী অনন্ত প্রভু ও সাতক্ষীরা থেকে আগত শ্রী দ্বিবাকর ভট্টাচার্য।

অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হন তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এস এম নজরুল ইসলাম। তিনি ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন এবং সবার আশীর্বাদ কামনা করেন।

এ সময় মন্দিরের ক্যাশিয়ার তুলশি সাধুসহ জগন্নাথ সাধু, বরুণ সাধু, বাপন সাধু, নারায়ণ সাধু, স্বপন সাধু, অরবিন্দ সাধু, কার্তিক সাধু ও অপূর্ব সাধু উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, মাসব্যাপী ব্রত উপলক্ষে প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মন্দিরে ভাগবত আলোচনা ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। সমাপনী দিনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভাগবত আলোচনা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় হাজারো ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।