শ্যামনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: ‘তরুণদের অংশগ্রহণে জলবায়ু সহনশীল ভবিষ্যৎ বিনির্মাণ’ প্রত্যয় নিয়ে শ্যামনগরের মুন্সীগঞ্জ ত্রিপাণি বিদ্যাপীঠে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। মিঠা পানি সংরক্ষণে খাল ব্যবস্থাপনায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে সিএনআরএস-এর উদ্যোগে ও সিডিও-র সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জিয়াউর রহমান, সিডিও-র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, প্রজেক্ট অফিসার নাজিম উদ্দিন আহম্মদ ও ফিল্ড ম্যানেজার সরওয়ার হোসেন। দিবসটি উপলক্ষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বিশেষ গ্রুপ ওয়ার্ক আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা খাল ব্যবস্থাপনার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানসংক্রান্ত প্রস্তাবনা পোস্টার পেপারে তুলে ধরে। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কর্মকা- ও পরিবেশ সংরক্ষণে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।









