শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

শ্যামনগরে কালভার্ট মেরামতে বিএনপির নেতা-কর্মীদের উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ১১:২০ অপরাহ্ণ
শ্যামনগরে কালভার্ট মেরামতে বিএনপির নেতা-কর্মীদের উদ্যোগ

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী থেকে মুন্সিগঞ্জ সংযোগ সড়কের কালভার্টগুলো দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে ছিল। ভাঙাচোরা এসব কালভার্ট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও রোগীরা। জনভোগান্তি নিরসনে শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসনের অপেক্ষায় না থেকে নিজেরাই মেরামতের দায়িত্ব নিয়েছেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা। সোমবার রাত থেকে স্থানীয় লোকজনকে সাথে নিয়ে কালভার্টগুলো মেরামতের কাজ শুরু করেন তাঁরা। এই উদ্যোগে শ্রম দিয়ে সহযোগিতা করছেন নীলডুমুর ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরাও।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটি উপকূলীয় অঞ্চলের মানুষের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালভার্টের উপরিভাগের পলেস্তারা উঠে রড বেরিয়ে যাওয়ায় ভ্যান ও ইজিবাইক চলাচলে প্রায়ই দুর্ঘটনা ঘটত। সামান্য বৃষ্টিতে সড়কটি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ত।
নীলডুমুর ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে কালভার্টগুলো ঝুঁকিপূর্ণ থাকলেও কেউ সংস্কারের উদ্যোগ নেয়নি। রাতে এই পথে চলাফেরা করা ছিল খুবই বিপজ্জনক। এখন মেরামত হওয়ায় আমাদের জন্য অনেক সুবিধা হবে।”
সংস্কার কাজে অংশ নেওয়া ইউনিয়ন বিএনপির নেতারা জানান, সাধারণ মানুষের দুর্ভোগ দেখে তাঁরা ঘরে বসে থাকতে পারেননি। নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাসেবকদের শ্রমে ভেঙে যাওয়া অংশগুলো ভরাট ও সংস্কার করা হচ্ছে। ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, “এই সড়ক আমাদের জীবিকার পথ। তাই সাধারণ মানুষের স্বার্থে আমরা সবাই মিলে কাজ করছি।”
স্থানীয় বাসিন্দারা বিএনপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তবে তাঁরা মনে করেন, এটি একটি সাময়িক সমাধান। কালভার্ট ও সড়কটির স্থায়ী টেকসই সংস্কার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত নজর দেওয়া প্রয়োজন।

Ads small one

মিয়ানমার করিডোর কী কাজে সুবিধা দেবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ণ
মিয়ানমার করিডোর কী কাজে সুবিধা দেবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ–মিয়ানমার–চীন করিডোর চালু হলে কাঁচামাল ও পণ্য পরিবহনের খরচ অনেক কমে আসতে পারে। এটি চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চীনা অর্থনৈতিক অঞ্চলের জন্যও সহায়ক হবে।

শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়।

ড. খলিলুর রহমান বলেন, ‘আমরা যারা কূটনীতিক, কোনও বৈঠকে গেলে আমাদের প্রতিপক্ষের হয়ে কারা উপস্থিত আছেন, সেটি দেখেই বুঝতে পারি তারা কীসে গুরুত্ব দিচ্ছেন। চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ট্রিলিয়ন ডলারের। তারা একটি বৃহৎ উদ্বৃত্ত অর্থনীতির দেশ, আর আমরা ঘাটতির অর্থনীতি। সেই বৈঠকে চীনের ফাইন্যান্স মিনিস্টার, ফরেইন মিনিস্টার এবং সেন্ট্রাল ব্যাংকের গভর্নর উপস্থিত ছিলেন। এত বড় একটি অর্থনীতি পরিচালনাকারী ব্যক্তিরা সম্মিলিতভাবে আমাদের জন্য প্রায় এক ঘণ্টা সময় দিয়েছেন। সুতরাং এই ভিজিটের সিগনিফিকেন্সএগুলো দেখলে বোঝা যায় যে আগের ভিজিটগুলোর তুলনায় এটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট।’

তিনি বলেন, ‘আমরা এখানে চীনা অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছি। সেখানে শিল্প স্থাপন তখনই কার্যকর হবে, যখন প্রতিযোগিতামূলক সুবিধা থাকবে। সেই সুবিধা নির্ভর করবে উৎপাদন ব্যয় ও লজিস্টিকসের ওপর। যদি চীনের এক প্রান্ত থেকে বাংলাদেশে কাঁচামাল আনতে সাত দিন সময় লাগে, তাহলে সময়জনিত ব্যয়ও বেড়ে যাবে।’

বর্তমানে চীনের সঙ্গে মিয়ানমারের একাধিক বন্দরের যোগাযোগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সেগুলোর সঙ্গে বাংলাদেশের মাল্টিমোডাল যোগাযোগ স্থাপন করা সম্ভব হলে এবং এই পথ ব্যবহার করে চীনা অর্থনৈতিক অঞ্চলে কাঁচামাল ও পণ্য আমদানি-রফতানি করা গেলে পরিবহন সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এতে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে এবং বিনিয়োগ আকর্ষণ সহজ হবে। ইউরোপ, আমেরিকা, এশিয়া, এমনকি মধ্য এশিয়াতেও এ ধরনের অর্থনৈতিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে দ্রুত ও কম খরচে যোগাযোগ নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি করা।’

সরকার এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নিয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি আমরা এখন অনুসন্ধান করছি। অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, কারখানা স্থাপন; এসব বিষয়ে যেমন পরিকল্পনা রয়েছে, তেমনি লজিস্টিকস ব্যবস্থাও সমন্বিতভাবে দেখতে হবে। এটি একটি খুবই আকর্ষণীয় ধারণা এবং উভয় পক্ষ বিষয়টি খতিয়ে দেখবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে পরিবহন ব্যয় ও সময় কতটা কমানো যায় এবং বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা কতটা বাড়ানো যায়।’

গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেই বিপদ পর্তুগালের!

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হতে চলেছে। আজ রাত ও কাল ভোরে নিজেদের গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ইংল্যান্ড ও পর্তুগাল।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ঘানার সমান অবস্থানে থাকা ইংল্যান্ড আজ রাত ৩টায় মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে পানামার। জয় পেলে গ্রুপ এল- এর শীর্ষে ওঠার সম্ভাবনা বাড়বে তাদের। অন্যদিকে, কাল ভোর ৫-৩০ মিনিটে মায়ামিতে গ্রুপ কে-র শীর্ষে থাকা কলম্বিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল। দক্ষিণ আমেরিকার দলটিকে টপকে গ্রুপসেরা হতে হলে জয়ের বিকল্প নেই পর্তুগিজদের। তাছাড়া কলম্বিয়াকে হারিয়ে গ্রুপসেরা হতে না পারলে নকআউট পর্বে কঠিন ড্রয়ের মুখে পড়তে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ফলে তুলনামূলক সহজ পথ ধরে এগোতে শনিবারের ম্যাচে জয়ের বিকল্প নেই পর্তুগিজদের।

গত সপ্তাহে ডালাসে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ইংল্যান্ড। তবে মঙ্গলবার ঘানার বিপক্ষে গোলশূন্য ড্র করে গতি হারায় দলটি।

শনিবার পয়েন্টহীন পানামার বিপক্ষেও কঠিন ম্যাচের প্রত্যাশা করছেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। তার মতে, রক্ষণাত্মক কৌশলেই খেলবে মধ্য আমেরিকার দলটি, ‘ওরা এমন একটি দল, যাদের রক্ষণ ভাঙা খুব কঠিন। প্রতিপক্ষকে খুব কম সুযোগই দেয়।’

শুক্রবারের ম্যাচগুলোর ফলাফলে ইংল্যান্ডের নকআউট পর্ব নিশ্চিত হলেও পানামাকে হারাতে না পারলে শিরোপার দাবিদার হিসেবে দলটির সামর্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে।

একই অবস্থা পর্তুগালেরও। মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি পর্তুগালের জন্যও বড় পরীক্ষা। শিরোপার অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্ট শুরু করলেও প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশ করেছে পর্তুগাল। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। ৪১ বছর বয়সী অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। শনিবার জিততে পারলে শেষ ৩২-এ তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেতে পারে পর্তুগাল। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে তৃতীয়স্থান অর্জনকারী একটি দলের। রানার্সআপ হলে ইংল্যান্ড, ঘানা ও ক্রোয়েশিয়ার গ্রুপ এল-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিপক্ষে খেলতে হবে। এরপর শেষ ষোলোতে স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার ২৭ জুন সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মারা গেছে ৭০৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ৪৫ জনের আর ৭৪৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৯৭ হাজার ৫২২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১১ হাজার ৫৪৯ জনের হাম শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৮১ হাজার ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৮ হাজার ২৮৭ জন।