মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব)-এর উদ্যোগে শ্যামনগরে ভাব প্রকল্পভুক্ত ১৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩ টি মাদ্রাসার প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে শ্যামনগরে জেসি কমপ্লেক্সে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম. এ. আলিম খাঁনের সঞ্চালনায় ও কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়কের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত।

সভায় শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণ, পরিবেশ ক্লাব গঠন, শিক্ষা প্রতিষ্ঠানে বনায়ন কার্যক্রম, শিক্ষার্থীদের আইডি কার্ড তৈরী, অভিভাবক সমাবেশকরা, পঞ্চবার্ষিক পরিকল্পনা করাসহ অন্যান্য বিষয় গ্রুপ ভিত্তিক আলোচনা ও উপস্থাপন করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভেটখালি এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, রমজানগর ইউনিয়ন তোফাজ্জেল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছাত্তার, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো:আব্দুল করিম, ভুরুলিয়া নাগবাটি মাধ্যমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, চালিতাঘাটা মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবু জাফর মো. আব্দুর রহিম, রমজাননগর দাঃ, সু: আদর্শ দাখিল মাদ্রাসা সুপার মো: আবুল কাসেম, ছফিরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জি এম নাসির উদ্দীন, শওকতনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো:ইয়াসিন আরাফাত, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষক রনজিৎ কুমার বর্মন, তপোবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক তাপস কুমার মিস্ত্রী প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার প্রশিক্ষক ও সহকারী ম্যানেজার মাকসুদুর রহমান মিলন, কম্পিউটার প্রশিক্ষক আব্দুল আলিম, টেইলরিং এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষক আসমা উল হুসনা ও উম্মে উনাইজা।

 

 

Ads small one

কানসাসে নামছে আর্জেন্টিনা, শাহবাগে আকাশি-সাদা ঢেউ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
কানসাসে নামছে আর্জেন্টিনা, শাহবাগে আকাশি-সাদা ঢেউ

রাত পোহালেই মাঠে নামছে মেসির আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় কানসাস সিটিতে দক্ষিণ আমেরিকার দেশটির প্রতিপক্ষ আফ্রিকার দেশ আলজেরিয়া।

এদিকে, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে রাজধানীতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। লিওনেল স্কালোনির দলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে রাজধানীর শাহবাগ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এ সময় সমর্থকদের প্রতি সংহতি জানিয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও।

শাহবাগে সরেজমিন দেখা যায়, আর্জেন্টিনার সমর্থকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। আকাশি-সাদা জার্সি ও আর্জেন্টিনার পতাকা হাতে শত শত সমর্থক নেচে-গেয়ে উল্লাসে মেতে ওঠেন। শোভাযাত্রার সামনে সারিবদ্ধভাবে চলছিল মোটরসাইকেল বহর, এর পেছনে ছিল সুসজ্জিত ঘোড়ার গাড়ি। যেগুলোতে উড়ছিল আর্জেন্টিনার পতাকা। ভুভুজেলার তীব্র শব্দ, ব্যান্ড পার্টির সুর এবং ঢোল-তবলার তালে তালে সমর্থকদের উচ্ছ্বাস আরও প্রাণবন্ত হয়ে ওঠে। অনেককে মেসির জার্সি পরে স্লোগান দিতেও দেখা যায়।

কানসাসে নামছে আর্জেন্টিনা, শাহবাগে আকাশি-সাদা ঢেউ

শাহবাগ থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য শোভাযাত্রা পথচারীদেরও দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন বয়সী সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

শোভাযাত্রায় অংশ নিতে চাঁদপুর থেকে ঢাকায় এসেছেন দুই বন্ধু সাউদ হোসেন শান্ত ও মো. ইয়াসিন। তারা বলেন, আয়োজক আমাদের পরিচিত বড় ভাই। তার পরিকল্পনার কথা শুনে স্বউদ্যোগে ঢাকায় এসেছি। আমরা আশা করছি কাল আর্জেন্টিনা ৩-০ গোলে জিতবে। এবারও আর্জেন্টিনা শিরোপা জিতবে বলে আমরা প্রত্যাশা করি।

শাহবাগে বাদাম বিক্রি করতে আসা মো. ইমন মিয়া বলেন, শাহবাগ দিয়ে যাওয়ার সময় আর্জেন্টিনার মিছিল দেখে এখানে দাঁড়িয়ে যাই। কারণ যেখানে আর্জেন্টিনা, সেখানে আমি। তিনি আরও বলেন, এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, মেসির হাতে আবারও ট্রফি উঠবে।

কানসাসে নামছে আর্জেন্টিনা, শাহবাগে আকাশি-সাদা ঢেউ

এই উদ্যোগের অন্যতম সমন্বয়ক শাহরিয়ার হক মজুমদার শিমুল বলেন, বাংলাদেশে ফুটবল মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত। কিছু সময় ভাটা পড়লেও এখন আবার সেই উন্মাদনা ফিরে এসেছে। তিনি বলেন, দেশের সমর্থকদের বড় অংশ আর্জেন্টিনাকে সমর্থন করে, আর সেই ভালোবাসা থেকেই এই র‌্যালির আয়োজন।

কানসাসে নামছে আর্জেন্টিনা, শাহবাগে আকাশি-সাদা ঢেউ

তিনি আরও বলেন, আর্জেন্টিনা বর্তমানে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন। সমর্থকদের প্রত্যাশা দলটি আবারও শিরোপা জিতবে। শোভাযাত্রাটি রবীন্দ্র সরোবর পর্যন্ত গিয়ে আতশবাজির মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

বুধবার সকালে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ, দেখবেন কোথায়?

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
বুধবার সকালে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ, দেখবেন কোথায়?

কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা বিশ্বকাপে তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে বুধবার সকাল ৭টায়। ম্যাচটি দেখাবে টি স্পোর্টস, বিটিভি ও সময় টিভি। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম টফি, বায়োস্কোপেও খেলা দেখা যাবে।

মেসির জন্য এটি হতে যাচ্ছে ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এবার দেখে নেওয়া যাক দুই দল নিয়ে অজানা কিছু তথ্য:

*লিওনেল মেসি বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ফিফা বিশ্বকাপে খেলার রেকর্ড গড়তে যাচ্ছেন। ৩৮ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলেছেন, যা যেকোনও ফুটবলারের মধ্যে সর্বোচ্চ।

*মেসি আন্তর্জাতিক ফুটবলে ২০০তম ম্যাচ খেলতেও যাচ্ছেন। পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি।

* এবারই প্রথম বিশ্বকাপে আর্জেন্টিনা-আলজেরিয়া মুখোমুখি হতে যাচ্ছে। দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ২০০৭ সালের জুনে একটি প্রীতি ম্যাচে। বার্সেলোনার ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত সেই ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম জোড়া গোল করেন মেসি, আর ৪-৩ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

*নিজেদের শেষ ১৪টি বিশ্বকাপে ১৩ বারই প্রথম রাউন্ড পেরিয়েছে আর্জেন্টিনা। একমাত্র ব্যতিক্রম ছিল ২০০২ সালের আসর।

*আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে বিশ্বকাপে সর্বশেষ ছয়টি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা; যার পাঁচটিই ছিল নাইজেরিয়ার বিপক্ষে। ১৯৯০ সালে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারের পর আর কোনও আফ্রিকান দলের কাছে তারা বিশ্বকাপে হারেনি। সেই ম্যাচটিই ছিল সর্বশেষ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, যেখানে গোল করতে ব্যর্থ হয়েছিল আর্জেন্টিনা।

*বিশ্বকাপে আলজেরিয়ার সাম্প্রতিক রেকর্ড খুব একটা ভালো নয়। শেষ ১০ বিশ্বকাপে মাত্র একবার জিতেছে তারা।

পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে ‘নরকের’ হুঁশিয়ারি ট্রাম্পের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানকে ‘নরকের’ হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান যদি কখনও পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করে, তবে দেশটির ওপর ‘নরক নেমে আসবে’ বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফ্রান্সের জি-৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে হতে যাওয়া চুক্তিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ রয়েছে যে তেহরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আমার কাছে একমাত্র যে বিষয়টি সত্যিই গুরুত্বপূর্ণ তা হলো, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না এবং চুক্তিতে এই বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে ও জোর দিয়ে বলা হয়েছে।

তিনি আরও বলেন, যদি ইসলামিক রিপাবলিকটি কোনোভাবে পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা পোষণ করে, তবে তাদের ওপর ‘সব নরক নেমে আসবে’।

তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের অবস্থান বরাবরের মতোই ভিন্ন। দেশটির কর্মকর্তারা কয়েক বছর ধরে বারবার বলে আসছেন, পারমাণবিক অস্ত্র তৈরির কোনও পরিকল্পনা ইরানের নেই। তাদের দাবি, ইরানের সব পারমাণবিক কার্যক্রম কেবল শান্তিপূর্ণ জ্বালানি উৎপাদনের লক্ষ্যেই পরিচালিত হচ্ছে।

সূত্র: আল জাজিরা