মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

পাইকগাছার হাড়িয়া পাখির কলকাকলিতে মুখর

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
পাইকগাছার হাড়িয়া পাখির কলকাকলিতে মুখর

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার হাড়িয়া গ্রাম এখন নানা প্রজাতির পাখির কিচিরমিচির ধ্বনিতে মুখর। গাছে গাছে পাখির বিচরণ ও কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। প্রকৃতির এমন মনোমুগ্ধকর দৃশ্য স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দর্শনার্থীদেরও আকৃষ্ট করছে।

উপজেলার লতা ইউনিয়নটি জলাভূমি শ্রেণীর জমি বেশী। ইউনিয়নের হাড়িয়া গ্রামে জলাভূমি, খাল ও বিলে ভরা। তাছাড়া পাশ দিয়ে বয়ে গেছে নদী। জলাভূমির লবনাক্ত মাটি ও পানিতে সুন্দরবনের বাইন, কেওড়াসহ বিভিন্ন প্রজাতির জন্মে। এসব গাছে বিভিন্ন প্রজাতির পাখি আশ্রায় নিয়েছে, বাসা তৈরি করেছে।

পাখিদের কলতান আর খুনসুটি দেখলে যে কোনো প্রকৃতিপ্রেমী মন আনন্দে নেচে উঠবে। জলাশয়ের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ডানা মেলে পাখিদের উড়ে বেড়ানো আর খাবার সংগ্রহের দৃশ্য যেন মুগ্ধ করে দেয় দর্শনার্থীদের। দূর থেকে ভেসে আসে পাখিদের কিচির-মিচির শব্দ।

হাড়িয়া গ্রামের নারান রায়ের বাড়ির আঙিনায় থাকা সুন্দরবনের বাইন গাছে পানকৌড়ি, বক, হাঁসসহ বিভিন্ন প্রজাতির পাখি আশ্রয় নিয়েছে। এছাড়া পাশের রশিদ মিয়ার বাড়ির তেঁতুল, নারকেল গাছসহ বিভিন্ন গাছেও পাখিদের নিরাপদ অবস্থান লক্ষ্য করা যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখিদের অবাধ বিচরণে এলাকাটি যেন এক প্রাকৃতিক অভয়ারণ্যে পরিণত হয়েছে।

স্থানীয়রা জানান, প্রতিদিন ভোর হলে পাখিগুলো খাদ্যের সন্ধানে আশপাশের নদী, খাল ও জলাশয়ের দিকে উড়ে যায়। দিনশেষে আবার দলবদ্ধভাবে নিজেদের নিরাপদ আবাসস্থলে ফিরে আসে। পাখিদের এই নিয়মিত আনাগোনা এলাকাবাসীর কাছে এক পরিচিত ও আনন্দদায়ক দৃশ্যে পরিণত হয়েছে।

তারা আরও জানান, এলাকায় পাখি শিকার, হত্যা কিংবা ধরার বিরুদ্ধে সামাজিকভাবে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। ফলে পাখিগুলো এখানে নির্বিঘেœ বসবাস করতে পারছে এবং নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছে।

বর্তমানে গ্রীষ্মকাল হওয়ায় উপজেলার অন্যান্য এলাকায় পাখির উপস্থিতি তুলনামূলকভাবে কম দেখা গেলেও হাড়িয়া গ্রামে এখনও উল্লেখযোগ্য সংখ্যক পাখির বিচরণ রয়েছে। ফলে প্রতিদিনই পাখিদের কলতানে মুখর থাকে পুরো গ্রাম।

শীত মৌসুমে এ এলাকায় পরিযয়ী পাখির সংখ্যা বৃদ্ধি পায়। তখন সরালি হাঁস, চখাচখি, বালিহাঁস, সুচিপুচ্ছ হাঁস, গাঙচিল, জলপিপি ও কাদাখোঁচাসহ বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি অতিথি পাখির আগমন ঘটে। শীতকালে পুরো এলাকা যেন পাখিদের নিরাপদ আবাসস্থল ও বিচরণভূমিতে পরিণত হয়।

প্রকৃতিপ্রেমীদের মতে, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তাদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর সংরক্ষণ উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

এ বিষয়ে স্থানীয় পরিবেশবাদী সংগঠন বনবিবি’র সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান বলেন, পাখি সংরক্ষণে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় গাছে গাছে পাখির বাসা স্থাপন করা হয়েছে। আমরা চাই, মানুষের পাশাপাশি পাখিরাও এ অঞ্চলে নিরাপদ আবাসস্থল পেয়ে স্বাভাবিকভাবে বেঁচে থাকুক।

তিনি আরও বলেন, পাখি শিকার আইনত দন্ডণীয় অপরাধ। পাখি ও প্রকৃতি রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধিই হতে পারে জীববৈচিত্র্য সংরক্ষণের সবচেয়ে কার্যকর উপায়।

Ads small one

মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার বুধবার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৫৯ অপরাহ্ণ
মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা শীর্ষক সেমিনার বুধবার

বদিউজ্জামান: পারিবারিক ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি এবং মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা বিষয়ক এক সেমিনার আগামী বুধবার (১৭ জুন) বিকেল ৩টায় জেলা লিগ্যাল এইড কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। জেলা লিগ্যাল এইড অফিস, সাতক্ষীরার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

জেলা লিগ্যাল এইড অফিস সূত্রে জানা যায়, আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং বিভিন্ন আর্থ-সামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীর আইনগত অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর (লিগ্যাল এইড) দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আইনজীবী ও এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে ‘পারিবারিক ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি ও মামলাজট নিরসনে লিগ্যাল এইডের ভূমিকা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করবেন চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. মুস্তাফিজুর রহমান। এতে জেলার আইনজীবী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিভিল জজ) লিটন দাশ স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ সেমিনারের মাধ্যমে পারিবারিক ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির কার্যকারিতা বৃদ্ধি, মামলাজট হ্রাস এবং সাধারণ মানুষের জন্য সহজ ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণে নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।

 

তালার বালিয়াদহে জমজমাট ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
তালার বালিয়াদহে জমজমাট ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকালে মাগুরা ইউনিয়নের বালিয়াদহ কানাইকুড়ি বিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বালিয়াদহ, চাঁদকাটি, রঘুনাথপুর ও বাগমারা সম্মিলিত কমিটির উদ্যোগে এবং বালিয়াদহ গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

শাহনেওয়াজ বিশ্বাসের সভাপতিত্বে এবং মাস্টার ওলিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম ও মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমিনুল ইসলাম প্রমুখ।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এসকে ফারুক হোসেন, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিনা খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা হাজারো উৎসুক জনতা বিলের চারধারে ভিড় জমান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

ফকিরহাটে কৃষক দল নেতা খুনের মামলায় গ্রেপ্তার-২

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
ফকিরহাটে কৃষক দল নেতা খুনের মামলায় গ্রেপ্তার-২

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে জেলার সদর বারইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়ল (৪০) হত্যা মামলার এজাহারভুক্ত দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, বাগেরহাট সদর আড়পাড়া গ্রামের ওসমান মোল্লার ছেলে হাসান মোল্লা (৩৫) এবং বাগেরহাট সদর সাহেবাহার এলাকার মোস্তাক শেখের ছেলে মো: মশিউর রহমান (৩০)।

পুলিশ জানায়, গত সোমবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহযোগিতায় হাসান মোল্লাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া .শেখ মশিউর রহমানকে যশোর জেলার অভয়নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৯জুন রাত ৯টার দিকে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিসুর রহমান বাদল মোড়লকে দুর্বৃত্তরা ছুরিাকাঘাত করে হত্যা করে। এসময় তার সাথে থাকা অত্র ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল দুর্বৃত্তদের ছুরিাকাঘাতে মারাত্বক আহত হন।

এ ঘটনায় গত ১১জুন নিহতের ভাই হাফিজুর রহমান বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, আনিসুর রহমান বাদল হত্যা মামলার এজাহারভুক্ত ৬নং আসামী হাসান মোল্লা এবং ১২নং আসামী মো: মশিউর রহমানকে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মঙ্গলবার (১৬ জুন) সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।