সংস্কার হচ্ছে শাঁখরা কোমরপুরের সেই বেইলি ব্রিজ
সীমান্ত প্রতিনিধি: সাতক্ষীরার শাঁখরা কোমরপুর বেইলি ব্রিজের জরাজীর্ণ স্টিল শিট সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা এই ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ এই সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি বিশেষ বরাদ্দের ৬ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে ব্রিজের নষ্ট হয়ে যাওয়া শিটগুলো পরিবর্তন ও মেরামত করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম, ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ভোমরা ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রহমান ও সাধারণ সম্পাদক শাহানুর রহমান।
এছাড়া দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটি দীর্ঘ সময় ধরে সংস্কার না করায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছিল। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটত। দ্রুত কাজ শেষ হলে সীমান্ত এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।












